প্রশ্নের উত্তরে থাকতে হবে সৃজনশীলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, বাংলা প্রথম পত্র সৃজনশীল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ক. সৃজনশীল অংশ = ৬০ নম্বর। খ. বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ৪০টি, মান ৪০ নম্বর। ব্যাকরণ অংশে বেশি গুরুত্ব দিতে হবে। ব্যাকরণ অংশের প্রশ্ন নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। এ অংশে প্রশ্নপত্রের আটটি প্রশ্ন থেকে, যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হয়। এ ক্ষেত্রে শব্দপ্রকরণ, শব্দ গঠন, বাক্যপ্রকরণ, উপসর্গ, ণত্ব ও ষত্ব বিধান, সমাস-সন্ধি থেকে প্রায়ই ব্যাকরণ অংশের প্রশ্ন আসে। যেকোনো প্রশ্নের উত্তর লেখা শুরু করলে তার চারটি অংশের উত্তরই ধারাবাহিকভাবে লিখবে।জ্ঞানমূলক প্রশ্নের নম্বর ১। এর উত্তর একটি শব্দে, একাধিক শব্দে বা একটি বাক্যে দেওয়া যাবে। তবে পূর্ণাঙ্গ বাক্যে দিলে ভালো। এ ক্ষেত্রে বানানের প্রতি যত্নবান হতে হবে, বানান ভুল হলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে। যেমন ধরো: ‘একটি ফটোগ্রাফ’ কবিতার রচয়িতা কে? এখানে ‘শামসুর রাহমান’-এর নামের বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে। অনুধাবনমূলক প্রশ্নের নম্বর ২। একটি নম্বর জ্ঞানের জন্য আরেকটি নম্বর অনুধাবনের জন্য। জ্ঞানমূলকের উত্তর আগে লিখে অনুধাবনের উত্তর পরে লেখাই ভালো। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এক বা দুই প্যারাতে লেখা যায়। তবে দুই প্যারাতে লিখলে সবচেয়ে ভালো হয়। এখানে অযথা লেখকের কোনো বিশেষণ দেবে না। মনে রাখবে, সৃজনশীল প্রশ্নের উত্তর হবে ‘জিরো ফ্যাট’ অথবা ভাবতে হবে বেশি কিন্তু লিখতে হবে কম। প্রশ্নের উত্তরে অপ্রাসঙ্গিক কিছু লিখবে না।প্রয়োগমূলক প্রশ্নের মোট নম্বর ৩। ১ নম্বর জ্ঞানের জন্য, ১ নম্বর অনুধাবনের জন্য এবং ১ নম্বর প্রয়োগের জন্য। তিন প্যারা করে উত্তর লিখবে। প্রয়োগ মানে, শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে যা জেনেছে এবং যা বুঝেছে, তা নতুন ক্ষেত্রে অর্থাৎ উদ্দীপকে প্রয়োগ করবে। কাজেই উদ্দীপকটি যেভাবেই এর আলোকে তৈরি করা হয়েছে অর্থাৎ উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট গল্প/কবিতার যে দিকটি সাদৃশ্য/বৈসাদৃশ্য থাকে সেটাই জ্ঞান। এ দিকটি একটি বাক্যে লিখতে পারলেই ১ নম্বর অর্থাৎ জ্ঞানের উত্তর হয়ে গেল। তার পরও প্রসঙ্গটি পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করাই হলো অনুধাবন। দ্বিতীয় প্যারায় অনুধাবনের অংশের উত্তর লিখবে এবং সবশেষে এই দিকটি উদ্দীপকে কীভাবে ফুটে উঠেছে তা বর্ণনা করবে।উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মোট নম্বর ৪। ১ নম্বর জ্ঞানের জন্য, ১ নম্বর অনুধাবনের জন্য, ১ নম্বর প্রয়োগের জন্য এবং ১ নম্বর উচ্চতর দক্ষতার জন্য। উচ্চতর দক্ষতা মানেই একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রশ্নেই সাধারণত একটা অনুসিদ্ধান্ত দেওয়া থাকবে। যদি সিদ্ধান্তটি সঠিক হয়, তাহলে সেটাকে ব্যাখ্যা-বিশ্লেষণ করে উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করবে যে সিদ্ধান্তটি সঠিক। আর যদি ভুল হয় তাহলে কেন ভুল, সেটাও প্রমাণ করবে। অনেক ক্ষেত্রে সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে। সেক্ষেত্রে উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের যে অংশটুকুর মিল আছে তা বর্ণনা করতে হবে এবং সর্বশেষ সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্যটি/সিদ্ধান্তটি আংশিক সত্য, পুরোপুরি নয়। বিচার বিশ্লেষণ-সংশ্লেষণ, মূল্যায়ন করে সিদ্ধান্ত দেওয়ার নামই উচ্চতর দক্ষতা। এ ক্ষেত্রে সিদ্ধান্তটি ভালোভাবে পড়ে পাঠ্যবইয়ের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে।প্রভাষক, রূপনগর মডেল কলেজ, ঢাকা