প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুকের লিভ টু আপিল খারিজ
প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুকের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) আজ রোববার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের বিচারপতি শাহ্ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।জানা যায়, প্রশিকার চেয়ারম্যান পদ থেকে কাজী ফারুককে অপসারণ করা হয় এবং এম এ ওয়াদুদকে প্রশিকার চেয়ারম্যান ও মাহবুবুল করিমকে প্রধান নির্বাহী মনোনীত করে পরিচালনা পর্ষদ। পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা চেয়ে কাজী ফারুক নিম্ন আদালতে মামলা করেন। নিম্ন আদালত তা খারিজ করে দেন। এ আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে (সিভিল ডিভিশন) মামলা করেন।গত বছরের ১১ আগস্ট হাইকোর্ট মামলাটি নিষ্পত্তি করে দেন। পাশাপাশি ‘সাবেক চেয়ারম্যান’ হিসেবে কাজী ফারুক প্রশিকা কার্যালয়ে যেতে পারবেন বলে অভিমত দেন আদালত।হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে কাজী ফারুক লিভ টু আপিল দায়ের করেন। আজ আপিল বিভাগ তা খারিজ করে দেন।আদালতে কাজী ফারুকের পক্ষে রোকনউদ্দিন মাহমুদ এবং এম এ ওয়াদুদের পক্ষে আবদুল বাসেত মজুমদার, আনিসুল হক ও মনিরুজ্জামান আসাদ মামলাটি পরিচালনা করেন।