রাজধানীর মিরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়ের সামনে দিনভর বিক্ষোভ করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। গত সোমবার রাতে সংস্থাটির সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের লোকজন প্রশিকা ভবন দখল করার পর গতকাল মঙ্গলবার এসব কর্মীকে অফিসে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ সারা দিন প্রশিকা ভবনের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার মধ্যরাতে কাজী ফারুকের লোকজন নিয়ন্ত্রণ নেওয়ার সময় প্রশিকার সাত কর্মী ভবনের ভেতরে আটকে পড়েন। রাতেই ভবনটির চারপাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় এবং ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। পুলিশ সদস্যরা ভোর রাত চারটার দিকে প্রশিকার প্রধান ফটকের পশ্চিম ও পূর্ব পাশে কাঁটাতারের ব্যারিকেড বসায়। গতকাল সকালে প্রশিকার কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে ঢুকতে গেলে পুলিশ তাঁদের ঢোকার অনুমতি দেয়নি। চার শতাধিক নারী-পুরুষ কর্মী কাঁটাতারের ব্যারিকেডের বাইরে অবস্থান নেন। তাঁরা কর্মস্থলে ঢোকার দাবিতে এবং কাজী ফারুকের বিরুদ্ধে বিক্ষোভ করেন। দুপুর পৌনে ১২টার দিকে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের সাংসদ শাহিদা তারেক ওরফে দীপ্তি প্রশিকা ভবনে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁকে ঢুকতে দেয়নি। তিনি সাংবাদিকদের বলেন, তিনি ভবনের ভেতরে থাকা দুই পক্ষের লোকজনের অবস্থা দেখতে এসেছেন। শাহিদা তারেক ভবনের পূর্ব পাশে অবস্থান নেওয়া কাজী ফারুকের সমর্থকদের উদ্দেশে বলেন, কাজী ফারুক হাইকোর্টের রায় নিয়ে আজ হোক, কাল হোক প্রশিকা ভবনে ঢুকবেন। সেখান থেকে ভবনের পশ্চিম পাশে এলে প্রশিকার বিক্ষোভরত কর্মীরা শাহিদা তারেককে ঘটনার বিস্তারিত জানান। তিনি তাঁদের উদ্দেশে বলেন, সমস্যা যেখানে, সমাধানও সেখানে। দুপুর দুইটার পর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রশিকা ভবনে আটকে পড়া সাত কর্মীকে বের করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। ওসি ইকবাল হোসেন বলেন, উদ্ধার করা কর্মীদের তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। দুপুরে ভবনের পূর্বপাশে ৫০ জন নারী-পুরুষ কাজী ফারুকের পক্ষে মিছিল করেন। প্রশিকার একটি সমিতির প্রদর্শক নিজামুদ্দিন দাবি করেন, কাজী ফারুক দায়িত্বে থাকার সময় তাঁরা ঋণ পাওয়ার পাশাপাশি প্রশিকায় সঞ্চিত অর্থ ফেরত পেয়েছেন। বর্তমান নিয়ন্ত্রণকারীরা সব সদস্যদের অর্থ আত্মসাত্ করেছেন। প্রশিকার কর্মী রানী বেগম অভিযোগ করেন, গতকাল সকালে প্রশিকায় যাওয়ার পথে কাজী ফারুকের সমর্থকেরা তাঁদের ওপর হামলা করে। প্রশিকার অন্যতম উপপরিচালক আবুল কাশেম বলেন, ‘পুলিশ আমাদের বাধা দিলেও কাজী ফারুকের সন্ত্রাসীদের ভেতরে ঢুকতে বাধা দেয়নি। প্রশিকার অন্যতম সমন্বয়কারী কাজী রবিউল আলম ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ২০/২৫ জন সন্ত্রাসী লাঠিসোটা, হকিস্টিক ও লোহার রড নিয়ে প্রশিকার প্রধান ফটকের কাছে ওত পেতে থাকে। ওই সময় প্রশিকার একটি গাড়ি প্রধান ফটক দিয়ে ঢোকার সময় সন্ত্রাসীরা প্রশিকার কর্মীদের ওপর হামলা করে। তারা প্রশিকার ছয়-সাত কর্মীর হাত থেকে মুঠোফোন কেড়ে নেয় এবং তাদের মারধর করে বের করে দেয়। তারা ভবনে ঢুকে পড়ে সিটিকিনি লাগিয়ে দেয়। আশপাশে থাকা প্রশিকার অর্ধ শতাধিক কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর পল্লবী থানায় খবর দিলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পুলিশ ভবনটির চারদিকে অবস্থান নেয়। কিন্তু পুলিশের সঙ্গে ভবনটির সামনের গাড়ি পার্কিংয়ের স্থানে কিছু কর্মী ঢোকে। পরে পুলিশ কয়েকজন কর্মীকে বের করে দিলেও আট-দশজন ভেতরে থেকে যান। এরপর পুলিশ উপস্থিত কর্মীদের কাছ থেকে চাবি নিয়ে প্রশিকার প্রধান ফটকসহ প্রশিকার ঢোকার দরজায় তালা লাগিয়ে সামনে অবস্থান নেয়। রবিউল আলম অভিযোগ করেন, তাঁরা কর্তৃপক্ষের কাছে আনসার চেয়ে আবেদন করেও পায়নি। প্রশিকায় কাজী ফারুক যাতে ঢুকতে না পারেন, সেজন্য কর্মীরা দীর্ঘদিন রাত জেগে প্রশিকা ভবনের ভেতরে পাহারা দিচ্ছিলেন। তবে সংস্থার কর্মসময় চলাকালে পুলিশ মোতায়েন থাকত। গত বছরের ১ আগস্ট কাজী ফারুক প্রশিকা ভবন দখলে নেওয়ার জন্য হামলা করলে প্রশিকার ৫৯ কর্মী রক্তাক্ত জখম হয়। সে সময় সংস্থার ২৩টি গাড়িও ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর জানমাল ও ভবন রক্ষায় কর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছিলেন। গতকাল সকালে ঘটনাস্থলে উপস্থিত মিরপুর বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইলিয়াছ শরীফ সাংবাদিকদের বলেন, অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কায় প্রশিকার কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আর ভেতরে কাজী ফারুকের সমর্থকেরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। ওপরের নির্দেশের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রাত আটটায় যোগাযোগ করা হলে ঘটনাস্থলে উপস্থিত পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বলেন, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। নতুন করে কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হবে না।গতকাল রাতে প্রশিকার অবস্থা নিয়ে কথা বলতে তাঁর বাসার টেলিফোনে যোগাযোগ করা হলে কাজী ফারুকের স্ত্রী বলেন, ‘উনি ব্যস্ত আছেন। এ বিষয়ে কথা বলবেন না।’সংবাদ সম্মেলন: কাজী ফারুকের কবল থেকে প্রশিকা ভবনকে মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা অভিযোগ করেছেন, গত সোমবার মধ্যরাতে কাজী ফারুকের সন্ত্রাসীরা সংস্থার ভবনটি দখলে নেয়। তাঁরা এ ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশিকার কর্মীরা অভিযোগ করেন, সংস্থাটির সাবেক চেয়ারম্যান আদালতের রায় অমান্য করেছেন। তাঁরা অবৈধভাবে প্রশিকা দখলের জন্য কাজী ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে প্রশিকার প্রধান নির্বাহী মাহবুব-উল-করিম বলেন, রাতে ভবনে কর্মরত ৩৫ জন কর্মীকে কাজী ফারুকের সন্ত্রাসীরা আটকে রাখে। এসব কর্মীকে শারীরিক নির্যাতন করা হয়। কর্মকর্তারা দাবি করেন, পুলিশ ১২ কর্মীকে উদ্ধার করলেও বাকিদের এখনো ভেতরে আটকে রাখা হয়েছে। উদ্ধার পাওয়া ১২ জনকে পুলিশ কোথায় নিয়ে গেছে তা তাঁরা জানেন না। ওই রাতেই পুলিশকে ভবনে অভিযান চালানোর অনুরোধ করা হয়েছিল। জবাবে পুলিশ জানায়, রাতে অভিযান চালানো সম্ভব নয়। প্রধান নির্বাহী বলেন, ‘কাজী ফারুকের এ অবৈধ কার্যকলাপ আমরা টেলিফোনে কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, সাংসদকে জানিয়েছি। অথচ এখন পর্যন্ত কোনো ফল পাইনি। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে পেশিশক্তির মাধ্যমে কাজী ফারুক প্রশিকা দখলে নিতে চাইছেন। প্রতিষ্ঠান রক্ষার জন্য আমরা আগেই আনসার চেয়েছিলাম। অথচ কর্তৃপক্ষ আমাদের আবেদন গ্রাহ্য করেনি।’ মাহবুব-উল-করিম আরও বলেন, তাঁরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাসী। আইনি লড়াই চালাবেন। আর সরকারের সহযোগিতা কামনা করবেন। তিনি বলেন, প্রশিকাকে কাজী ফারুক তাঁর ব্যক্তিগত রাজনৈতিক অভিলাস চরিতার্থ করার জন্য ব্যবহার করেছেন। গত সংসদ নির্বাচনে তিনি প্রশিকার ৯০ শতাংশ জনবলকে কাজে লাগিয়েছেন। তারপর নির্বাচনে ভরাডুবির দায় চাপিয়েছেন ওই কর্মীদের ওপর। এ জন্য অনেক কর্মীকে শাস্তিও দেওয়া হয়েছে। কর্মীদের বেতনের ২৫ শতাংশ কাটা হয়েছে, উত্সব ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রশিকার পরিচালনা পর্ষদের সহসভাপতি আবদুল মতিন, পরিচালক সিরাজুল ইসলাম ও মোহাম্মদ আবদুর রব।