প্রশ্ন বুঝে লিখলেই ভালো নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকাসামাজিক বিজ্ঞান বিষয়টিতে সমাজবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি এই পাঁচটি মৌল বিষয় ছাড়াও রয়েছে জনসংখ্যা, দুর্যোগ ব্যবস্থাপনা ও এইডস শিক্ষা। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতিটি অধ্যায় ভালোভাবে চর্চা করতে হবে। সৃজনশীল প্রশ্নপত্র ক, খ ও গ এই তিনটি অংশে বিভক্ত থাকবে। ক বিভাগ থেকে কমপক্ষে দুটি এবং খ ও গ বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তরে শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা, অনুধাবন-দক্ষতা, প্রয়োগদক্ষতা ও উচ্চতর চিন্তনদক্ষতা যাচাই করে নম্বর প্রদান করা হবে। কাজেই উত্তর লেখার সময় শিক্ষার্থীকে জ্ঞানের এই চারটি স্তরের দিকে বিশেষ নজর রাখতে হবে। প্রয়োগ ও উচ্চতর চিন্তনদক্ষতামূলক প্রশ্নের উত্তর লেখার আগে উদ্দীপকের বিষয়বস্তুটি ভালোভাবে বুঝে নির্ভুল উত্তর দিতে হবে।ক-বিভাগ (সমাজ, ইতিহাস, পৌরনীতি): সমাজ অংশের বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে অনেকটাই পরিচিত ও সহজবোধ্য। এ ক্ষেত্রে সংস্কৃতি ও সভ্যতার ধাপ, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম, সামাজিক পরিবর্তন, সামাজিক সমস্যাবিষয়ক প্রশ্ন থাকবে, যা শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে। এ অংশ থেকে উত্তর দেওয়াটা ভালো। সমাজবিজ্ঞানীদের সংজ্ঞা ও প্রাসঙ্গিক উদ্ধৃতি নির্ভুলভাবে লিখতে হবে। ইতিহাস অংশ থেকে উত্তর করতে কঠোর অনুশীলন প্রয়োজন। এই অংশে বর্ণিত বিভিন্ন বিদ্রোহ, বিখ্যাত ব্যক্তিদের সংস্কারমূলক কাজ ও তাঁদের অবদান, বাংলাদেশের অভ্যুদয়-সম্পর্কিত যেমন ভাষা আন্দোলন, বাংলাদেশের প্রতি পাকিস্তান সরকারের বৈষম্য, ছয় দফা, এগারো দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ প্রভৃতি বিষয় সম্পর্কে পূর্বপ্রস্তুতি না থাকলে উত্তর দেওয়া সমীচীন হবে না। এ অংশের উত্তরে সাল, স্থান, ঘটনা প্রভৃতি নির্ভুলভাবে লিখবে। পৌরনীতির উত্তর দিতে নাগরিকত্ব, নাগরিকের অধিকার-কর্তব্য, বাংলাদেশের সরকারব্যবস্থা, নির্বাচনব্যবস্থা, সংবিধান, স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এ অংশের উত্তর অনেকটা গোছানো, ফলে উত্তর লিখতে সময় কম লাগে। নির্ভুল উত্তর দিলে পূর্ণ নম্বর পাওয়া যায়। কাজেই এ অংশ থেকে উত্তর দেওয়াটাই ভালো।খ-বিভাগ (অর্থনীতি, জনসংখ্যা): অর্থনীতির মৌল বিষয় ও এ সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে জানা থাকলে এ অংশের উত্তর দেওয়াই উত্তম। এ অংশে সঠিক তথ্য, প্রাসঙ্গিক চিত্র ও ব্যাখ্যা দিতে পারলে খুব সহজেই ভালো নম্বর পাওয়া যায়। জনসংখ্যা বিষয়টি শিক্ষার্থীদের কাছে খুব পরিচিত ও প্রয়োজনীয়। শিক্ষার্থীকে উদ্দীপকের বিষয়বস্তুর প্রাধান্যের প্রতি লক্ষ্য রেখে উত্তর দিতে হবে। সঠিক তথ্য ও যুক্তিসহ উত্তর প্রদানে এ ক্ষেত্রেও ভালো নম্বর পাওয়া যায়।গ-বিভাগ (ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা ও বাংলাদেশ): ভূগোল অংশের উত্তরে অবশ্যই প্রয়োজনীয় চিত্র, মানচিত্রসহ ব্যাখ্যা দিতে হবে। এ অংশের উত্তরে সময় কম লাগে এবং পূর্ণ নম্বর পাওয়া যায়। প্রশ্ন নির্বাচনে এ অংশটি অধিক গুরুত্বপূর্ণ। দুর্যোগ ব্যবস্থাপনা অংশে প্রাকৃতিক দুর্যোগের কারণ, প্রতিরোধ, প্রশমন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্যোগ, আমাদের দুর্যোগ মোকাবিলায় করণীয়, এ সংক্রান্ত সরকারি ও বেসরকারি পদক্ষেপ—এই বিষয়গুলো জানা আবশ্যক। তাহলে শিক্ষার্থীরা যেকোনো প্রশ্নের সুন্দর ও সাবলীল উত্তর লিখতে পারবে। এতে লেখার মান উন্নত হবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার রিভিশন করতে হবে। শিক্ষার্থীদের বিশেষভাবে মনে রাখতে হবে, অনর্থক উত্তর দীর্ঘায়িত না করে প্রাসঙ্গিক ও সঠিক উত্তরটি লিখে নির্ধারিত সময়ের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর শেষ করতে পারলেই সামাজিক বিজ্ঞান বিষয়ে কাঙ্ক্ষিত নম্বর পাওয়া যাবে।