প্রশ্ন কমন না পড়ায়...
প্রশ্ন কমন না পড়ায় শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে কেন্দ্রে বসেছিলেন। তাঁরা প্রথমে বিক্ষোভ করেছেন। তারপর কেন্দ্র থেকে বের হয়ে সড়ক অবরোধ দিয়ে বাস ও সরকারি কর্মকর্তার গাড়ি ভাঙচুর করেছেন।আজ সোমবার কুষ্টিয়া জেলা স্কুল কেন্দ্রে এসব ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীরা ছিলেন জাতীয় বিশ্বব্যিদালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিংয়ের সম্মান প্রথম বর্ষের চূড়ান্ত পর্বের।পরীক্ষার্থীরা জানান, আজ সোমবার সকাল নয়টা থেকে তাঁদের পরীক্ষা শুরু হয়। প্রশ্নপত্র হাতে নিয়ে দেখেন তাঁদের প্রশ্ন সিলেবাসের বাইরের বিষয় থেকে করা হয়েছে। প্রথমে এ নিয়ে তাঁরা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পরে খাতায় কিছু না লিখে কেন্দ্রে বসে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা বিক্ষোভ শুরু করেন এবং কেন্দ্রের পাশে খুলনা-কুষ্টিয়া সড়ক অবরোধ করেন। পুলিশ জানায়, শিক্ষার্থীরা সড়কে এসে একটি বাস এবং কুষ্টিয়া জেলা সহকারী মনিটরিং কর্মকর্তা আবুবকর সিদ্দিকের গাড়িতে হামলা চালান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়। কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের পরীক্ষাটি স্থগিত করেছে। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।