প্রশ্ন করা যায় প্রশ্নকর্তাকেও
চাকরির সাক্ষাত্কার নেওয়ার সময় টেবিলের অপর প্রান্তে বসে থাকা সাক্ষাত্কার গ্রহীতাদের যথার্থ প্রশ্ন করতে পারাটাও কিন্তু একটি কৃতিত্ব। এতে চাকরির প্রতি আপনার আগ্রহের প্রকাশটাও হয়ে যায়। আর প্রশ্নকর্তাদের আপনার শক্তিশালী দিকটিতে চালিত করার মওকাটাও এসে যায়।মনে রাখতে হবে, আপনার প্রশ্ন আর প্রশ্নকর্তাদের উত্তরের সময়টা যেন মোট সাক্ষাত্কারের সময়ের দশ শতাংশের বেশি সময় দখল না করে। যেহেতু আপনি জানেন না এই পর্ব কতক্ষণ স্থায়ী হবে, তাই সাক্ষাত্কার গ্রহীতাদের মোটামুটি নয়টি প্রশ্নের উত্তর দিয়েই তবে আপনি একটি করে প্রশ্ন করতে পারেন। আর হ্যাঁ, আপনার সামনে রাখা কাগজে টালি চিহ্ন দাগিয়ে প্রশ্ন গোনার চেষ্টা না করাই ভালো। কেবল মনে রাখুন, কয়টি প্রশ্ন গেল। আর একসঙ্গে দুটো প্রশ্ন আপনি জিজ্ঞেস করে ফেললে পরবর্তী প্রশ্নটি করতে একটু সময় নিন।প্রশ্নগুলো যেন আরোপিত না হয়। আলাপচারিতার এক ফাঁকেই স্বাভাবিকভাবে প্রশ্ন করার সময় পাবেন। প্রশ্ন করতে হবে বলেই কি বোকার মতো প্রশ্ন করবেন? না, আপনি যদি নিশ্চিত থাকেন যে প্রশ্নটি পারলে আপনাকে আগ্রহী, বুদ্ধিমান ও যোগ্য মনে করবেন সাক্ষাত্কার গ্রহীতারা, তবেই প্রশ্ন করুন। অন্যথায় প্রশ্ন না করাই ভালো। বোকার মতো প্রশ্ন করতে গেলে হিতে বিপরীত হতে পারে।ঠিকমতো প্রশ্নের ঢিল ছুড়তে পারলে আপনার পছন্দের বিষয়ে সাক্ষাত্কারপর্ব চালিত করা যায়। তবে কখনোই সাক্ষাত্কার গ্রহীতার প্রশ্নের পাল্টা হিসেবে কোনো প্রশ্ন ছুড়বেন না। এটি করলে পাটকেলটিই খেতে হবে। সাক্ষাত্কার গ্রহীতার সঙ্গে তর্কেও জড়ানো চলবে না। কখনোই কোনো ধরনের ব্যক্তিগত, বিতর্কিত বা নেতিবাচক প্রশ্ন করা যাবে না। এমন কোনো প্রশ্ন করা থেকে বিরত থাকুন, যা সংবেদনশীল উত্তরের দিকে টেনে নিয়ে যায়। কয়েকটি প্রশ্নের নমুনা দেওয়া হলো: প্রতিষ্ঠানের কর্মচারী সংখ্যা কত? প্রতিষ্ঠানটি সম্প্রসারণের কোনো পরিকল্পনা আছে কি? বিভাগে (আপনি যে বিভাগের জন্য সাক্ষাত্কার দিচ্ছেন) কর্মীসংখ্যা কত? বিভাগটি কি স্বতন্ত্র? না অন্যান্য বিভাগের সঙ্গে একত্রে কাজ করে? জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্ষদের কাছে কি বিভাগটির কার্যক্রম গুরুত্বপূর্ণ? ব্যবস্থাপনা কৌশলটা কি এই বিভাগের জন্য? চাকরিতে নিয়োগ কত দিনের মধ্যে দেওয়া হবে? কত দিন ধরে পদটা ফাঁকা আছে? গত পাঁচ বছরে কতজন এই পদে ছিল? এই পদে থাকা সাবেক কর্মী এখন এই পদে নেই কেন? গত পাঁচ বছরে এই পদ থেকে কতজন কর্মীর পদোন্নতি হয়েছে? এই পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন পাঁচটি কাজ বলে প্রতিষ্ঠান মনে করে? এই পদে যোগ দেওয়া কর্মীর কাছে আপনাদের আকাঙ্ক্ষা কী?সুযোগ-সুবিধাসংক্রান্ত প্রশ্নঅবশ্যই আপনার অধিকার আছে এসব প্রশ্ন করার। কিন্তু তার আগে জানতে হবে, কখন করতে হবে প্রশ্নগুলো। কোনোভাবেই সাক্ষাত্কারপর্বের প্রথম ভাগে এ সংক্রান্ত প্রশ্ন করা যাবে না। করলে মনে হবে, কোম্পানি আপনাকে কী কী সুযোগ-সুবিধা দেবে, সে ব্যাপারেই আপনার আগ্রহ বেশি। প্রতিষ্ঠান আশা করে আপনি তাদের জানাবেন, আপনি কোম্পানির জন্য কী করতে পারেন। সময়-সুযোগ বুঝে সাক্ষাত্কারপর্বের শেষ দিকে প্রশ্নগুলো তুলতে পারেন: বেতন ছাড়া আর কী কী সুবিধা কোম্পানি তার কর্মীদের দেয়? চিকিৎসাবিমা আছে কিনা? থাকলে কী পরিমাণ? ছুটি এবং ছুটির সুবিধা প্রাপ্তির নিয়মকানুন কী রকম? অবসরে গেলে বা চাকরি ছাড়ার পর প্রাপ্ত সুবিধাগুলো কী কী? কর্মীর ভবিষ্য তহবিলে প্রতিষ্ঠানের অংশগ্রহণ কতটুকু? কোম্পানি কি কোনো আবাসন সুবিধা দেয়? কোম্পানি কি লোনের সুবিধা দেয়?সূত্র: দ্য কমপ্লিট কিউ অ্যান্ড এ জব ইন্টারভিউ বুক