প্রশিক্ষিত তদন্ত কর্মকর্তার অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মহাপরিদর্শক, পুলিশফৌজদারি মামলার মূল ভিত্তি পুলিশের প্রতিবেদন। সে প্রতিবেদনের ভিত্তি আবার সংঘটিত অপরাধের তদন্ত। তবে মাদক মামলার তদন্তকাজ সাধারণ ফৌজদারি মামলার তদন্তের মতো নয়। এটা একটি বিশেষ প্রকৃতির ও বিশেষ পদ্ধতির তদন্ত। মাদক মামলার বিদ্যমান তদন্ত পদ্ধতিতে অনেক গলদ বা সীমাবদ্ধতা রয়েছে। যেমন, মাদকদ্রব্য ধরা পড়লে তদন্তকারী কর্মকর্তা শুধু মাদকটি কার কাছে, কোথায় বিক্রি করে ইত্যাদি মামুলি তথ্য বের করে আনেন। ওই মাদকের মূল হোতাদের বের করে আনার চেষ্টা করেন না, করলেও সফল হন না। তদুপরি কোনো স্থানে মাদকদ্রব্য ধরা পড়লে, বিশেষত পাউডারজাতীয় কিছু পেলে পুলিশ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন না, এটা মাদক কি না। অনেক সময় গভীর রাতে জাহাজে, বাসে, ট্রাকে মাদক পাওয়া গেলে ওই মাদকের মামলায় পরবর্তী সময়ে সাক্ষী খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন দেশে কিছু ‘টেস্টিং কিট’ (যাচাই যন্ত্র) আছে; যেগুলো দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে বুঝতে পারে, ধরা পড়া জিনিসটি মাদক কি না। যদি মাদক হয়, তবে জানতে পারে তাতে মাদকের পরিমাণ কতটুকু। আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও এমন মাদক পরীক্ষাকারী যন্ত্র থাকা দরকার। তাতে তদন্তের কাজ অনেকাংশে এগিয়ে যায়। কারণ, ধরা পড়া বস্তু যে মাদক; সেটা নির্ণয় করতেই আমাদের পুলিশ বাহিনীর অনেক সময় চলে যায়। অনেক সময় ধরা পাউডারজাতীয় মাদককে, অন্য কোনো সমরঙের পাউডারজাতীয় দ্রব্যের সঙ্গে বদলে ফেলে মামলার ভিত্তি হালকা করে দেওয়া হয়। সে ক্ষেত্রে কিছু সাক্ষীর সামনে ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে ওই ‘টেস্টিং কিট’ দিয়ে মাদক পরীক্ষা করা যেতে পারে। আর মাদকের মূল হোতাদের ধরার জন্য আমি মনে করি, বিশেষভাবে প্রশিক্ষিত তদন্ত কর্মকর্তা দরকার।দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে হয়রানি করার কাজে প্রায়ই মাদককে ব্যবহার করা হয়। কারও বাড়িতে হেরোইনের প্যাকেট একটা, ফেলে দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়, অমুকের বাড়িতে মাদক রয়েছে। এ ক্ষেত্রে প্রকৃত রহস্য উদ্ঘাটনটা সম্পূর্ণ তদন্তকারী কর্মকর্তার যোগ্যতা ও বিচক্ষণতার ওপর নির্ভর করে। বিশেষ প্রশিক্ষণটা তাই তদন্ত কর্মকর্তার জন্য আরও বেশি জরুরি। দেশের বিভিন্ন জেলায় পিপির পরিবর্তে পুলিশের সিএসআই মাদকের মামলা পরিচালনা করেন। বিশেষ প্রশিক্ষণ না থাকলে এ ক্ষেত্রে ওই অফিসারের কাছ থেকে কাঙ্ক্ষিত সাফল্য আশা করা বোকামি। মাদকের মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনটি ভিত্তিমূল হলেও পিপির ভূমিকাও অনস্বীকার্য। কারণ, পর্যাপ্ত সাক্ষীসমেত অভিযোগটি আদালতের কাছে তুলে ধরতে না পারলে সব আয়োজন ব্যর্থ। সে ভূমিকাটা একজন পিপির। পিপি সঠিকভাবে তাঁর দায়িত্ব পালন করলে ন্যায়বিচার অনেকটাই সুনিশ্চিত। প্রকৃতার্থে মাদক মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদন্ত আর পুলিশের তদন্তে, তেমন একটা পার্থক্য নেই। তবে তদন্তসহ মাদক মামলাগুলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরেরই পরিচালনা করা উচিত। কারণ এ কাজে যে জনবল ও প্রশিক্ষিত কর্মকর্তা দরকার, তা আমাদের পুলিশ বাহিনীর নেই। আমি মনে করি, কেবল আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ বা অপরাধ দমন সম্ভব নয়। তার জন্য সামাজিক আন্দোলন দরকার। যার শুরুটা হবে পরিবার থেকে। পরিবার ও সমাজ রুখে দাঁড়ালেই কেবল মাদক নিয়ন্ত্রণ সম্ভব।সাক্ষাৎকার নিয়েছেন: আফতাব রাগিব