প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পুলিশদের বিশেষ ভাতা দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী পুলিশ কর্মকর্তারা যাতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যোগদান করতে উৎসাহিত হয়, সেজন্য দেশে-বিদেশে প্রশিক্ষণ-সুবিধা বৃদ্ধি ও বিশেষ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যাপারে একটি সুস্পষ্ট প্রস্তাব তৈরির জন্য কর্মকর্তাদের নির্দেশও দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত প্রথম প্রস্তুতি সভায় স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন এ নির্দেশ দেন।২০১২ সালে সারদা পুলিশ একাডেমীর শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান যাতে অত্যন্ত সাড়ম্বরে হয়, সেজন্য অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সারদা পুলিশ একাডেমীর চলমান উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার জন্যও নির্দেশ দেন তিনি।এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইজিপি নূর মোহাম্মদ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, পুলিশ একাডেমীর অধ্যক্ষ আবদুস সালাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মাহমুদুর রহমান ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সারদা পুলিশ একাডেমী দেশের সবচেয়ে প্রাচীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর একটি। এটি ১৯১২ সালে রাজশাহী শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ১৪২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। এখানে এএসপি, এসআই, সার্জেন্ট ও শিক্ষানবিশ পুলিশ কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়।