আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি অনাস্থা জানিয়ে এর কার্যক্রম অবিলম্বে বাতিলের যে দাবি বিএনপি করেছে, তা অযৌক্তিক, বাস্তবতা-বিবর্জিত। আইনের যেকোনো মাপকাঠিতে অগ্রহণযোগ্য। বিএনপির ওই বক্তব্যে এটাই প্রমাণিত হলো যে এ দেশে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে তাদের অবস্থান। তাদের এই অবস্থান স্বাধীনতাযুদ্ধের সব শহীদের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল।যুদ্ধাপরাধের বিচার আধুনিক আন্তর্জাতিক আইনের একটা দায়িত্ব। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের আইন না থাকলেও দেশের যেকোনো আদালত আন্তর্জাতিক আইনে এই বিচার করতে পারেন। তাই বিচারের আইনি কাঠামো নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ দূতের বক্তব্যের উদ্ধৃতি দিয়েছে বিএনপি। ওই বিশেষ দূত যুদ্ধাপরাধী কারা, সে বিষয়ে আইনে সুনির্দিষ্ট সংজ্ঞা থাকার প্রয়োজনীয়তার কথা বলেছেন। কিন্তু এ রকম সংজ্ঞা আমাদের আইনে আছে। ট্রাইব্যুনালের কাজে স্বচ্ছতা আছে যথেষ্টই। তা না হলে ট্রাইব্যুনালের প্রধানের বৈধতা নিয়ে যে প্রশ্ন তোলা হলো, সে সম্পর্কে আদালত কোনো রকম শুনানির প্রক্রিয়ায় না গেলেও পারতেন।এ দেশে সবচেয়ে অস্বচ্ছ ও বিতর্কিত বিচার-প্রক্রিয়ার উদাহরণ হয়ে আছে কর্নেল তাহেরসহ অসংখ্য মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার বিচার। ওই বিচার করেছিল বিএনপি। আজ তাদের পক্ষে মানবতাবিরোধী বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের আইনি ও কাঠামোগত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা একদম সাজে না।মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল বা আদালতের এতটা নমনীয় হওয়ার দরকার আছে বলে মনে হয় না। বিশেষ করে আমরা সবাই যেখানে জানি যে এই বিচার বাধাগ্রস্ত করার, বিলম্বিত কিংবা ভণ্ডুল করার একটা চক্রান্ত রয়েছে। আমরা যাঁরা যুদ্ধাপরাধের দ্রুত বিচার চাই, তাঁরা তো উদ্বিগ্ন হই এই দেখে যে ট্রাইব্যুনাল চক্রান্তকারীদের ফাঁদে পা দিয়ে বিচার-প্রক্রিয়া শ্লথ করে ফেলছেন।মিজানুর রহমান: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান