প্রশ্নপত্র ফাঁসে সরাসরি জড়িত ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১১ জনকে দায়ী করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরাসরি জড়িত এই চক্রের মধ্যে ছয়জন সরকারি ছাপাখানার (বিজি প্রেস), একজন সরকারি কর্মকমিশনের (পিএসসি) ও চারজন বহিরাগত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য বেরিয়ে এসেছে।অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার করা ১৪২ জনের জামিনের আবেদন করা হলে তা গতকাল রোববার মঞ্জুর করেননি আদালত।গতকাল তদন্ত কমিটির প্রধান শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেন।৩২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে সরকারি বিজি প্রেসের ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদার, বিজি প্রেসের গোপনীয় শাখার আইন সংশোধন, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের একাধিক সেট ছাপানোসহ মোট ১৫ দফা সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে কমিটি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে।তদন্ত প্রতিবেদনে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যে ১১ জন সরাসরি জড়িত বলে উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন বিজি প্রেসের কম্পোজিটর শহিদুল ইসলাম, এ বি এম মোস্তফা, বাইন্ডার লাবণী বেগম, সরকারি প্রিন্টিং প্রেসের হামিদুল ইসলাম, সহকারী পরিচালক খন্দকার মোহাম্মদ আলী ও প্রেসম্যান আবদুল জলিল এবং পিএসসির প্রশাসনিক কর্মকর্তা আবদুর রউফ।এ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাকার বাইরের জড়িতরা হলেন রংপুরের বিনোদনকেন্দ্র ভিন্ন জগতের কর্মচারী আতিকুল ইসলাম, শফিয়ার রহমান, আরিফ ও লালমনিরহাটের কিশোরীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান।তদন্ত প্রতিবেদনের বিভিন্ন বিষয় গতকাল সাংবাদিকদের সামনে তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এটা প্রাথমিক তদন্ত। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অপরাধী চক্রের হোতাদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার। ওই চেষ্টা সংশ্লিষ্টরা করছেন। মন্ত্রী জানান, এ চক্রটি ২০০৩ সাল থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত।৯ জুলাই সরকারি মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার আগের দিন রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত করা হয়। প্রাথমিকভাবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের কর্মচারীসহ ১৬৭ জনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। একইদিন এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠিত হয়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার করা ১৪২ জনের জামিন আবেদন করা হয়েছিল গতকাল রোববার। অতিরিক্ত বিচারিক আদালতের বিচারক রেজাউল করিম জামিন নামঞ্জুর করেন।প্রশ্নপত্র ফাঁস নিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে জড়িয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গতকাল রোববার সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা আওয়ামী লীগ । বেতপট্টির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক আবুল মনসুর আহমেদ সাংবাদিকদের বলেন, এই ঘটনার সঙ্গে যদি দলের কারও নাম আসে, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের অনুসন্ধান ও গ্রেপ্তার করা ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী, ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম ও মুরাদুজ্জামানের নাম এসেছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের জানানো হয়, পুলিশি তদন্তে তাঁরা অভিযুক্ত হলে শাস্তি পাবেন।জেলার পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে।