প্রশ্নবিদ্ধ বাড়িভাড়া আইন
দেড় কোটি মানুষের এই ঢাকা শহরে বাড়িভাড়া দিন দিন বাড়ছে। তদারকির কেউ নেই। ফলে আয়ের অধিকাংশই যায় বাড়িভাড়ায়। বাড়িভাড়া নিয়ন্ত্রণের জন্য আইন থাকলেও তা কার্যকর নেই। ডিসিসির তালিকাও মানছে না কেউ। ভাড়াটের সঙ্গে চুক্তির নিয়ম ও দুই বছরের মধ্যে ভাড়া বাড়ানোর নিয়ম না থাকলেও হরহামেশাই তা হচ্ছে। বাড়িওয়ালাদের ৮০% বাড়িভাড়ার আয় দিয়ে চলেন। কোনো কিছুর দাম বাড়লেই ভাড়া বাড়ান মালিকেরা। প্রতিবেদনগুলো তৈরি করেছেন শরিফুল হাসানকোনো ভাড়াটের কাছে জামানত বা কোনো টাকা দাবি করতে পারবেন না বাড়িওয়ালা। এক মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। প্রতি মাসে ভাড়া নেওয়ার রসিদ দিতে হবে, নইলে বাড়িওয়ালা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। দুই বছর পর্যন্ত ভাড়া বাড়ানো যাবে না। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে দ্বিগুণ অর্থদণ্ডে দণ্ডিত হবেন।ভাড়াটেদের স্বার্থরক্ষায় এমন আরও অনেক কথাই উল্লেখ আছে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনে। শুধু ভাড়াটে নন, বাড়িওয়ালাদের স্বার্থরক্ষার বিষয়টিও আছে এই আইনে। তবে একটি বাসার ভাড়া কত হবে, সেটি নির্ধারণ করার বিষয়টি অত্যন্ত ত্রুটিপূর্ণ এই আইনে।১৯৯১ সালে সরকার আইনটি জারি করে। দেশের কোথাও এ আইন পুরোপুরি কার্যকর নেই। তা ছাড়া আইনটি যুগোপযোগীও নয়; বরং আইনে ভাড়া নির্ধারণের ধারাটি প্রশ্নবিদ্ধ।ঢাকা ভাড়াটিয়া উন্নয়ন সোসাইটির আইনবিষয়ক সম্পাদক আইনজীবী আবু কায়ছার প্রথম আলোকে বলেন, ১৯৯১ সালের আইনে বাড়িওয়ালা ও ভাড়াটে—সবার মোটামুটি অধিকার সংরক্ষণ করা হয়েছে। এ আইন অনুযায়ী, ভাড়াটে বাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই বাড়িওয়ালার সঙ্গে চুক্তি করবেন। ভাড়া কত টাকা, কত বছর পর ভাড়া বাড়বে—এসবই উল্লেখ থাকবে চুক্তিতে। প্রতি মাসে ভাড়ার রসিদ দিতে হবে। বাড়িওয়ালা চুক্তি না করলে ভাড়াটে তাঁকে আইনি নোটিশ দিতে পারবেন। হুট করে ভাড়া বাড়ানো হলে ভাড়াটে আদালতে যেতে পারবেন। এর ফলে ভাড়া জমা হবে আদালতে। কিন্তু সচেতনতা কিংবা সাহসের অভাবে ভাড়াটেরা আদালতে যান না।ভাড়া কত হবে?: বাড়িভাড়া আইনের সবচেয়ে বড় সমস্যা, এ আইনে বাড়িভাড়ার পরিমাণ নির্ধারণ করতে গিয়ে ‘মানসম্মত ভাড়া’ শব্দটি ব্যবহার করা হয়েছে। মানসম্মত ভাড়া সম্পর্কে আইনের ১৫(১) ধারায় বলা হয়েছে, ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হবে না।বাংলাদেশ ভাড়াটিয়া অধিকার সংরক্ষণ সোসাইটির মহাসচিব কামরুদ্দীন প্রথম আলোকে বলেন, আইনের এই ধারাটিই সবচেয়ে বড় সমস্যা। কারণ, ১৯৯১ সালে আইনটি করার সময় একটি বাড়ি নির্মাণের খরচ বর্তমানের তুলনায় অনেক কম ছিল। আবার তখন ফ্ল্যাটও সেভাবে ছিল না। ফলে তখনকার পরিপ্রেক্ষিতে ১৫ শতাংশ ধরলে ঠিকই ছিল। কিন্তু এখন একটি ফ্ল্যাটের বাজারমূল্য যদি ৫০ লাখ টাকা হয়, তাহলে তার ১৫ শতাংশ আসবে সাড়ে সাত লাখ টাকা। ১২ দিয়ে ভাগ করলে প্রতি মাসে ছোট্ট একটি ফ্ল্যাটের ভাড়া আসবে ৬২ হাজার ৫০০ টাকা। এটি অবাস্তব। কাজেই আইনের এই ধারাটি যুগোপযোগী করে এমন করতে হবে, যেন ভাড়াটে ও বাড়িওয়ালা—দুজনই সেটি মানতে পারেন। এ ছাড়া আরেকটি সমস্যা এই আইন না মানলে কী হবে, সেটি কোথাও পরিষ্কার করে বলা হয়নি।নিয়ন্ত্রকের ক্ষমতা ও দায়িত্ব: বাড়িভাড়া আইনের ৩-এর ধারায় বলা হয়েছে, সরকার এই আইনের অধীনে কোনো ব্যক্তিকে কোনো এলাকার জন্য নিয়ন্ত্রক নিয়োগ করতে পারবেন। নিয়ন্ত্রক বাড়ির মালিক বা ভাড়াটের দরখাস্তের ভিত্তিতে মানসম্মত ভাড়া নির্ধারণ করতে পারবেন। জজ আদালতে এ ধরনের এলাকাভিত্তিক নিয়ন্ত্রক থাকলেও সাধারণ মানুষ তা জানে না।ভাড়া বৃদ্ধির ওপর বিধিনিষেধ: আইনের ৭ ধারা অনুযায়ী, কোনো বাড়ির ভাড়া মানসম্মত ভাড়ার বেশি বাড়ানো হলেও তা আদায়যোগ্য হবে না। ধারা ৮-এ বলা আছে, বাড়ির মালিক বাড়িভাড়া দেওয়ার পরও নিজ খরচে বাড়িটির এমন কিছু উন্নয়নসাধন করেন অথবা আসবাব সরবরাহ করে থাকেন, যাকে বাড়ি মেরামত বলা যায় না, তবে বাড়ির উন্নয়ন বলা যায়। এরূপ ক্ষেত্রে বাড়ির মালিক ও ভাড়াটে পরস্পর সম্মত হয়ে অতিরিক্ত ভাড়া নির্ধারণ করতে পারবেন। এ ছাড়া বাড়ির পৌরকর, টোল ইত্যাদি বাড়লে ভাড়া বাড়তে পারে।ভাড়া আদায়ের রসিদ: আইনের ১৩-এর ১ ধারা অনুযায়ী, বাড়ির মালিক ভাড়া পরিশোধের রসিদ দেবেন। রসিদের একটি অংশ অবশ্যই বাড়ির মালিককে সংরক্ষণ করতে হবে। ঢাকা ভাড়াটিয়া উন্নয়ন সোসাইটির মহাসচিব মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ঢাকার বেশির ভাগ বাড়িওয়ালা ভাড়ার রসিদ দেন না। আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ।সিটি করপোরেশনের তালিকা অবাস্তব: বাড়ির বাজারমূল্য নির্ধারণ করার পদ্ধতিও বাড়িভাড়া নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৬৪-এ স্পষ্ট করা আছে। এটাকে সর্বস্তরে গ্রহণযোগ্য করতে ঢাকা সিটি করপোরেশন ঢাকা মহানগরকে ১০টি অঞ্চলে ভাগ করে সম্ভাব্য বাড়িভাড়া নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এতে ভাড়ার হার খুবই কম দেখানো হয়েছে, যা বাস্তবসম্মত নয়। যেমন, ধানমন্ডি এলাকায় মূল রাস্তার পাশে একটি বাসার ভাড়া প্রতি বর্গফুট ৮ থেকে ১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে এক হাজার বর্গফুটের একটি বাসার ভাড়া হবে আট থেকে ১৩ হাজার টাকা। তা ছাড়া সিটি করপোরেশনের এই তালিকা সম্পর্কে সাধারণ মানুষ কিছু জানেও না।অগ্রিম ভাড়া ও জামানত: আইনের ১০ নম্বর ধারায় বলা আছে, ভাড়া দেওয়ার সময় অতিরিক্ত সালামি, জামানত বা অনুরূপ কোনো টাকা দাবি বা গ্রহণ করতে পারবেন না। ভাড়াটিয়া অধিকার সংরক্ষণ সোসাইটির মহাসচিব কামরুদ্দীন বলেন, এই আইন না মেনে ঢাকা শহরের অনেক বাড়িওয়ালা ৫০ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত অগ্রিম নিচ্ছেন।নিয়ন্ত্রকেরা যা বলেন: ঢাকায় এখন মোট ১০ জন বাড়িভাড়া নিয়ন্ত্রক রয়েছেন। তাঁরা সবাই সহকারী জজ। তবে ঢাকার বেশির ভাগ ভাড়াটে আইন সম্পর্কে না জানার কারণে এই নিয়ন্ত্রকদের আদালতে যান না। ঢাকার একজন বাড়িভাড়া নিয়ন্ত্রক সৈয়দ মুশফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিদ্যমান আইনে ভাড়ার হার নির্ধারণ থেকে শুরু করে অন্য সব সুবিধাই পাবেন বাড়িওয়ালা ও ভাড়াটেরা। আইন অনুযায়ী, বাড়িওয়ালারা দুই বছরের মধ্যে ভাড়া বাড়াতে পারবেন না। দুই বছর পর ভাড়া বাড়ালেও উভয় পক্ষের মধ্যে আলোচনা করে ভাড়া বাড়াতে হবে। কেউ সেটা না মানলে ভাড়াটের সেই ভাড়া মানসম্মত মনে না হলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। আদালতে রিট: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে গত বছরের ২৬ এপ্রিল জনস্বার্থে একটি রিট করেন বেসরকারি সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি মনজিল মোরসেদ। রিট আবেদনের শুনানিতে আদালতকে তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনের নির্ধারিত মানসম্মত ভাড়ার তালিকা অনুসারে ভাড়া আদায়ে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এই আইন অনুসারে বিধিমালা প্রণয়নের বিধান থাকলেও তা করা হয়নি। ফলে বাড়ির মালিকের বেআইনি কর্মকাণ্ডে ভাড়াটেরা অমানবিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।২০১০ সালের ২৫ এপ্রিল করা এই রিটের পরিপ্রেক্ষিতে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকরের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। রিট আবেদনকারী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ‘কোন এলাকার ভাড়া কত হবে, তা সুনির্দিষ্ট করে সরকার একটি প্রজ্ঞাপন জারি করুক, এটি কার্যকর হোক—সেটাই রিট আবেদনে চাওয়া হয়েছে। পুরোনো আইন: বাড়িভাড়া নিয়ন্ত্রণ-সম্পর্কিত অধ্যাদেশটি প্রথম জারি করা হয় ১৯৬৩ সালে। পরের বছর বাড়িভাড়া নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়, যা দেশ স্বাধীনের পরও ১৯৮৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ ছিল। ১৯৮৬ সালে বাড়িভাড়া নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করে ১৯৬৩ সালের অধ্যাদেশটি বাতিল করা হয়। এর মেয়াদ ছিল তিন বছর এবং তা ১৯৮৯ সালে শেষ হয়। এরপর অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ বর্তমানে প্রচলিত বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ জারি করেন। এ আইনে কোনো মেয়াদের কথা উল্লেখ নেই।আইনের কোন ধারায় কী আছে১৫.১ ধারায় বলা হয়েছে, ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হবে না। এ হিসেবে একটি ফ্ল্যাটের দাম ৫০ লাখ টাকা হলে মাসিক ভাড়া হবে ৬২ হাজার ৫০০ টাকা। কিন্তু এই টাকায় সহজে কেউ বাসাভাড়া নেবে না।১০ ধারায় বলা আছে, ভাড়া দেওয়ার সময় অতিরিক্ত সালামি, জামানত বা অনুরূপ কোনো টাকা দাবি বা গ্রহণ করতে পারবেন না। কিন্তু হরহামেশাই সেটি হচ্ছে। এ ছাড়া অগ্রিম ভাড়া হিসেবে এক মাসের ভাড়ার অতিরিক্ত টাকা দাবি বা গ্রহণ করতে পারবেন না। নিলে অর্থদণ্ড হবে। আইন থাকলেও এটি দেখার কেউ নেই।৭ ধারা অনুযায়ী, কোনো বাড়ির ভাড়া মানসম্মত ভাড়ার বেশি নেওয়া যাবে না। বেশি নিলে আদালতে যাওয়া যাবে। তবে মানসম্মত ভাড়া সহজে ঠিক করা যায় না।১৩.১ ধারা অনুযায়ী, বাড়ির মালিক ভাড়া পরিশোধের রসিদ ভাড়াটেকে দেবেন। রসিদের একটি অংশ অবশ্যই বাড়ির মালিককে সংরক্ষণ করতে হবে।