প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার আরও ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ১৩ সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মহাখালীর সরকারি প্রেস থেকে অন্তর্বাসের মধ্যে রেখে প্রশ্নপত্র নিয়ে বেরিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন শাহেনশাহ ঠাকুর। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ছাপাখানার ব্যবস্থাপক ফাইজুর রহমান ও ওই ছাপাখানার কারিগর এস এম আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। ফাইজুরের ভাগনে শাহেনশাহ ঠাকুর। পুলিশ কর্মকর্তা বলেন, মামলাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ ধারণা করছে, নগরের একাধিক কোচিং সেন্টারের সঙ্গে ফাইজুরের যোগাযোগ রয়েছে। গতকাল ফাইজুর ও আলমগীরকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।