প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ম্যালেরিয়া কর্মসূচি দেখাশোনা করেন চিকিৎসক মো. জহিরুল করিম। তিনি ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ নিতে ভারতে থেকেছেন এক মাসেরও বেশি সময়। আর দাঁতের সৌন্দর্যবর্ধন বিভাগের চিকিৎসক অখিল রঞ্জন বিশ্বাস অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে থেকেছেন দেড় মাস। বিদেশ ভ্রমণের তালিকা থেকে বাদ পড়েননি স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারাও। বিদেশ সফরে গেছেন অধিদপ্তরের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাও।গত চার বছরে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের বিদেশ সফরের তথ্য সংগ্রহ করতে গিয়ে এসব বিষয় উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে আছেন এমন উপকর্মসূচি ব্যবস্থাপক, সরকারদলীয় চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতাদের ঘনিষ্ঠ লোকজন, মন্ত্রণালয়ের কর্মকর্তা, যাঁরা প্রশিক্ষণের নামে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতসহ নানা দেশ ঘুরে বেড়িয়েছেন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত এসব প্রশিক্ষণ বাবদ খরচ হয়েছে ১৫ কোটি ১৬ লাখ ৫৪ হাজার ৪৮৩ টাকা।সরকারি হাসপাতালের চিকিৎসকদের কী ধরনের প্রশিক্ষণ প্রয়োজন, জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জাফরুল্লাহ চৌধুরী বলেন, যাঁরা হাসপাতাল পরিচালনা বা সংক্রামক ব্যাধি নিয়ে কাজ করেন, তাঁদের জন্য বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ প্রয়োজন। এর বাইরে মেডিসিনসহ চিকিৎসা শাস্ত্রের নীতিনৈতিকতা, ক্যানসার, অবেদনবিদ্যা, উচ্চতর শল্যচিকিৎসা (অ্যাডভান্সড সার্জারি) ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।নথিপত্র ঘেঁটে দেখা গেছে, কয়েকটি ব্যতিক্রম ছাড়া হাতেকলমে প্রশিক্ষণের বদলে শত শত চিকিৎসক শুধু হাসপাতালের বর্জ্য নিয়ে কী করবেন, সেই প্রশিক্ষণ নিতে বিদেশে গেছেন। ২০০৮-০৯ অর্থবছরে ১৯টি কর্মসূচিতে অংশ নিয়েছেন ১১১ জন চিকিৎসক। এর মধ্যে হাতেকলমে প্রশিক্ষণের কর্মসূচি ছিল মাত্র চারটি। ওই কর্মসূচিগুলোর মধ্যে দুটি ছিল শল্যচিকিৎসার প্রাথমিক জ্ঞানবিষয়ক। অন্য বছরগুলোতেও এই ধারা ছিল অপরিবর্তিত। অল্প কিছু চিকিৎসক অস্ত্রোপচার, অস্থিমজ্জা প্রতিস্থাপন, দাঁত, চোখ ও শিশু হূদেরাগ বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন।তবে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রথম আলোকে বলেছেন, তাঁর সময়কালে ৭ থেকে ১০ দিনের জন্য বিদেশ ভ্রমণ বন্ধ হয়েছে। অর্থোপেডিকস, কিডনি, হূদেরাগসহ নানা জটিল রোগের চিকিৎসার প্রশিক্ষণ নিতে চিকিৎসকেরা দীর্ঘ সময়ের জন্য বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন।অসংগতির নানা ধরন: মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, প্রশিক্ষণ কর্মসূচির জন্য কর্মকর্তাদের প্রিয় সময় এপ্রিল-মে মাস। অর্থবছরের শেষে বরাদ্দের টাকা শেষ করতে বর্জ্য ব্যবস্থাপনা, হাসপাতাল ব্যবস্থাপনা, পরিকল্পনা প্রণয়ন নীতিমালা, শ্রেণীকক্ষে পড়ানোর কৌশল ইত্যাদি নানা কর্মসূচিতে চিকিৎসকেরা বিদেশে যান। নথিপত্র ঘেঁটে দেখা যায়, বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতে ২০০৯ সালের ২১ থেকে ২৯ মে পর্যন্ত চিকিৎসকদের আটটি দল মালয়েশিয়ায় অবস্থান করছিল, ইন্দোনেশিয়ায় ছিল তিনটি দল, আর থাইল্যান্ডে দুটি। ২০১১ সালের এপ্রিল-মে মাসে হাসপাতাল ব্যবস্থাপনা প্রশিক্ষণে থাইল্যান্ড যায় পাঁচটি দল, মালয়েশিয়ায় দুটি, জাপানে একটি।২০১১ সালের মে মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. আবদুল আজিজ ও সাবেক পরিচালক বায়েজিদ খুরশীদ রিয়াজ হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণে অংশ নিতে ১০ দিন থেকেছেন জাপানে। সঙ্গে গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার (আইএসটি) লাইন ডিরেক্টর আ ফ ম সাইফুল ইসলাম, বাংলাদেশ চিকিৎসা গবেষণা কাউন্সিলের উপপরিচালক মাহমুদুজ্জাহান, আইএসটির কর্মসূচি ব্যবস্থাপক শাহ আলম, উপকর্মসূচি ব্যবস্থাপক মো. সোহরাওয়ার্দী ও আবুল হাসনাত। বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য কোনো কাজে এসেছে কি না, জানতে চাইলে স্বাচিপের প্রভাবশালী নেতা বায়েজিদ খুরশীদ বলেন, তিনি নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেন। সে কারণে তাঁর এ প্রশিক্ষণে যাওয়া প্রয়োজন ছিল। তাঁর দাবি, হাসপাতালগুলোয় বর্জ্য ব্যবস্থাপনার কাজে জাপান যেন সহযোগিতা করে, সে বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই বিষয়ে প্রশিক্ষণ নিতে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক মাহবুবুর রহমান যান মালয়েশিয়ায়। সংক্রমণ ছড়িয়ে পড়লে চিকিৎসকেরা কী করবেন, সেই প্রশিক্ষণ নিতে স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোশায়েদ আলী এবং হাসপাতালগুলোয় তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণে অংশ নিতে মালয়েশিয়ায় গেছেন স্বাস্থ্যমন্ত্রীর প্রধান সহকারী ইফতেখারউদ্দীন।বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতে গত বছর থাইল্যান্ডে যান জাতীয় যক্ষ্মা কর্মসূচির প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা হোসেন খান। আর পড়ানোর কৌশল শিখতে মালয়েশিয়ায় গেছেন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবদুস সোবহান ও একই বিভাগের সহকারী প্রধান মো. জাহাঙ্গীর আলম খান। এমনকি হাসপাতাল ব্যবস্থাপনার এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন গণযোগাযোগ বিভাগের উপপরিচালক মাসুদা খান।কোনো কোনো কর্মকর্তা বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতে পর পর দুবারও বিদেশে গেছেন। অধিদপ্তরের হাসপাতাল বিভাগের চিকিৎসক এ কে এম সাইয়েদুর রহমান ২০০৯-১০ সালে ১৯ থেকে ২৫ জুলাই পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করেন। একই বিষয়ে প্রশিক্ষণের নামে গত বছরের ২৭ মে থেকে ৮ জুন পর্যন্ত ছিলেন ইন্দোনেশিয়ায়।বিদেশে প্রশিক্ষণবিষয়ক উপকর্মসূচি ব্যবস্থাপক রুহুল ফুরকান সিদ্দিক প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকাণ্ড পরিচালিত হয় ১৭টি অপারেশনাল প্লানের মাধ্যমে। প্রতিটি বিভাগেরই বিদেশে প্রশিক্ষণের বিষয় আছে। বিভাগগুলো প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের পরিকল্পনা করে। অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অস্থিমজ্জা প্রতিস্থাপনের (বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশন) প্রশিক্ষণ নিতে প্রস্থডনট্রিক্সের (আঁকাবাঁকা দাঁত ঠিক করে সৌন্দর্যবর্ধন) চিকিৎসক অখিল রঞ্জন বোস্টনে ছিলেন দেড় মাস। দাঁতের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কখনোই তাঁদের বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশনের কাজ করতে হয় না।অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁরা বলেন, এমন হওয়ার কথা নয়।বিদেশ ভ্রমণে চ্যাম্পিয়ন: ম্যালেরিয়া কর্মসূচির উপব্যবস্থাপক জহিরুল করিম গত চার বছরে বিদেশ ভ্রমণ করেছেন ২৩ বার। এর মধ্যে একবার তিনি ‘এশীয়-প্রশান্ত মহাসাগরীয় ধাত্রী সম্মেলনে’ যোগ দিতে ভারতে অবস্থান করেছেন গত ১৯ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। ওই একই সময়ে ভারতে ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ‘গ্লোবাল ফান্ড ফর এইডস, টিউবারকিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়া’র (জিএফএটিএম) বৈঠক ছিল। ওই দুই সম্মেলনেই জহিরুল করিম কাগজে-কলমে উপস্থিত ছিলেন। গত চার বছরে তিনি ছয়বার ভারত, ছয়বার থাইল্যান্ড ও তিনবার লাও পিডিআরে গেছেন। এ ছাড়া বিভিন্ন সভা-সমিতি, কর্মশালায় যোগ দিতে মালয়েশিয়া, চীন, আমেরিকা, মিয়ানমার, জাপান, ব্রাজিল ও ভুটানে ভ্রমণ করেছেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা থেকে এসব তথ্য পাওয়া যায়।এ শাখার পরিচালক বে-নজির আহমেদ প্রথম আলোকে বলেন, ম্যালেরিয়া নিয়ে বিভিন্ন দেশে যেসব সভা-সম্মেলন হয়েছে, সেখানে উপকর্মসূচি ব্যবস্থাপক যেতে পারেন। তবে অন্যান্য কর্মসূচির আওতায় তিনি কীভাবে বিদেশ ভ্রমণ করেছেন, সে সম্পর্কে তিনি কিছু জানেন না।জহিরুল করিম প্রথম আলোকে বলেন, ‘অনুমোদন না নিয়ে যাইনি। মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলেই বিদেশে গিয়েছি।’অন্যান্য উপকর্মসূচি ব্যবস্থাপকের দাপট: গত চার বছরে অধিদপ্তরের সব চিকিৎসকের বদলির তদবির সামলেছেন আমির হোসেন, শাহ গোলাম নবী ও মীর মোবারক হোসেন। স্বাচিপের প্রভাবশালী কয়েকজন নেতার প্রতিনিধিত্ব করেন তাঁরা। বিদেশ সফরের ক্ষেত্রেও এসব উপকর্মসূচি ব্যবস্থাপকের দাপট ছিল। তাঁদের মধ্যে গোলাম নবী কালাজ্বরের উপকর্মসূচি ব্যবস্থাপক হিসেবে ভারতে দুবার এবং একবার করে শ্রীলঙ্কা, ফিলিপাইন, চীন ও জার্মানিতে যান। বছর দুয়েক আগে তিনি জাতীয় পুষ্টি সেবা কর্মসূচিতে যোগ দেন। ওই কর্মসূচির আওতায় আবার থাইল্যান্ড ঘুরেছেন। গোলাম নবীর সঙ্গে গেছেন অপর দুই উপকর্মসূচি ব্যবস্থাপকও। তাঁদের মধ্যে মীর মোবারক হোসেন নীতি-কৌশল প্রণয়ন শিখতে মালয়েশিয়ায় গেছেন। আর বর্জ্য ব্যবস্থাপনা শিখতে গেছেন আমির হোসেন। তাঁরা কোনো হাসপাতালে কাজ করেন না। তবু এই প্রশিক্ষণ কাজে লেগেছে বলে দাবি তাঁদের।