প্রসব-পরবর্তী অবসাদে করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কেবলই মা হলেন, জীবনের সবচেয়ে সুখের একটি ঘটনা। আর আপনি কিনা মন খারাপ করে আছেন? কোনো কারণ ছাড়াই আপনার কেমন যেন মন খারাপ লাগছে, তাই না? একদম অবাক হবেন না। আপনি একা নন, প্রায় ৮০ শতাংশ নারীই প্রসব-পরবর্তী সময়ে অবসাদে ভুগে থাকেন। এ সময় মেজাজে নানা রকম তারতম্য ঘটে। যেমন—মন খারাপ লাগা, একাকিত্ব বোধ, অকারণ ভয় বা কান্না, অথবা নবজাতকের প্রতি বিরূপ মনোভাব এবং এই অনুভূতির জন্য অপরাধবোধ ইত্যাদি।বেশির ভাগ মায়ের মধ্যে এই উপসর্গগুলো মৃদু ধরনের থাকে এবং কিছুদিনের মধ্যে নিজে থেকেই চলে যায়। তবে ১০ থেকে ২০ শতাংশ নারীর মধ্যে উপসর্গগুলো এমন বিশৃঙ্খলতার মাত্রায় পৌঁছায়, যাকে আমরা সাধারণভাবে ‘প্রসবোত্তর অবসাদ’ বলি। প্রসবোত্তর উপসর্গ প্রায় ৫০ থেকে ৮৫ শতাংশ সদ্য প্রসূতি নারী প্রসব-পরবর্তী কয়েক সপ্তাহ পর্যন্ত এ ধরনের অবসাদ বোধ করেন। এ পর্যায়ে অবসাদগ্রস্ত মায়েরা সাধারণভাবে যে ধরনের অভিজ্ঞতার কথা বলেন তা হলো, ঘন ঘন কান্না পাওয়া, ঘুমে ব্যাঘাত, উৎকণ্ঠা ও বিরক্তিভাব। এই উপসর্গগুলো সাধারণভাবে প্রসব-পরবর্তী চতুর্থ বা পঞ্চম সপ্তাহে সবচেয়ে তীব্র থাকে এবং তা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হয়ে দুই সপ্তাহের মধ্যে নিজে থেকেই চলে যেতে পারে। যদিও এই উপসর্গগুলো সম্পর্কে আগে থেকে আঁচ করা যায় না, তবে এতে মায়ের সাধারণ দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে বা নবজাতকের দেখাশোনা করতে কোনো অসুবিধা হয় না। তবে খেয়াল রাখতে হবে যে উপসর্গগুলো যদি দুই সপ্তাহের বেশি স্থায়ী হয়, তবে কোনো চিকিৎসক বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।প্রসবোত্তর অবসাদ চিকিৎসার ভাষায় এটিকে নন-সাইকটিক অবসাদও বলা হয়। সাধারণভাবে প্রসব-পরবর্তী প্রথম দুই থেকে তিন মাসের মধ্যে এই অবসাদ এসে থাকে। তবে এটা প্রসবোত্তরকালীন যেকোনো সময়ও হতে পারে। এ ধরনের অবসাদকে জীবনের অন্য কোনো পর্যায়ে আবির্ভূত সাধারণ অবসাদ থেকে ক্লিনিক্যালি আলাদা করা যায় না। এ সময়ের সাধারণ উপসর্গগুলো হলো—মন খারাপ লাগা, ঘন ঘন কান্না, সাধারণ দৈনন্দিন কাজকর্মে অনীহা, অপরাধবোধ, নিজেকে অপদার্থ বোধ, ক্লান্তি, ঘুমে ব্যাঘাত, ক্ষুধায় পরিবর্তন, মনোযোগে ঘাটতি এবং আত্মহত্যার ভাবনা। এ সময়ে উৎকণ্ঠাও বিশেষভাবে চোখে পড়ে। কোনো কোনো মায়ের মধ্যে প্যানিক অ্যাটাক বা হাইপোকন্ড্রিয়াসিসের লক্ষণও দেখা যায়। এ সময় কোনো কোনো মা প্রসবোত্তরকালীন অবসেসিভ কম্পালসিভ ডিজ-অর্ডারেও ভুগতে পারেন, যেমন—নবজাতককে আঘাত করার ইচ্ছা, অবান্তর চিন্তা ইত্যাদি। যেসব কারণে এ ধরনের অবসাদ হতে পারে তা হলো, অবসাদের পূর্ব ইতিহাস, মনঃসামাজিক চাপ, অপর্যাপ্ত সামাজিক সহায়তা, দাম্পত্য অশান্তি এবং পূর্ববর্তী মাসিকজনিত বিশৃঙ্খলা। এ ধরনের অবসাদগ্রস্ত মায়ের সাধারণ দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে বা নবজাতকের দেখাশোনা করতে অসুবিধা হয়। প্রসবোত্তরকালীন সাইকোসিস প্রসবোত্তরকালীন মানসিক বিশৃঙ্খলার মধ্যে এটি সবচেয়ে মারাত্মক বা ক্ষতিকারক। প্রসবের পর প্রায় প্রতি এক হাজার মায়ের মধ্যে দু-একজনের এ ধরনের সাইকোসিস দেখা দেয়। এর উপসর্গগুলো নাটকীয়ভাবে হেরফের হতে পারে এবং প্রসবের ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে। সাধারণত প্রসবোত্তর প্রথম দুই সপ্তাহের মধ্যে উপসর্গগুলো সুস্পষ্ট হয়। যেমন—ভ্রান্ত বিশ্বাস, হ্যালুসিনেশনস (অলীক শব্দ শুনতে বা কিছু দেখতে পাওয়া, ঘুমে ব্যাঘাত, বিরক্তিভাব, খিটখিটে মেজাজ ইত্যাদি)। এ অবস্থায় মাকে অবশ্যই তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। চিকিৎসার অংশ হিসেবে ব্যক্তিপর্যায়ে বা দলীয় থেরাপি, দাম্পত্য কাউনসেলিং ও ওষুধের ব্যবহার হতে পারে। চিকিৎসার বাইরেও এ সময় যা হতে পারে তা হলো—নবজাতকের যত্নের ব্যাপারে পরিবারের অন্য সদস্যদের সাহায্য যতটা পারা যায় নেওয়া, মায়ের নিজের প্রতি যত্ন নেওয়া, নবজাতকের ঘুমের সঙ্গে সঙ্গে নিজেও একটু ঘুমিয়ে নেওয়া, যত দূর সম্ভব বিশ্রাম নেওয়া, যত দূর সম্ভব একা না থাকা, জীবনসঙ্গীর সঙ্গে যতটা সম্ভব সময় কাটানো, প্রতিদিন গোসল করা ও কাপড় বদলানো, বাড়ির বাইরে একটু হেঁটে আসা, কোনো বন্ধুর বাসায় যাওয়া, যে কাজগুলো পছন্দের সেই কাজগুলো উপভোগ করা ইত্যাদি। সবশেষে বলছি, নিজের কাছে অনেক বেশি প্রত্যাশা এবং বাড়ির কাজ নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা না করে বরং সবকিছুকে সহজভাবে নিতে চেষ্টা করুন, দেখবেন অবসাদ চলে গেছে।