প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ফ্লাইং কর্মকর্তা নিহত
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আজ দুপুরে দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ফ্লাইং কর্মকর্তা শরিফ নিহত এবং স্কোয়াড্রন লিডার মামুন আহত হয়েছেন। মামুনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে বলে র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান জানিয়েছেন।টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ ঘটনাস্থলে প্রথম আলো অনলাইনকে বলেন, দুর্ঘটনাকবলিত এল-৩৩ প্রশিক্ষণ বিমানটির ফ্লাইং কর্মকর্তা শরিফ নিহত হলেও স্কোয়াড্রন লিডার মামুন প্যারাসুট দিয়ে ভূমিতে অবতরণ করতে পেরেছেন।প্রত্যক্ষদর্শী নাসিমউদ্দিন ও রেজিয়া আক্তার জানান, মধুপুরের আউশনারা ইউনিয়নের দক্ষিণ মহিষমারা গ্রামে আজ দুপুর সাড়ে ১২টার দিকে খুব নিচু দিয়ে এসে বিমানটি ধানখেতের মধ্যে আছড়ে পড়ে। পার্শ্ববর্তী অন্য একটি খেতে প্যারাসুট দিয়ে আরেকজন নামেন। খবর পেয়ে মহিষমারা আশ্রয়ণ প্রকল্পে কর্মরত সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। পরে সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন।বিমানবাহিনীর সহকারী প্রধান আবু এসরার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যন্ত এলাকার এই দুর্ঘটনাস্থলে হাজার হাজার মানুষ ভিড় করেছে।বিমানটি ঢাকার কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।