প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের তালিকা প্রকাশের সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা প্রকাশ এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে অনুমিত হিসাবসম্পর্কিত সংসদীয় কমিটি। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।আজ সোমবার সংসদ সচিবালয়ে কমিটির সভায় এ সুপারিশ করা হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ খরচের ব্যাপারে স্বচ্ছতা বিধান এবং দুর্নীতি রোধ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, মোস্তফা ফারুক মোহাম্মদ, এস কে বাকের, মোহম্মদ রফিকুল ইসলাম, ফজলে হোসেন বাদশা ও ফরিদুন্নাহার লাইলী উপস্থিত ছিলেন।সভায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ এর সঙ্গে গোটা জাতির ভবিষ্যতের সম্পর্ক রয়েছে। তাই এ ধরনের অপকর্মে জড়িত ব্যক্তিদের কোনোমতেই ছাড় দেওয়া যাবে না।সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ হাজার কম্পিউটার দেওয়ার যে তালিকা দেওয়া হয়েছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মান সম্পর্কে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করেছে কমিটি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি কমিটিকে অবহিত ও প্রশিক্ষণ প্রকল্পসহ অন্যান্য প্রকল্পগুলোর মনিটরিং সিস্টেম উন্নয়নের বিষয়ে সুপারিশ করা হয়। সভায় সাংসদদের তালিকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে বিতর্কিত মাদ্রাসার নাম কীভাবে এমপিওর তালিকায় অন্তর্ভুক্ত হলো তাও খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।