প্রশিক্ষণের নামে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বেচ্ছাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য খাতে প্রশিক্ষণের নামে স্বেচ্ছাচার চলছে। প্রশিক্ষণ না দিয়েই এই খাতে বরাদ্দের একটি অংশ আত্মসাৎ করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। যেসব প্রশিক্ষণ হচ্ছে, তার মান নিয়েও প্রশ্ন উঠেছে।মন্ত্রণালয়ের কাগজপত্রে দেখা যায়, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রশিক্ষণ পেতে পারেন এমন কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৯২ হাজার ২৩৮ (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর)। ২০১১-১২ অর্থবছরে প্রশিক্ষণ নিয়েছিলেন দুই লাখ ৫০ হাজার ৭৭৪ জন কর্মকর্তা-কর্মচারী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, একজন একাধিকবার প্রশিক্ষণ নেওয়ায় সংখ্যাটি দ্বিগুণের বেশি হয়েছে। এ ছাড়া ৫৬ হাজার ৫০২ জন শিক্ষক, ছাত্র বা জনপ্রতিনিধি স্বাস্থ্যবিষয়ক কর্মশালা ও সেমিনারে অংশ নেন।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ‘স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচি’ বাস্তবায়ন করছে ৩২টি কার্যপরিকল্পনার (অপারেশনাল প্ল্যান বা ওপি) মাধ্যমে। ২০১১-১২ অর্থবছরে এসব কার্য পরিকল্পনায় তিন লাখ সাত হাজার ২৭৬ জন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নিয়েছেন। গড়ে প্রতিটিতে ৭৫ জন করে অংশ নিলে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের সংখ্যা দাঁড়ায় চার হাজারের বেশি। ৩২টি কার্যপরিকল্পনায় পৃথকভাবে কমপক্ষে ৯৫টি বিষয়ের ওপর প্রশিক্ষণ হয়।প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, কিছু ক্ষেত্রে প্রশিক্ষণ না দিয়েই অর্থ খরচ দেখানো হয়েছে। অন্যদিকে দায়সারা গোছের প্রশিক্ষণ হয়েছে অনেক ক্ষেত্রে। এসব প্রশিক্ষণের মান দেখা হচ্ছে না। উচ্চপর্যায়ের শতাধিক কর্মকর্তা সরাসরি প্রশিক্ষণের সঙ্গে জড়িত। এ ব্যাপারে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন প্রথম আলোকে জানান, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। প্রশিক্ষণের সব তথ্য এক জায়গায় পাওয়া প্রায় অসম্ভব। তবে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হবে। আর সীমাবদ্ধতা কিছু থাকলে তা দূর করা হবে। সম্মানীর বাহার: অনুসন্ধানে দেখা গেছে, ময়মনসিংহ জেলার গৌরীপুর এবং কক্সবাজার জেলার পেকুয়া ও রামু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অসংক্রামক ব্যাধি বিষয়ে ২০১১-১২ অর্থবছরে কোনো কর্মশালা হয়নি। অথচ বিস্তারিত হিসাব দেখিয়ে টাকা নিয়েছেন কর্মকর্তারা।কাগজপত্রে দেখা যায়, উপকর্মসূচি ব্যবস্থাপক মো. মিজানুর রহমান আরিফ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ২০১২ সালের ১০ থেকে ১৪ মার্চ অনুষ্ঠিত পাঁচ দিনের কর্মশালা থেকে সম্মানী নিয়েছেন পাঁচ হাজার টাকা। গৌরীপুরে দুই দিনে যাতায়াত ভাতা (বাস, বেবিট্যাক্সি, রিকশা ইত্যাদি) নিয়েছেন আরও এক হাজার টাকা।অথচ তিনি একই বছর ১২ থেকে ১৪ মার্চ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকার সম্মানী নিয়েছেন তিন হাজার টাকা। দুই দিনের যাতায়াত ভাতা নিয়েছেন এক হাজার টাকা।এখানেই শেষ নয়। ১২ থেকে ১৩ মার্চ তিনি একই জেলার রামু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মশালার উপস্থিত থাকার কথা বলে সম্মানী চার হাজার টাকা ও যাতায়াত ভাতা এক হাজার টাকা নিয়েছেন। ১০ থেকে ১৪ তারিখের মধ্যে তিনি সম্মানী ও যাতায়াত ভাতা নিয়েছেন ১৫ হাজার টাকা।যোগাযোগ করা হলে মিজানুর রহমান প্রথমে বলেন, প্রশিক্ষণকাজে কখনো রামু যাননি, পেকুয়া গিয়েছিলেন। গৌরীপুরেও কর্মশালা করেছিলেন। সম্মানী নেওয়ার ব্যাপারে তিনি বলেন, সরকারি নিয়ম আছে কর্মশালায় উপস্থিত না থেকেও প্রাপ্য সম্মানী নিতে পারবেন। তবে উপস্থিত না থেকে যাতায়াত ভাড়া নিলেন কী করে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এমন হওয়ার কথা নয়। যখন বলা হয়, তিনটি উপজেলায় কোনো প্রশিক্ষণই হয়নি। তখন তিনি বলেন, কাগজপত্র দেখে যোগাযোগ করবেন। কিন্তু আর যোগাযোগ করেননি।তবে সূত্র বলেছে, একাধিক কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত না থেকে এই কার্যপরিকল্পনা থেকে অর্থ নিয়েছেন।হিসাবে বড় ফারাক: গত বছর সেপ্টেম্বরে ১৭ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞের একটি দল (ইন্ডিপেন্ডেন্ট রিভিউ টিম) ২০১১-১২ অর্থবছরের কাজ মূল্যায়ন করেছিল। তখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষজ্ঞ দলকে বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন প্রতিবেদন (এপিআইআর) দেওয়া হয়েছিল। প্রতিবেদনে দেখা যায়, বেশি প্রশিক্ষণ হয়েছে মাতৃ, শিশু ও কিশোরী স্বাস্থ্যবিষয়ক কার্যপরিকল্পনায়। মাতৃ ও নবজাতক স্বাস্থ্য (১৮,০১২ জন), শৈশবকালীন অসুস্থতা ব্যবস্থাপনা (১২,০৬২ জন), কিশোর-কিশোরী স্বাস্থ্য (১৩,৯৬৭ জন), ইপিআই (৪৮ জন) বিষয়ে মোট ৪৪ হাজার ৮৯ জন বিভিন্ন স্তরের স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া চোখ, নাক-কান-গলা, শিশুরোগ ও দন্ত বিষয়ে স্বাস্থ্য ক্যাম্পে অংশ নেয় দুই হাজার ৫৫০ জন। আর কর্মশালা ও সেমিনারে অংশ নেয় ৩১ হাজার ৬৯৭ জন। প্রশিক্ষণ খাত থেকে ৭৮ হাজার ৩৩৬ জনের জন্য খরচ করা হয়। মাতৃ ও নবজাতক স্বাস্থ্যের কর্মসূচি ব্যবস্থাপক আবদুল হক, শৈশবকালীন অসুস্থতাবিষয়ক কর্মসূচির ব্যবস্থাপক আলতাফ হোসেন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির ব্যবস্থাপক আহমেদ হোসেন খান, ইপিআই-বিষয়ক কর্মসূচি ব্যবস্থাপক আজিজুল ইসলাম এ বারি চার দফায় হিসাব পরিবর্তন করে বলেছেন, ৬৩ হাজার ১০২ জন বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নিয়েছেন। তবে কর্মশালায় অংশ নেওয়া সবার নাম-ঠিকানা তাঁদের কাছে নেই। এগুলো আছে সংশ্লিষ্ট জেলা কর্মকর্তার কাছে। তবে এপিআইআর ও কর্মকর্তাদের হিসাবে ব্যাপক গরমিল। এপিআইআর প্রতিবেদনে ১৫ হাজার ২৩৪ জন অংশগ্রহণকারী বেশি। এদের হিসাব দেখাতে পারেননি কার্যপরিকল্পনার কর্মকর্তারা। এ ব্যাপারে কার্যপরিকল্পনার লাইন ডিরেক্টর সৈয়দ আবু জাফর মো. মুসা প্রথম আলোকে বলেন, এপিআইআর প্রতিবেদনে ভুল থাকতে পারে। প্রশিক্ষণের নমুনা: প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, ২০১২ সালে ১১ থেকে ১৩ জুন তিন দিনের পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ হওয়ার কথা ছিল বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। তিন দিনের প্রশিক্ষণ প্রথম দিনে দুপুরের আগেই শেষ হয়েছিল। তখন অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ সামগ্রী (ব্যাগ, ম্যানুয়াল, খাতা, কলম) দেওয়া হয়নি। এমনকি সম্মানীও দেওয়া হয়নি। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এই প্রশিক্ষণের আয়োজন করেছিল।এ ব্যাপারে প্রথম আলোতে গত ২ অক্টোবর অনুসন্ধানী প্রতিবেদন ছাপার পর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক মো. এখলাসুর রহমান প্রথম আলোকে বলেছিলেন, প্রশিক্ষণ সামগ্রী যথাসময়ে না পৌঁছানোর কারণে কিছু সমস্যা হয়েছিল। এ রকম প্রশিক্ষণ হয় ৮০টি উপজেলায়। ঘটনা তদন্তে গত অক্টোবরে কমিটি করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। ছয় মাসেও তদন্ত শেষ করেনি মন্ত্রণালয়।তাঁরাই সব: ২৭টি কার্যপরিকল্পনার লাইন ডিরেক্টর হিসেবে আছেন স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের ২৭ জন কর্মকর্তা। পাঁচটি কার্যপরিকল্পনার লাইন ডিরেক্টর মন্ত্রণালয়ের পাঁচজন কর্মকর্তা। এঁদের পরে আছেন ৩২ জন কর্মসূচি ব্যবস্থাপক। তাঁদের অধীনে আছেন শতাধিক উপকর্মসূচি ব্যবস্থাপক।এসব লাইন ডিরেক্টর, কর্মসূচি ব্যবস্থাপক ও উপকর্মসূচি ব্যবস্থাপকের বড় অংশটি প্রশিক্ষণ থেকে সম্মানী নিচ্ছেন নিয়মিত। এঁদের ওপর কারও নজরদারি নেই।