প্রশ্নপত্র ফাঁস: রংপুরে আরও ৫ নারীর জামিন
মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রংপুরে গ্রেপ্তার হওয়া আরও পাঁচজন নারীকে আজ বৃহস্পতিবার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এ নিয়ে গ্রেপ্তার ২৫ নারীর মধ্যে ২৩ জন জামিন পেলেন। আদালত সূত্র জানায়, গতকাল বুধবার অতিরিক্ত বিচারিক আদালতে তাদের জামিন মঞ্জুর করা হয়। রংপুর কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, জামিনে মুক্তিপ্রাপ্ত নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাজমা বেগম, রাজশাহীর মাহবুবা খাতুন ও খালেদা পারভীন, বগুড়ার মাসুমা খাতুন ও মাদারীপুরের শিখা রানী।মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, প্রশ্নপত্র ফাঁসের স্থান ঢাকায় বিজি প্রেস ও সরকারি কর্মকমিশন (পিএসসি) কার্যালয় সরেজমিনে গিয়ে সেখানকার স্কেচ ম্যাপ তৈরি করা হয়েছে। এই ম্যাপ মামলার অভিযোগপত্রে জমা দিতে হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেছেন, রংপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে এখনো অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদে কোনো নতুন তথ্য মিলছে না। তবে এই চক্রটি শুধু যে রংপুরেই প্রশ্নপত্র ফাঁস করেছে তা নয়, এরা প্রশ্ন ফাঁস করে দেশের বিভিন্ন জেলায় তাদের সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করেন।উল্লেখ্য, গত ৮ জুলাই রংপুরে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলার গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নে বিনোদনকেন্দ্র ভিন্নজগতে প্রশ্ন, উত্তরপত্রসহ ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।