প্রশিক্ষণ নিন রূপবিশেষজ্ঞ হোন
‘যে রাঁধে সে নাকি চুলও বাঁধে।’ প্রচলিত এই প্রবাদকে কাজে প্রমাণ করছেন এই সময়ের নারীরা। তাঁরা এখন আর নেহাত ঘরে বসে থাকতে নারাজ, কিছু না কিছু করতে চান। তাঁদের জন্য তেমনি একটি কাজ হলো বিউটিশিয়ান বা রূপবিশেষজ্ঞ হওয়া, বিউটি পার্লারের ব্যবসায় নামা বা রূপচর্চার প্রতিষ্ঠান খোলা কিংবা কোনো বিউটি পার্লারে কাজ করা। আজকাল তো অনেকে ঘরে বসেও এই কাজ করেন অর্থাৎ অন্য নারীদের সাজিয়ে বাড়তি আয়-রোজগার করছেন।এই পেশার জন্য প্রয়োজন প্রশিক্ষণের। মিরপুরের পারসোনা ইনস্টিটিউট অব বিউটি অ্যান্ড লাইফ স্টাইলে রূপচর্চার ওপর কোর্স করতে আসা সৈয়দা মারজিয়া বলেন, ‘প্রথমে নিজের সচেতনতাই বড় ব্যাপার। তাই নিজের ত্বকের যত্নেই বেসিক বা মৌলিক কোর্সটা করছি। যেহেতু অন্য কিছু করছি না সেহেতু একদিন রূপবিশেষজ্ঞ হিসেবে কাজ করার ইচ্ছে আছে।’একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মুনতারিমা জামান রূপচর্চার বেসিক কোর্স করতে এসেছেন বগুড়া থেকে। তিনি বলেন, ‘আগে থেকেই আগ্রহ ছিল এই দিকে। নিজেকে গুছিয়ে রাখব এবং অন্যকে সাজাব। এখানে কোর্স শেষে ইচ্ছে আছে বগুড়া গিয়েই পারলারের ব্যবসা শুরু করব।’ পারভিন খান নামের আরেক প্রশিক্ষণার্থী জানান, তিনি একদিকে শিখছেন এবং অন্যদিকে ঘরেই পারলারের কাজ করছেন। তিনি বলেন, ‘বহু দিন দেশের বাইরে থেকে বুঝেছি স্যালুন ব্যবসা খুবই ভালো। দেশে ফিরেও দেখলাম একই অবস্থা। তাই রূপচর্চার কোর্সে ভর্তি হই। দেশের বাইরে অভিবাসী হলেও এই পেশাতেই ক্যারিয়ার গড়ার ইচ্ছে আছে।’হারমনি স্পার কর্ণধার বিউটিশিয়ান রাহিমা সুলতানা বলেন, রূপচর্চার কোর্সে মূলত একজন মানুষকে সম্পূর্ণরূপে সুন্দর করে তোলার বিষয় শেখানো হয়। এটা একটা সৃজনশীল কাজ। এটা মূলত মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সাজিয়ে তোলার একটা প্রক্রিয়া। আর এই সেবাটা দিয়ে থাকেন রূপবিশেষজ্ঞরা। পেশা হিসেবে যেমনপারসোনা ইনস্টিটিউট অব বিউটি অ্যান্ড লাইফ স্টাইলের অধ্যক্ষ ও রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান বলেন, ‘ক্যারিয়ার বা পেশা হিসেবে রূপবিশেষজ্ঞ খুবই ভালো। এটা একটা লাভজনক ও স্বাধীন ব্যবসা।’ কাজের জন্য যেকোনো পরিবেশই ভালো। তার পরও কেউ যদি ঘরে বসেই কাজ করতে চান, তাঁদের জন্য পারলারের ব্যবসা হতে পারে ভালো পেশা। বিউটি ট্রেনিং ইনস্টিটিউট আপন ঘরের ব্যবস্থাপনা পরিচালক মুনিরা সুলতানা বলেন, নারীদের জন্য এই পেশার জুড়ি নেই। যাঁরা পরিবারকে সময় দিয়ে ঘরে বসেই কিছু আয় করতে চান, তাঁরা অল্প পুঁজি দিয়ে ঘরে বসেই শুরু করতে পারেন এই ব্যবসা। আর শুরুটা ঘর থেকে করে অনেকেই তা বড় পরিসরেও নিয়ে যেতে পারেন। তিনি আরও বলেন, দেশের বাইরে স্যালুনের ব্যবসা অনেক ভালো। অনেকেই এখান থেকে কোর্স করে দেশের বাইরে গিয়েও কাজ করছেন।হারমনি স্পার শিক্ষক নূরুন নাহার বলেন, ‘সংসারকে পর্যাপ্ত সময় দিয়ে নিজে কিছু করতে চাইতাম। রূপচর্চা বিষয়ে শিক্ষকতা করছি। প্রতিবেশী ও পরিচিতজনেরাই মূলত আসছেন। এতে নিজের কিছু আয়ও হচ্ছে, তাতে মন্দ কি।’ তবে এই পেশায় আসা কিংবা শেখানোর আগে বিষয়টি শিখে নেওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।জেলা শহরেও সুযোগঅনেকেই মনে করেন, এই পেশা কেবল নগরকেন্দ্রিক। কিন্তু আসলে তা নয়। বর্তমানে বিউটি পারলার বা রূপচর্চার ব্যবসা রাজধানীসহ বিভাগীয় শহরগুলো ছাড়িয়ে জেলা ও উপজেলা পর্যায়েও ছড়িয়ে পড়েছে এবং দিন দিন বিকশিত হচ্ছে। বগুড়ার সুকন্যা বিউটি পারলারের কর্ণধার রূপবিশেষজ্ঞ ইসরাত জাহান বলেন, ২০০০ সালে যখন এই ব্যবসা শুরু করি, তখন বগুড়ায় পারলারের সংখ্যা ছিল হাতেগোনা। এখন এর সংখ্যা প্রায় ১০০ ছাড়িয়েছে। আমার নিজেরই সুকন্যা নামের দুটি পারলার আছে। চাহিদা অনেক বেড়েছে। কারণ নারীদের দৈনন্দিন কাজের একটা অংশ নিজেদের রূপের চর্চাটা করা। তিনি আরও বলেন, ‘কেবল সেবাই দিচ্ছি না, রূপচর্চা প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করেছি।’শেখার ধরন ও খরচপ্রতিষ্ঠানভেদে বিভিন্ন উপায়ে রূপচর্চার কোর্স করানো হয়। পারসোনা ইনস্টিটিউট অব বিউটি অ্যান্ড লাইফ স্টাইলের শিক্ষক শারমিন আখতার বলেন, খরচটা মূলত নির্ভর করে শিক্ষার্থী আসলে কী কী শিখছে তার ওপর। ফেসিয়াল, চুলের কাট, বউ সাজানোসহ শর্ট কোর্স, বেসিক কোর্স আছে, আবার আছে লং কোর্সও। তবে কোনো প্রতিষ্ঠান কেবল নিজের প্রয়োজনেই পারসোনাল কোর্স এবং পেশাগত প্রয়োজনে প্রফেশনাল কোর্স করিয়ে থাকে। প্রতিষ্ঠানভেদে খরচ কিছুটা ভিন্ন হয়। তবে কোর্সের সময়কাল অনুযায়ী কোর্স করা যাবে ১০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার টাকার মধ্যে।যোগাযোগযাঁরা রূপচর্চা বিষয়ে প্রশিক্ষণ নিতে চান তাঁরা যোগাযোগ করতে পারেন: পারসোনা ইনস্টিটিউট অব বিউটি অ্যান্ড লাইফ স্টাইল, সেকশন-৬, ব্লক-সি, মিরপুর-১১। হারমনি স্পা, ধানমন্ডি ১৫ নম্বর সড়ক।আপন ঘর, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, বাড়ি-১৫।