প্রশ্নপত্র বিতরণে ভুল: তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
এসএসসি পরীক্ষার প্রথম দিনে প্রশ্নপত্র বিতরণে ভুল করার ঘটনায় দোষী কেন্দ্র সচিব, শিক্ষক ও কর্মকর্তাদের চিহ্নিত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বোর্ড চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শিগগিরই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের আজ এই নির্দেশ দেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) এ এস মাহমুদ প্রথম আলো অনলাইনকে বলেন, গণমাধ্যমে আজ এ বিষয়ে সংবাদ প্রকাশের পর শিক্ষামন্ত্রী এই নির্দেশ দেন। ওই নির্দেশনায় আরও বলা হয়, ভুক্তভোগী পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। আগামী পরীক্ষাগুলোতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।২০১২ সালের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশকিছু কেন্দ্রে ২০১১ সালের সিলেবাসের তৈরি প্রশ্নপত্র দেওয়া হয়। আবার কোথাও এর উল্টো ঘটনাও ঘটেছে। এ কারণে প্রস্তুতি ভালো থাকলেও অনেকেরই পরীক্ষা ভালো হয়নি। এতে পরীক্ষার্থী ও অভিভাবক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কেন্দ্র সচিবকে অব্যাহতি পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা জানিয়েছেন, বরগুনার পাথরঘাটায় এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেএম পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো. মোস্তাফিজুর রহমানকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।সূত্র জানায়, গতকাল বুধবার ওই পরীক্ষা কেন্দ্রে, ২০১১ সালের অনিয়মিত ৯৮ জন পরীক্ষার্থীকে ২০১১ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০১২ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করা হয়। পরে বিষয়টি বরিশাল শিক্ষা বোর্ডকে জানানো হলে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর কেন্দ্র সচিব মো. মোস্তাফিজুর রহমানকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন।