প্রসঙ্গ ‘সেনগুপ্ত টেলিকম’, ডাকা হতে পারে সুরঞ্জিতকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে সৌমেন সেনগুপ্তের ‘সেনগুপ্ত টেলিকম’ ও এর সম্পত্তির বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় সুরঞ্জিত সেনগুপ্তকেও তলব করতে পারে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রতিরোধ) এম এইচ সালাউদ্দিন এ তথ্য জানান। এম এইচ সালাউদ্দিন বলেন, গতকাল সোমবার বিকেলে সৌমেন সেনগুপ্তের সেনগুপ্ত টেলিকম এবং তাঁর সম্পত্তি ও ব্যবসার বিষয়ে তদন্ত করতে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়। দুদকের উপপরিচালক আকতার হামিদ ভূঁইয়া ও সহকারী পরিচালক মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত এই তদন্ত কমিটি সৌমেন সেনগুপ্তের ব্যক্তিগত আয়ের উত্স, ব্যবসা ও পারিবারিক সম্পদের হিসাব অনুসন্ধান করে দেখবে।সালাউদ্দিন আরও বলেন, এখন পর্যন্ত সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে সরাসরি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সৌমেনের পারিবারিক সম্পদের হিসাব অনুসন্ধানের ব্যাপারে ঘটনাক্রমেই তাঁকে তলব বা জিজ্ঞাসাবাদ করতে হতে পারে।বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের নিয়োগ-বাণিজ্য এবং সম্প্রতি উদ্ধারকৃত ৭০ লাখ টাকার বিষয়ে অনুসন্ধান করে দেখা হচ্ছে বলেও জানান এম এইচ সালাউদ্দিন। তিনি বলেন, এ ব্যাপারে এনামুল, মৃধা ও ওমর ফারুকের আর্থিক লেনদেনের বিষয়ে জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক ও এনবিআরের কাছে ডেসটিনির সব পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর্থিক লেনদেনের বিষয়ে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ও এনবিআরের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক।