‘ঊন এক শ’ না হয়ে নিরানব্বই কেন? মুনতাসীর মামুনের প্রশ্ন? অভিনব, কৌতূহলোদ্দীপক ও মজার রঙে ঠাসা প্রশ্নে মেতে উঠেছিল শিক্ষার্থীরা। এইচএসবিসি ও প্রথম আলো ৭ম ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব ছিল ১৩ মে। স্থান রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। সকাল নয়টায় নানা রঙের বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম। এর আগে জাতীয় সংগীতের সঙ্গে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন; ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ভাষা প্রতিযোগ পর্ষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান; এইচএসবিসি কর্মকর্তা মো. সামি আল হাফিজ; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ভীষ্মদেব চৌধুরী, সৈয়দ আজিজুল হক, ভাষা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ শাহরিয়ার রহমান; ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম; বাংলা একাডেমীর উপপরিচালক ড. আমিনুর রহমান সুলতান; প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, সহকারী সম্পাদক অরুণ বসু ও জাফর আহমদ। ‘বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি’—এই ছিল এবারের স্লোগান। উদ্বোধনপর্বে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘মাতৃভাষা আমাদের সহজাত। তার পরও মাতৃভাষা চর্চা ও অনুশীলনের বিষয় থাকে।’ মতিউর রহমান বলেন, ‘আমরা মাতৃভাষা বাংলাকে আরও বেশি ভালোবাসতে চাই; মাতৃভাষায় শুদ্ধ করে কথা বলতে, পড়তে, লিখতে চাই; দেশকে আরও বেশি ভালোবাসতে চাই—এটি ছাড়িয়ে দিতেই এই আয়োজন।’এই আয়োজনের সঙ্গে এইচএসবিসির সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন সামি আল হাফিজ।উদ্বোধন শেষে শুরু হয় পরীক্ষা। অভিভাবকেরা এ সময় ব্যস্ত হয়ে পড়েন ছবিতে প্রিয় সন্তানের মুখ খুঁজতে। নয়টি অঞ্চলের প্রতিযোগিতা নিয়ে তৈরি করা হয়েছিল ছবির দেয়ালিকা। ভাষা প্রতিযোগের দেশব্যাপী আয়োজনের পুরো চিত্র খুঁজে পাওয়া যায় এখানে।পরীক্ষা শেষ করে ওরা হাজির হয় মিলনায়তনে। সঞ্চালনে আসেন আনিসুল হক। মঞ্চে বসেন আমন্ত্রিত অতিথিরা। ‘কী’ আর ‘কি’-এর মধ্যে পার্থক্য কী? কাকতাড়ুয়া তো শুধু কাক তাড়ায় না, সব পাখিই তাড়ায়, তাহলে এটার নাম কি ‘পক্ষীতাড়ুয়া হওয়া উচিত ছিল না? বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে একটি সময়কে অবহিত করা হয়, কিন্তু সে সময় তো একটি বই রচনার কথা জানা যায়, সুতরাং সময়টা অন্ধকার সময় হলো কেন? হাসি, কান্নাকে আমরা ভাষা বলি কেন? পাকিস্তান কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে? সমুদ্র ও সাইকেল শব্দে ‘স’-এর উচ্চারণ দুই রকম কেন? এভাবে মিলনায়তন হয়ে উঠল প্রশ্নময়। ভালো প্রশ্নে মিলছিল পুরস্কার—বই। ফাঁকে ছিল আবৃত্তি, গান ও বক্তৃতা। সঞ্চালক আনিসুল হক ছিলেন একাই ‘এক শ’। তাঁর মজার মজার কৌতুক আর বুদ্ধিদীপ্ত প্রশ্নোত্তরে প্রতিযোগীরা ছিল বেজায় উৎফুল্ল। এ জন্য তাঁকে কোনো পুরস্কার দেওয়া হয়নি। অনুষ্ঠানে রবিঠাকুরের ‘আমার মুক্তি আলোয় আলোয়’সহ তিনটি গান গেয়ে শোনান শিল্পী লাইসা আহমেদ লিসা। লোকছড়া নিয়ে দলীয় আবৃত্তি পরিবেশন করেন ‘জিয়নকাঠি’র শিল্পীরা। গান ও আবৃত্তিতে অংশ নিয়েছে প্রতিযোগীদের অনেকেই। এক-দুই মিনিটের বক্তৃতাও দেন আমন্ত্রিত অতিথিরা। বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘রবীন্দ্রনাথ ছাত্র হিসেবে খারাপ ছিলেন। ক্লাসের বই তাঁর ভালো লাগত না; কিন্তু বাকি সব বই ভালো লাগত, যা পড়ে তিনি হয়ে ওঠেন বিশ্বকবি।’ভীষ্মদেব চৌধুরী বলেন, ‘ভাষা প্রাণের সঙ্গী। তাকে গুরুত্ব দিতে হবে সবার আগে।’ ফেরদৌস আরা বেগমের কথা, ‘ভাষা মজার জিনিস, একই ভাষা একেক জায়গায় একেক রকম।’ অরুণ বসু বলেন, ‘রবীন্দ্রনাথ পড়লে বোঝা যায়, দেশের প্রতি ভালোবাসা কীভাবে প্রদর্শন করতে হয়। দেশকে ভালোবেসেই দেশের ঋণ শোধ করতে হবে।’ এ বছর রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী, পাশাপাশি আমাদের স্বাধীনতার ৪০ বছর পূর্তি হচ্ছে। গানে, আবৃত্তিতে, উদ্ধৃতিতে কবির প্রসঙ্গ যেমন অনুষ্ঠানকে রবীন্দ্রময় করে তুলেছিল, তেমনই দেশের প্রতি ভালোবাসা ও আত্মনিবেদনের অঙ্গীকারে ছিল দৃপ্ত। বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। ক্লোজআপ তারকা আবিদ ‘আমি চিনি গো চিনি তোমারে’সহ তিনটি গান গেয়ে শোনান। কণা শুনিয়েছেন তাঁর জনপ্রিয় ‘লাজুক পাতা লজ্জাবতী’সহ তিনটি গান। আবরার টিপু শুনিয়েছেন, ‘জানি না কী যে হলো’। পরে কণার সঙ্গে গেয়েছেন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের থিম সং ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’। পুরস্কার পর্বে সঞ্চালনে আসেন জাফর আহমদ। এ পর্বে বিশিষ্ট কথাসাহিত্যিক, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার বলেন, ‘নবীন প্রজন্মকে নিয়ে শুদ্ধ করে ভাষা শিখতে উৎসাহিত করার এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক বলেন, বাংলা ভাষার বিকৃতি রোধ এবং সব ক্ষেত্রে শুদ্ধতা রক্ষায় সবাইকে চেষ্টা করতে হবে। উপস্থিত ছিলেন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, উপসম্পাদক আনিসুল হক এবং রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এ আই এম মুসা। সাইনবোর্ড, ব্যানার থেকে শুরু করে সর্বত্র ভাষার ভুল ব্যবহার, ভুল উচ্চারণ, ভুল প্রয়োগের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান সবাই। আনিসুল হক তাঁর মা উপন্যাস থেকে আজাদ ও তাঁর মায়ের সত্য ঘটনার বর্ণনা দেন। আজাদের মতো দেশপ্রেমী হওয়ার কথা বলেন। উপস্থিত হয় সেই মাহেন্দ্রক্ষণ, বিজয়ীদের পুরস্কার প্রদানের মুহূর্ত। নাম ঘোষণা করেন সঞ্চালক, আর আমন্ত্রিত অতিথিরা তুলে দেন পুরস্কার। দিন শেষে ঘনিয়ে আসে ঘরে ফেরার সময়। ফিরে যায় যে যার মতো। সঙ্গে নিয়ে যায় দুর্লভ এক অভিজ্ঞতা, যা কল্পনা মনে হলেও বাস্তব; তা হলো প্রশ্ন করতে নেই মানা।