প্রশ্নোত্তরে প্রাণবন্ত গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যালকুলেটরের কি-বোর্ডে সংখ্যাগুলো উল্টো করে সাজানো কেন? রোমান সংখ্যায় শূন্য নেই কেন? গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না কেন?—এমনি সব জিজ্ঞাসার উত্তর জানতে শিক্ষার্থীরা ছিল উদ্গ্রীব। আর উত্তর দিতে দিতে বিশেষজ্ঞ অতিথিরা মুগ্ধ হচ্ছিলেন বুদ্ধিদীপ্ত সব প্রশ্ন শুনে। গতকাল শুক্রবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১১-এর আসরটি এভাবেই প্রশ্নোত্তরে প্রাণবন্ত হয়ে ওঠে।উৎসবে বিশেষজ্ঞ অতিথি গণিতবিদ খোদাদাদ খান গণিতের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘গণিতে মিথ্যার কোনো আশ্রয় নেই। দাঁড়ি, কমা অঙ্কের কোনো অংশ নয়। ছাত্রের যুক্তি ঠিক আছে কি না, সেটাই বিবেচ্য। নতুন কোনো যুক্তি দিয়ে কোনো শিক্ষার্থী সমস্যার সমাধান করতে পারলে তাকে ৫-এর জায়গায় ৬ নম্বর দিয়ে উৎসাহিত করা উচিত।’কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়া উপেক্ষা করে সকাল সাড়ে সাতটা থেকে শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে উৎসবস্থলে জড়ো হতে থাকে। সাড়ে আটটার মধ্যেই খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে জিলা স্কুল মাঠ মুখরিত হয়ে ওঠে।সকাল নয়টায় জাতীয় সংগীত গেয়ে, বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। খুলনার জেলা প্রশাসক মো. জমসের আহম্মাদ খন্দকার জাতীয় পতাকা উত্তোলন করেন। এ ছাড়া বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন যথাক্রমে ডাচ্-বাংলা ব্যাংকের খুলনা শাখার প্রধান মঞ্জুরুল আলম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলমগীর।সকাল পৌনে ১০টায় পরীক্ষা শুরু হয়। তিন জেলার ১০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলে সোয়া এক ঘণ্টা। বেলা ১১টায় গণিতের গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বন্ধুত্ব পর্ব। গান শোনায় সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের চাঙা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে রক্ষার আবেদন নিয়ে হাজির হন স্বেচ্ছাসেবী সংস্থা রূপান্তরের শিল্পীরা। তাঁরা ঐতিহ্যবাহী পটগান শোনান। গান শেষ হতেই অনুষ্ঠিত হয় কুইজ। এ পর্বে খুলনা বন্ধুসভার সদস্যরা বাঁশির সুরের মূর্ছনা ও রম্য সংবাদ পরিবেশন করেন। উপস্থাপক মুনির হাসান মিথ্যা, মাদক ও মুখস্থ—এই তিনটি ‘ম’-কে না বলার আহ্বান জানালে শিক্ষার্থীরা এ আহ্বানে সাড়া দিয়ে সমস্বরে ‘না’ বলে। অনুষ্ঠানে নিজের কর্মময় জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন খুলনার বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আবদুল জব্বার মোল্লা। তিনি শিক্ষার্থীদের প্রতি সত্য কথা বলা, মানুষের আস্থা অর্জন ও মা-বাবার সেবা করার আহ্বান জানান।বিশেষজ্ঞ অতিথি গণিতবিদ লুৎফুজ্জামান এখনকার গণিতশিক্ষকদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকেরা ক্লাসে তা-ই পড়াচ্ছেন, যা তিনি পড়ে এসেছেন। কিন্তু এমন কিছু তাঁরা পড়াতে পারছেন না, যা তাঁরা শিখেছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদী, ডাচ্-বাংলা ব্যাংকের খুলনা শাখার প্রধান মঞ্জুরুল আলম, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মালেকা বেগম, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা নাজ, প্রথম আলোর খুলনা আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান ও খুলনা বন্ধুসভার সভাপতি সজিব কুমার মহলী। গণিত উৎসবে চারটি শাখায় ৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর আগে ‘আমরা করব জয়’ গানটি গাওয়া হয়।