প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার দুই আসামির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে গ্রেপ্তার হওয়া আট আসামির রিমান্ড শেষ হয়েছে। এর মধ্যে দুই আসামি প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে খাদ্য মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের দল গতকাল সোমবার সকালে কুড়িগ্রামে আসে। সদস্যরা হলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল হাওলাদার, উপসচিব মো. আতাউর রহমান, খাদ্য বিভাগের পরিচালক বজলুল হাসান। তাঁরা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি), দুই আসামি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে গতকাল রাতে কুড়িগ্রাম ত্যাগ করেন। তবে তদন্তের স্বার্থে তাঁরা সাংবাদিকদের কোনো তথ্য দেননি।পুলিশ সূত্রে জানা যায়, খাদ্য বিভাগে সহকারী খাদ্য উপপরিদর্শক ও অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষার আগমুহূর্তে গত ২৭ জানুয়ারি ভোররাতে রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা গ্রাম থেকে পরীক্ষার প্রশ্নপত্রসহ আটজনকে গ্রেপ্তার করে কুড়িগ্রামের গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। কুড়িগ্রাম ডিবির পরিদর্শক মো. রেজাউল করিম গতকাল প্রথম আলোকে বলেন, তিন দিনের রিমান্ড শেষে গত রোববার আসামি আবদুল হাই, রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, লুৎফর রহমান, আসাদুজ্জামান ও হাসান বসুনিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর মধ্যে লুৎফর ও হাসান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য দুই আসামি আবদুল জলিল সরকার ও তাঁর ছেলে মাহফুজার রহমানের পাঁচ দিনের রিমান্ড গতকাল শেষ হয়েছে। তাঁদের দুজনকে আজ আদালতে হাজির করা হবে। ডিবি কর্মকর্তা রেজাউল বলেন, রিমান্ডে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করতে অনেক দূর অগ্রসর হওয়া গেছে। তদন্তের স্বার্থে বর্তমানে এর চেয়ে বেশি বলা সম্ভব হচ্ছে না।