প্রশ্ন ফাঁসের আলামত চায় পিএসসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আলামত বা কোনো তথ্য থাকলে তা সরবরাহ করার অনুরোধ জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছে তারা। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন আজ রোববার প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিভিন্ন পত্রপত্রিকায় প্রশ্নপত্র ফাঁসের গুজবের সংবাদ ওঠায় এবং সরকারের বিশেষ সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভত্তিতে আমরা কমিশনের বিশেষ সভা করে লিখিত পরীক্ষা স্থগিত করেছি। আমরা চেয়েছি, পরীক্ষার্থীদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটি না থাকুক। তবে গুরুত্বপূর্ণ এ পরীক্ষার কথিত প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের বিষয়ে কারও কাছে যদি কোনো তথ্য থাকে, কারও কাছে যদি প্রশ্নপত্র ফাঁসের কোনো আলামত থাকে, তাহলে তা পিএসসিকে সরবরাহ করার অনুরোধ করছি।’ চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পৌনে দুই লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। গত ২৮ জুন প্রাথমিক বাছাই পরীক্ষার ফল প্রকাশিত হয়। আজ ৭ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এতে পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ১৬২। মোট পরীক্ষাকেন্দ্র ২৬টি। কিন্তু গতকাল শনিবার ছুটির দিনে কমিশন হঠাত্ বৈঠক করে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। সাধারণ ক্যাডারের জন্য আবশ্যিক বিষয়ের নয়টি পরীক্ষা স্থগিত করলেও কারিগরি (টেকনিক্যাল) ক্যাডারের পরীক্ষাগুলো চলবে বলে জানিয়েছে পিএসসি। ৩০ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী প্রথম আলো ডটকমকে জানান, ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে কিছুদিন ধরে ক্যাম্পাসে গুজব শোনা যাচ্ছে। যাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন, তাঁদের বলা হচ্ছে, তিন থেকে পাঁচ লাখ টাকা দিলে পরীক্ষার দুই-এক দিন আগে সব প্রশ্নপত্র পাওয়া যাবে। ছাত্রলীগের জহুরুল হক হল ও জগন্নাথ হলের কয়েকজন নেতা-কর্মী এই প্রশ্নপত্র ফাঁস করেছেন, এমন কথাও বলা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী জানিয়েছেন, প্রশ্নপত্র পাওয়ার আশায় এরই মধ্যে বেশ কজন টাকা দিয়েছেন। ওই পরীক্ষার্থীদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে, বিষয়টি অতি গোপনীয়। অন্য কাউকে যেন জানানো না হয়। প্রশ্নপত্র ফাঁসের এই গুজবের কারণে ঠিকমতো লেখাপড়া করতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন পরীক্ষার্থী।