প্রশ্নপত্র ফাঁসের বড় চক্র রংপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া বিজি প্রেসের কম্পোজিটর এ টি এম মোস্তফা ও তাঁর শ্যালক রংপুরের জালালউদ্দিনের রিমান্ড গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। পুলিশ জানিয়েছে, রিমান্ডে এই দুজন স্বীকার করেছেন যে রংপুরে প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্র রয়েছে। এই চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রংপুরে বাড়ি এমন লোকজনের ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে শফিউরের ব্যাংক হিসাবে এক কোটি ৪৩ লাখ টাকা জব্দ করা হয়েছে। বাকিদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।অনুসন্ধানে জানা যায়, প্রশ্নপত্র ফাঁসের এই অপরাধ চক্র রংপুরের সিওবাজার কেল্লাবন্দ এলাকায় একটা বড় সিন্ডিকেট গড়ে তুলেছে। এই এলাকায় বিজি প্রেসের কম্পোজিটর মোস্তফার শ্বশুরবাড়ি। এই এলাকার পাশেই বিনোদনকেন্দ্র ভিন্নজগত। একই এলাকায় বিজি প্রেসের কম্পোজিটর মোস্তফার ভায়রা শফিউর, শ্যালক জালালউদ্দিন ও মোস্তফার খালাশাশুড়ির দেবর আবদুর রাজ্জাকের বাড়ি। এলাকার আরেক যুবক আতিকুল ইসলামকেও পুলিশ খুঁজছে, যাঁর নামে ভিন্নজগতের ড্রিম প্যালেস বুকিং ছিল।পুলিশ জানিয়েছে, বৃহত্তর রংপুরের পাঁচ জেলা নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও রংপুরের একটি বিশেষ চক্র এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত।এই চক্রের মধ্যে ঘটনার দিন ৮ জুলাই ভিন্নজগত থেকে লালমনিরহাটের পাটগ্রামের সাইফুল ইসলাম, একই এলাকার মাহবুব আলম, মহিদুল ইসলাম, আদিতমারী উপজেলার এ টি এম মোস্তফা, রংপুর সদরের হামিদুল ইসলাম, আবদুর রাজ্জাক, নুরুজ্জামান, মোহাম্মদ বখতিয়ার, শফিউর রহমান, জালালউদ্দিন, পীরগঞ্জ উপজেলার রুহুল আমিন, একই এলাকার আনিসুর রহমান, শাপলা, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনিরুজ্জামান মণ্ডল, গোবিন্দগঞ্জ উপজেলার মেহিদি হাসান, একই এলাকার আবদুল লতিফ প্রধান ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাহফুজার রহমানকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, চক্রটি সাত বছর ধরে প্রশ্নপত্র ফাঁস করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করেছে। তাদের মাধ্যমে গত কয়েক বছরে এসব এলাকার অনেক মানুষের সরকারি চাকরি হয়েছে। এসব বিশ্বাস থেকে তাদের কাছে মানুষ টাকা নিয়ে ধরনা দেয়। পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে জানান, ঢাকা ও রংপুরে পাঁচজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁরা পলাতক রয়েছেন। এ ছাড়া গ্রেপ্তারকৃত অনেকের ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে। যখনই কোনো কিছু সন্দেহ হচ্ছে, তখনই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জেলগেটে।গ্রেপ্তার রউফকে নির্দোষ দাবি: মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তারকৃত বিজি প্রেসের প্রশাসনিক কর্মকর্তা আবদুর রউফকে নির্দোষ দাবি করেছে তাঁর পরিবার। তারা এ ঘটনাকে ষড়যন্ত্র বলেও উল্লেখ করেছে।রউফের ছোট ভাই লুৎফুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, তিনি রংপুরের জেলহাজতে গিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করে এসেছেন। এ সময় রউফ তাঁকে বলেছেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। পিএসসিতে বিভিন্ন সময়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। লুৎফুর রহমান বলেন, ‘পিএসসির যেই সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে, তাঁর বিরুদ্ধেই আন্দোলন করেছিলেন রউফ। এ কারণে বিএনপির সময়ে তাঁকে নানাভাবে হেয় করা হয়েছে। আর সৎভাবে জীবন যাপন করছেন রউফ। পুলিশ তাঁর কোনো সম্পদ-অর্থ-বাড়ি-গাড়ি কিছুই পায়নি। ষড়যন্ত্র করেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।একই অভিমত পিএসসির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর। তাঁদের বক্তব্য, রউফ এর আগে পিএসসির টেলিফোন অপারেটর ছিলেন। তিনি কখনো কোনো ইউনিটে ছিলেন না। সত্যিকারের অপরাধীদের আড়াল করার জন্যই এই ষড়যন্ত্র চলছে। তদন্ত প্রতিবেদন আজ: মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) তদন্ত কমিটি আজ বুধবার প্রতিবেদন দিতে পারে। বিজি প্রেসের উপপরিচালক মজিবুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে জানান, তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। বুধবার এই প্রতিবেদন দেওয়া হবে।