প্রশ্নপত্র দেওয়ার কথা বলে টাকা আদায়, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজে (এমবিবিএস) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার লোভ দেখিয়ে একটি চক্র অভিভাবক ও পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নিচ্ছে—এমন তথ্য পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও মিরপুর এলাকা থেকে ছয়জনকে অটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।রাত সাড়ে ১২টায় যোগাযোগ করা হলে অভিযান পরিচালনাকারী একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের কাছে কোনো প্রশ্নপত্র পাওয়া যায়নি। তবে কয়েকজনের কাছে বিভিন্ন মন্ত্রণালয়ে জমা দেওয়া কিছু কাগজপত্রের ফটোকপি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এরা বিভিন্ন ধরনের তদবির করে থাকেন। আটককৃতরা হলেন শহীদুজ্জামান, জামিল আহমেদ, আমিনুল ইসলাম, তানভীর আহমেদ, মো. সুজন ও নুরুন্নবী। শহীদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। তাঁকে ধানমন্ডি থেকে আটক করা হয়। আমিনুল ইসলাম মিরপুর বাঙলা কলেজের হিসাববিজ্ঞানের শেষ বর্ষের ছাত্র। তানভীর আহমেদ নিজেকে দৈনিক অর্থনীতির ময়মনসিংহ জেলা প্রতিনিধি দাবি করে বলেন, তিনি মূলত ঢাকায় থাকেন। সুজন পঞ্চগড় থেকে গতকাল ঢাকায় আসেন। নুরুন্নবীর বাড়িও পঞ্চগড়ে। নীলফামারীতে তাঁর মুঠোফোনের দোকান আছে। তিনি বুধবার ঢাকায় আসেন। ঢাকায় আসার কারণ হিসেবে তাঁরা একেক সময় একেক কথা বলছেন। সূত্র জানায়, সরকারের একটি গোয়েন্দা সংস্থার কাছে খবর আসে, একটি প্রতারক চক্র মেডিকেলে ভর্তির প্রশ্নপত্র ফাঁস হয়েছে—এমন দাবি করে পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছে এবং কারও কারও কাছ থেকে প্রশ্ন দেবে বলে মোটা অঙ্কের টাকা নিচ্ছে। গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধানমন্ডি ২৭ নম্বরে ওত পেতে থাকেন। একপর্যায়ে তাঁরা দেখতে পান কিছু লোক এক যুবকের হাতে টাকা তুলে দিচ্ছেন। তাঁরা ওই যুবককে আটক করেন। শহীদুজ্জামান নামের ওই যুবকের কাছে এর পরও অনেকে প্রশ্নপত্র নিতে এসেছিলেন। তবে তাঁর কাছে কোনো প্রশ্নপত্র পাওয়া যায়নি। আটক অবস্থায় শহীদুজ্জামানের মুঠোফোনে এক মিনিটে ৫৩টি কল আসে। পরে শহীদুজ্জামানের তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর ও মিরপুরের বিভিন্ন সড়ক থেকে অন্যদের আটক করা হয়। তাঁদের কাছেও নগদ টাকা ও উল্লিখিত কাগজপত্র পাওয়া যায়। শহীদুজ্জামান জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানান, প্রশ্নপত্র রাতেই পরীক্ষার্থীদের পৌঁছে দেবেন—এমন তথ্য ছড়িয়ে দিয়ে তাঁরা কয়েকজন টাকা সংগ্রহে নামেন। তাঁরা জানান, পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ার জন্য তাঁদের সঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজ ও ক্লিনিকে কর্মরত কয়েকজন চিকিৎসকও আছেন। অভিযানের পর ওই সব চিকিৎসক তাঁদের মুঠোফোন বন্ধ করে দেন বলে অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা জানান। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অভিযান শেষে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। যোগাযোগ করা হলে স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবীর গত রাতে প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। এটা গুজব। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসাশিক্ষা ও জনশক্তি উন্নয়ন) শাহ আবদুল লতিফ বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার গুজব ছড়ানো হচ্ছে। এর কোনো সত্যতা নেই। তবে অভিযান পরিচালনাকারী দলের একজন কর্মকর্তা বলেন, ‘একে আমরা গুজব বলছি না। অভিযান শেষে এ ব্যাপারে নিশ্চিত বলা যাবে।’