প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় তেজগাঁও বিভাগের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শহীদুল ইসলামকে রাঙামাটির বেতবুনিয়াতে বদলি করার পর সেই আদেশ আবার স্থগিত করা হয়েছে।আজ রোববার বেলা ১১টার দিকে শহীদুল ইসলামকে রাঙামাটির পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে বদলি করা হয়। সাংবাদিকেরা পুলিশ সদর দপ্তরে গিয়ে এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এরপর রাতে আবার তাঁর এই বদলির আদেশ স্থগিত করে তাঁকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করে চট্টগ্রামের পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।গতকাল শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁও ঢাকা মহিলা পলিটেকনিকের ছাত্রীদের বিক্ষোভের ছবি তুলতে গিয়ে পুলিশের নির্মমতার শিকার হন প্রথম আলোর তিনজন আলোকচিত্র সাংবাদিক। তাঁরা হলেন খালেদ সরকার, জাহিদুল করিম ও সাজিদ হোসেন। বর্তমানে তাঁরা ট্রমা সেন্টারে চিকিত্সাধীন।এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পুলিশের নয় সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে। আর ঘটনার মূল হোতা এসি শহীদুলকে গতকাল পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এরপর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই শীর্ষ এক পুলিশ কর্মকর্তার তদবিরে তাকে দ্রততর সময়ে নতুন কর্মস্থল রাঙ্গামাটিতে বদলি করা হয়েছিল।