প্রশিক্ষণার্থী ৫১০ জন বিডিআর জওয়ানের নিয়োগ বাতিল করা হয়েছে। বিডিআর বিদ্রোহের সময় এসব শিক্ষার্থী জওয়ান বান্দরবানের বায়তুল ইজ্জতে রাইফেল প্রশিক্ষণকেন্দ্র ও স্কুলে প্রশিক্ষণরত ছিলেন। বিদ্রোহের পর প্রশিক্ষণ শেষ না করিয়ে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে নিয়োগ বাতিল করা হয়। তাঁদের নাম-পরিচয় ও ছবি বিডিআরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত তাঁরা কেউই বিডিআরের সদস্য নন। আইন অনুযায়ী প্রশিক্ষকের প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের প্রশিক্ষণ বাতিল করা হয়েছে।সূত্র জানায়, বিদ্রোহের সময় বায়তুল ইজ্জতে বিডিআর সদস্যদের ১৬টি দলের ৯২৫ জনের পদোন্নতি প্রশিক্ষণ চলছিল। একই সঙ্গে তাঁদের পদোন্নতির প্রশিক্ষণও বাতিল করা হয়েছে। গতকাল বিডিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরিচ্যুত ও বহিষ্কৃত ব্যক্তিদের ছবি বিডিআরের দাপ্তরিক ওয়েবসাইটে দেওয়া হয়েছে। একই সঙ্গে পলাতক জওয়ানদের ছবিও দেওয়া হয়েছে।সূত্র জানায়, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের আগে ডিসেম্বরে ৭৬তম ব্যাচ হিসেবে ৫১০ জন জওয়ানকে নিয়োগ দেওয়া হয়। বিদ্রোহের আগে জানুয়ারি থেকে তাঁদের প্রশিক্ষণ শুরু হয় বায়তুল ইজ্জতে। ছয় মাসের এ প্রশিক্ষণ সফলভাবে শেষ হওয়ার পরই তাঁদের নিয়োগ চূড়ান্ত করার নিয়ম। কিন্তু প্রশিক্ষণ চলার সময় পিলখানায় বিদ্রোহ শুরু হয়। সেই বিদ্রোহ সারা দেশে ছড়িয়ে পড়ে। অন্যান্য স্থানের মতো বান্দরবানের জওয়ানেরাও বিদ্রোহে জড়িয়ে পড়েন। এ সময় বায়তুল ইজ্জতের জওয়ানেরা বিদ্রোহীদের সমর্থন করেন। তবে কয়েকজন শিক্ষার্থী বলেন, তাঁরা বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন না। তাঁরা বিদ্রোহকে সমর্থনও করেননি।উল্লেখ্য, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনায় রাজধানীর লালবাগ থানায় একটি মামলা হয়। পরে মামলাটি স্থানান্তর করা হয় নিউমার্কেট থানায়। সিআইডি পুলিশ মামলাটি তদন্ত শুরু করছে। এ মাসেই এ মামলার অভিযোগপত্র দেওয়া হতে পারে।