প্রশিকার প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ
পুলিশ আজ বুধবার সকাল আটটার দিকে রাজধানীর মিরপুরে প্রশিকার প্রধান কার্যালয় থেকে কাজী ফারুকের সমর্থক ও অন্য কর্মীদের বের করে দিয়ে ভবন খালি করে তালা ঝুলিয়ে দিয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) লুত্ফুল কবীর প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আদালত যে পক্ষকে বৈধ বলে রায় দেবেন, পুলিশ তাদের হাতেই প্রশিকা ভবনের নিয়ন্ত্রণ তুলে দেবে। সে পর্যন্ত প্রশিকা ভবন পুলিশের হেফাজতে থাকবে।এদিকে আজও সকাল থেকে প্রশিকার কর্মীরা অফিস করার জন্য প্রশিকা ভবনের সামনে অবস্থান নেন। তবে পুলিশ তাঁদের ঢুকতে দেয়নি।এর আগে গত সোমবার রাতে সংস্থাটির সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের লোকজন প্রশিকা ভবন দখল করার পর গতকাল মঙ্গলবার এসব কর্মীকে অফিসে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ গতকাল সারা দিন প্রশিকা ভবনের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার মধ্যরাতে কাজী ফারুকের লোকজন নিয়ন্ত্রণ নেওয়ার সময় প্রশিকার সাত কর্মী ভবনের ভেতরে আটকে পড়েন। রাতেই ভবনটির চারপাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় এবং ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। পুলিশ সদস্যরা ভোর রাত চারটার দিকে প্রশিকার প্রধান ফটকের পশ্চিম ও পূর্ব পাশে কাঁটাতারের ব্যারিকেড বসায়। গতকাল সকালে প্রশিকার কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে ঢুকতে গেলে পুলিশ তাঁদের ঢোকার অনুমতি দেয়নি। চার শতাধিক নারী-পুরুষ কর্মী কাঁটাতারের ব্যারিকেডের বাইরে অবস্থান নেন। তাঁরা কর্মস্থলে ঢোকার দাবিতে এবং কাজী ফারুকের বিরুদ্ধে বিক্ষোভ করেন। দুপুর দুইটার পর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রশিকা ভবনে আটকে পড়া সাত কর্মীকে বের করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। দুপুরে ভবনের পূর্বপাশে ৫০ জন নারী-পুরুষ কাজী ফারুকের পক্ষে মিছিল করেন। প্রশিকার একটি সমিতির প্রদর্শক নিজামুদ্দিন দাবি করেন, কাজী ফারুক দায়িত্বে থাকার সময় তাঁরা ঋণ পাওয়ার পাশাপাশি প্রশিকায় সঞ্চিত অর্থ ফেরত পেয়েছেন। বর্তমান নিয়ন্ত্রণকারীরা সব সদস্যদের অর্থ আত্মসাত্ করেছেন।