প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই স্কোয়াড্রন লিডার নিহত
বরিশালে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানবাহিনীর দুই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ ও স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হক নিহত হন।গতকাল সোমবার বেলা সোয়া দুইটার দিকে বরিশাল শহর থেকে ১৮ কিলোমিটার দূরে বিমানবন্দরের অদূরে বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।বিমানবাহিনীর একটি সূত্র জানায়, নিহত দুজনই কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর। এর মধ্যে মাহমুদুল হক সম্প্রতি প্রশিক্ষক হওয়ার কোর্স শেষ করে আশরাফের কাছে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছিলেন।তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বিমান দুর্ঘটনায় দুই কর্মকর্তার নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।বরিশাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, যশোরের মতিউর রহমান বিমানঘাঁটি থেকে পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি নিয়ে মাহমুদুল হক ও আশরাফ ইবনে আহমেদ বেলা একটার দিকে বরিশালের উদ্দেশে রওনা হন। বেলা দেড়টার দিকে বিমানটি বরিশালের আকাশে পৌঁছে মহড়া শুরু করে। প্রায় ৩০ মিনিট মহড়া দেওয়ার পর বিমানটি ওপরের দিকে উঠে যায়। এরপর হঠাৎ প্রচণ্ড গতিতে নিচের দিকে নামতে থাকে এবং বিমানবন্দরের উত্তর-পশ্চিম দিকে সীমানাপ্রাচীরের পাশে গাছের ওপর পড়ে যায়। এতে বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয় এবং স্কোয়াড্রন লিডার আশরাফ ও স্কোয়াড্রন লিডার মাহমুদুল হক ঘটনাস্থলে নিহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন, সাংসদ তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক এস এম আরিফ-উর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেলা সাড়ে তিনটায় ঢাকা থেকে হেলিকপ্টারে ঘটনাস্থলে পৌঁছান বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনাকবলিত বিমানটির সঙ্গে দুর্ঘটনার কিছুক্ষণ আগে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তদন্ত শেষে বলা যাবে দুর্ঘটনার মূল কারণ কী ছিল।’প্রত্যক্ষদর্শী মো. হাবিবুর রহমান বলেন, ‘দুপুরে আকাশে দুটি বিমান দেখতে পাই। কিছুক্ষণ পর একটি বিমান প্রচণ্ড শব্দে আমাদের বাড়ির পাশে গাছের ওপর আছড়ে পড়ে। পরে দেখতে পাই বিমানটি দুমড়েমুচড়ে গেছে এবং দুই ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে আছে।’বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, বেলা দেড়টার সময় দুটি বিমান বরিশালে আসে। কিছুক্ষণ মহড়া দেওয়ার পর একটি চলে যায়। এর কিছুক্ষণ পর অন্য বিমানটি দুর্ঘটনাকবলিত হয়।জানা যায়, বিমানবাহিনীর দুটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। বিকেল পাঁচটায় ওই দুই কর্মকর্তার লাশ একটি কার্গো বিমানে ঢাকায় নেওয়া হয়।প্রসঙ্গত, এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সিরাজগঞ্জে যমুনা নদীতে পড়ে। এতে এক পাইলট নিহত হন।