প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীতে পাইলট অক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ সানজিদ (২৬) প্যারাসুটের সাহায্যে লাফ দেন। তিনি পায়ে সামান্য আঘাত পেয়েছেন। তাঁকে প্রথমে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং পরে হেলিকপ্টারে করে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।বিমানবাহিনী সূত্র জানায়, আহমেদ সানজিদ পায়ে সামান্য আঘাত পাওয়া ছাড়া সুস্থ আছেন। তাঁর পরিবারের সদস্যরা ঢাকায় সিএমএইচে তাঁর সঙ্গে কথা বলেছেন।বিমানবাহিনীর একজন কর্মকর্তা জানান, কর্ণফুলী নদীর ১১ নম্বর ও মাতুব্বর ঘাটের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। চীনে তৈরি এফ-৭ প্রশিক্ষণ বিমানটি জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করে প্রায় এক ঘণ্টা আকাশে ওড়ে। অবতরণের মাত্র ২০ সেকেন্ড আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট বিমান থেকে দ্রুত প্যারাসুট নিয়ে নদীতে লাফ দেন।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, যান্ত্রিক ত্রুটিজনিত কারণে জরুরি অবতরণের সময় বিমানটি বেলা দুইটা ১০ মিনিটের দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন কর্ণফুলী নদীতে পড়ে যায়। পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করেন এবং তিনি সুস্থ আছেন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়াধীন।জানা যায়, দুর্ঘটনার পরপরই নৌ ও বিমানবাহিনীর উদ্ধারকারী দল এবং কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার-তৎপরতা শুরু করে। এর আগেই স্থানীয় মাঝিরা সানজিদকে উদ্ধার করেন।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বেলা দুইটার দিকে বিমানটি ১১ নম্বর ঘাটের কাছে বিধ্বস্ত হয়। মাতুব্বর ঘাটের কাছ থেকে পাইলটকে উদ্ধার করেন স্থানীয় মাঝিরা। পরে তাঁকে হেলিকপ্টারযোগে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।প্রত্যক্ষদর্শী মাঝিরা জানান, নদীর ওপর দুবার চক্কর দেওয়ার পর বিমানটি নিচে নেমে আসতে থাকে। পরে বিকট শব্দে এটি নদীর মাঝখানে পড়ে পানিতে ডুবে যায়।পাইলটকে উদ্ধার করা স্পিডবোটের চালক আইয়ুব আলী জানান, তাঁরা পাইলটকে প্যারাসুটযোগে মাতুব্বর ঘাটের ২০-৩০ গজ দূরে পানিতে পড়তে দেখেন। দ্রুত সেখানে গিয়ে তাঁরা তাঁকে উদ্ধার করেন।বিমানটিতে যান্ত্রিক ত্রুটির খবর পেয়ে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার পাইলটকে উদ্ধারের জন্য কর্ণফুলী নদী এলাকায় যায়। ওই হেলিকপ্টারে করেই তাঁকে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয়।ডুবে যাওয়া বিমানটি উদ্ধারের জন্য নৌবাহিনীর ডুবুরিরা দুটি টাগবোট নিয়ে বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছান। বিকেল পর্যন্ত বিমানটি উদ্ধার করা সম্ভব হয়নি। রাতে আবারও ডুবুরিদের নদীতে নামার কথা।দুর্ঘটনার খবর পেয়ে বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে আসেন। তিনি চট্টগ্রাম সিএমএইচে সানজিদকে দেখতে যান এবং তাঁর সঙ্গে কথা বলেন।এর আগে গত বছরের ১৬ জুন বিমানবাহিনীর এফটি-৬ নামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল কর্ণফুলী নদীতে। ওই বিমানের পাইলট আবদুল্লাহ আল মামুনও প্যারাসুটের সাহায্যে নদীতে অবতরণ করেছিলেন।