প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রংপুরে আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গত বছর সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিআইডি পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে আরও দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ওই দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে এই মামলায় ১৭৮ জনকে গ্রেপ্তার করা হলো।এই দুজন হলেন রংপুর সদর উপজেলার হাজির হাট এলাকায় জাফরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক জাফিরুল ইসলাম (৩৪)। তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তালুকমদাতী গ্রামে। অন্যজন শহরের আদর্শপাড়ার বাসিন্দা ও মামলার অন্যতম আসামি বিজি প্রেসের কর্মচারী হামিদুল ইসলামের চাচাতো ভাই জুলহাস উদ্দিন(২৮)।রংপুর সিআইডি পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের আগের দিন এই দুজন মামলার অন্য আসামিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেছিলেন। প্রভাষক জাফিরুল মামলার অন্যতম আসামি নীলফামারীর কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহফুজের সঙ্গে মোবাইলে ১৯ বার, রংপুরের শফিয়ার রহমানের সাতবার, বিজি প্রেসের কর্মচারী হামিদুল ইসলামের সঙ্গে সাতবার কথা বলেন। সিআইডি বিষয়টি তদন্ত করে আজ ভোরে ওই দুজনকে শহরে ধাপ ও আদর্শপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে।উল্লেখ্য, গত বছর ৮ জুলাই রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিনোদন কেন্দ্র ভিন্নজগতে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঘটনাস্থল থেকে ১৬৭ এবং পরবর্তী সময়ে আরও সাতজনসহ ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়। প্রথমে এই মামলাটি ছিল রংপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে। গত বছরের ৮ ডিসেম্বর সিআইডির কাছে হস্তান্তর করা হয়।রংপুর সিআইডি পুলিশ সূত্র জানায়, প্রশ্নপত্র ফাঁসের চাঞ্চল্যকর এই মামলাটি গত ১২ ডিসেম্বর সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঢাকার সিআইডির সদর দপ্তরে গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি মামলার ৩৮ জন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়।এই মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই আজিজুল ইসলাম বলেন, মামলার অন্যতম আসামিদের সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সময় যাঁদের মোবাইল ফোনে কথা হয়েছে, তাঁদের গতিবিধি নজরে রাখা হচ্ছে। আশা করা হচ্ছে, এ মামলার আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেড়িয়ে আসবে।