প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নয়, কার্গো বিমানে যান্ত্রিক ত্রুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কাই ক্যাপিটালের একটি কার্গো বিমান আজ সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমানটি তখন জরুরি অবতরণের জন্য ওজন কমাতে আকাশে কিছু জ্বালানি ফেলে দেয়। এ সময় বিমানটি বাড্ডার আকাশে ছিল এবং খুব নিচু দিয়ে যাচ্ছিল। ফেলে দেওয়া জ্বালানিকে ওখানকার আকাশে আগুনের কুণ্ডলির মতো দেখায় এবং গুজব ছড়িয়ে পড়ে যে বাড্ডা এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও ‘ব্রেকিং নিউজ’ বা ‘তাজা খবর’ আকারে সংবাদটি পরিবেশন করে। এতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তত্পর হয়ে ওঠে। পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস বাড্ডা এলাকায় তল্লাশি চালায়। তবে তারা দুর্ঘটনার কোনো আলামত খুঁজে পায়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে কার্গো বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বেলা ১১টার দিকে ওই সূত্র প্রথম আলোকে জানিয়েছিল, ঢাকার আকাশে কোনো প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়নি। একটি কার্গো বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। প্রথম দিকে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও পরে তা পুনঃপ্রতিষ্ঠা হয়। বিমান সূত্রে জানা গেছে, বিমানটির জরুরি অবতরণের লক্ষ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সকাল সাড়ে ১০টার পর থেকে বন্ধ রাখা হয়। সাড়ে ১১টার দিক থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়। গুলশান এলাকার পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে জানিয়েছিল, বাড্ডা এলাকায় বিমান বিধ্বস্তের কোনো ঘটনা ঘটেনি। নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল মাত্র।