প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ায় স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার এ পরীক্ষা হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাতে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় গভীর রাতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৫ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা হবে। বিষয়টি না জানায় পরীক্ষা দিতে এসে বিপাকে পড়েন অধিকাংশ পরীক্ষার্থী। আইইআরের ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান আবদুল মালেক জানান, গতকাল যে প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই প্রশ্নপত্রের প্রায় অর্ধেক গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা নীলক্ষেত থেকে উদ্ধার করেন। রাত তিনটার দিকে পরীক্ষা কমিটি জরুরি বৈঠক করে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়। সূত্র জানায়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন নীলক্ষেতের অক্সফোর্ড প্রিন্টিং প্রেসের মালিক নাজিম হোসেন মোল্লা ও কর্মচারী ইউসুফ, শাহীন, রিপন, রতন ও সুমন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী টিটু সরদার। টিটু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং এস এম হলে থাকেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে অধ্যাপক দেলোয়ার হোসেন শেখকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। আবদুল মালেক জানান, তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত শেষ হলেই জানা যাবে, কীভাবে প্রশ্ন ফাঁস হলো। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নীলক্ষেত মোড়ে বৃহস্পতিবার গভীর রাতে প্রশ্নপত্র পাওয়া কয়েকজন ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী উল্লাস করছিলেন। বিষয়টি দেখে টহলরত প্রক্টরিয়াল বডির সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁরা ওই প্রশ্নপত্র উদ্ধার করেন এবং এর সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের মিল দেখেন। রাতেই জরুরি বৈঠক করে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। গভীর রাতে সিদ্ধান্ত হওয়ায় ভর্তি হতে ইচ্ছুক বেশির ভাগ শিক্ষার্থী বিষয়টি জানতে পারেননি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা সকালে পরীক্ষা দিতে এসে বিষয়টি জানতে পারেন। সূত্র আরও জানায়, আইইআরের প্রথম বর্ষে ১৬০টি আসনের বিপরীতে এ বছর ভর্তি হওয়ার আবেদন করেছেন সাত হাজার ২২৩ জন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষার নতুন সময়সূচিতে আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে।