প্রশ্নপত্র ফাঁস: রংপুরে আরও নয়জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে গত তিন দিনে আরও নয়জন জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে ২৫ জন নারীসহ জামিনে মুক্তি পাওয়ার সংখ্যা দাঁড়াল ৩৪ জনে।রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম জানান, জামিনে মুক্তি পাওয়া নয়জন হলেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) প্রশাসনিক কর্মকর্তা আবদুর রউফ, ঢাকার সরকারি প্রিন্টিং প্রেসের (জিপি প্রেস) সহকারী পরিচালক খন্দকার মোহাম্মদ আলী, নীলফামারী জেলার কিশোরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান, বরিশালের সুজিত কুমার মণ্ডল, নীলফামারী কিশোরগঞ্জের হারুন-অর রশিদ, সাতক্ষীরার নিশিকান্ত মোহন্ত, পটুয়াখালীর উত্পল কবিরাজ, সুব্রত দাস ও আবদুল আজিজ।এদিকে ওই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বিজি প্রেসের কর্মচারী শহীদুল ইসলাম এবং ঘটনাস্থল রংপুর ভিন্ন জগতের মিলনায়তন যিনি বুকিং দিয়েছিলেন, নীলফামারী কিশোরগঞ্জের সেই আতিকুল ইসলামকে পুলিশ দুই মাসেও গ্রেপ্তার করতে পারেনি।রংপুরে প্রশ্নপত্র ফাঁসের মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান প্রথম আলোকে জানান, হাইকোর্টে জামিনের আবেদন করে তাঁরা জামিন পেয়েছেন।অভিযোগপত্র কবে দাখিল করা হবে, এমন প্রশ্নের উত্তরে আবদুল মান্নান বলেন, মামলার তদন্ত এখনো অনেক বাকি রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অনুযায়ী যাঁদের নাম এসেছে এমন কয়েকজন সরকারি চাকরিজীবীকে এখনো খোঁজা হচ্ছে। এ ছাড়া ওই পরীক্ষায় অংশ নিতে এসে বিভিন্ন জেলার যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের এলাকাগুলোতেও খোঁজখবর নেওয়া হচ্ছে। কেননা ওই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এ কারণে অভিযোগপত্র দাখিল করতে সময় লাগছে।উল্লেখ্য, গত ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিনোদনকেন্দ্র ভিন্ন জগতে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঘটনাস্থল থেকে ১৬৭ এবং পরবর্তী সময় আরও সাতজনসহ ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়।