প্রসবসংক্রান্ত জটিলতা ৫৩ শতাংশ মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভ বা প্রসবসংক্রান্ত জটিলতার সম্মুখীন হন ৫৩ শতাংশ মা। অর্থাৎ সর্বশেষ ২০১০ সালের মাতৃমৃত্যু জরিপ অনুযায়ী অর্ধেকেরও বেশি মা বিভিন্ন জটিলতায় ভুগছেন। কেউ কেউ জটিলতার যন্ত্রণা ভোগ করেন জীবনভর।সরকার, যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি, অস্ট্রেলিয়ার অসএইড ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের আর্থিক সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) ‘বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ-২০১০’ পরিচালনা করে। জরিপ অনুযায়ী গর্ভধারণের যেকোনো পর্যায়ে অন্তত একটি হলেও জটিলতার শিকার হন ৫৩ শতাংশ নারী। এর মধ্যে গর্ভকালীন ৪০ শতাংশ, প্রসবের সময় ২৮ ও প্রসব-পরবর্তী ২০ শতাংশ নারী জটিলতার সম্মুখীন হন। ৯ শতাংশ নারীর বেলায় তিনটি বা তারও অধিক জটিলতা দেখা দেয়।২০০১ সালের মাতৃমৃত্যু জরিপ মতে, প্রসব-জটিলতায় ৫৩ শতাংশ মানুষ সেবা খুঁজত। বর্তমান জরিপ মতে, ৬৮ শতাংশ সেবা খোঁজে। তবে জটিলতার শিকার নয় হাজার ৬৯ জন নারীর মধ্যে দক্ষ চিকিৎসা-সহায়তাকারীর মাধ্যমে সেবা নেন মাত্র ২৬৪ জন নারী। বাড়িতে প্রসবের মধ্যে মাত্র ৪ দশমিক ৪ শতাংশ দক্ষ ব্যক্তির সহায়তা পান।সংশ্লিষ্ট একাধিক চিকিৎসক জানান, প্রসবপূর্ব ও পরবর্তী খিঁচুনি, বিলম্বিত প্রসব, প্রসব-পরবর্তী রক্তক্ষরণ, গর্ভফুল পেটের ভেতরে বা গর্ভফুলের কিছু অংশ পেটের মধ্যে থেকে যাওয়া, সংক্রমণসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। জটিলতার কারণে নারীরা মারাত্মক রক্তস্বল্পতা, তলপেটে ব্যথা, ফিস্টুলা, জরায়ু নিচের দিকে নেমে যাওয়া, বিষণ্নতা, সন্তান ধারণে অক্ষম, সন্তান লালন-পালনে অক্ষম, স্নায়ুশক্তি নষ্ট হয়ে যাওয়া, স্বামীর সঙ্গে যৌনমিলনের সময় সমস্যা হওয়াসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হন। অনেক নারী তালাকপ্রাপ্ত হন, অনেকে আত্মহত্যার পথও বেছে নেন।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় চালু হওয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) ফিস্টুলা সেন্টারে ভর্তি ফরিদপুরের লাইলী প্রথম আলোকে বলেন, ‘১৮ বছর ধরে অনবরত প্রস্রাব পড়ে। স্বামী আরেক বিয়ে করেছে। স্বামীর সঙ্গে থাকতে পারি না বলে খালি মারে।’ লাইলী জানান, ১৩ বছর বয়সে তাঁর বিয়ে হয়। প্রসবের সময় দাই বাড়িতে বাচ্চা পেট থেকে বের করার জন্য আপ্রাণ চেষ্টা চালান। এতে পেটেই তাঁর বাচ্চা মরে যায়। পরে হাসপাতালে মৃত সন্তান পেট থেকে বের করা হয়।ফিস্টুলা সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে রোগী ভর্তি হয়েছে ১০৭ জন। অন্যদিকে এ মেডিকেলের অ্যাকলাম্পশিয়া ওয়ার্ডের দেওয়া তথ্যমতে, চলতি মাসে গতকাল পর্যন্ত রোগী ভর্তি হয়েছে ৮৪ জন। ওয়ার্ডের কর্মরত ব্যক্তিরা জানালেন, খিঁচুনি হলে সাধারণত গর্ভের বাচ্চা মরে যায় অথবা সময়ের আগেই বাচ্চাটিকে বের করতে হয়। যথাযথভাবে প্রসবপূর্ব সেবা নিলে এ জটিলতা রোধ করা সম্ভব হতো।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফেরদৌসী ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অদক্ষ দাইয়ের কাছে প্রায় ৮০ ভাগ প্রসবই হচ্ছে বাড়িতে। ফলে জটিলতা হবেই। বাড়িতে দক্ষ ব্যক্তির হাতে প্রসব বা হাসপাতালে প্রসবের সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নেই।’স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির প্রথম আলোকে বলেন, ‘গর্ভসংক্রান্ত জটিলতা কমানোর জন্য ধাত্রী নিয়োগ, দক্ষ সহায়তাকারীর (স্কিলড বার্থ অ্যাটেনডেন্ট) প্রশিক্ষণ, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীদেরও এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়াসহ সরকার বিভিন্নমুখী কর্মসূচি পরিচালনা করছে।’একজন স্বপ্নার ইতিহাস: কুমিল্লার চৌদ্দগ্রামের গৃহবধূ স্বপ্না বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অষ্টমতলার একটি ওয়ার্ডে। স্বপ্নার দেওয়া তথ্যমতে, প্রথম বাচ্চা পেটে আসার পর গ্রামের হোমিও চিকিৎসককে দেখান ও ওষুধ খাওয়া শুরু করেন। হঠাৎ পানি ভাঙা শুরু হলে দাইকে ডাকা হয়। জরায়ুর মুখ না খুলতেই দাই হাত ঢুকিয়ে বাচ্চা বের করার চেষ্টা করেন। বাচ্চার মাথার কিছু অংশ বের হয়ে তা আটকে যায়। সে অবস্থায় তাঁকে নিয়ে শুরু হয় দৌড়াদৌড়ি। বাচ্চা পেটের মধ্যেই মারা যায়। এ অবস্থায়ও শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে অস্ত্রোপচারের অনুমতি মেলেনি। স্বাভাবিক প্রসবের আশায় কয়েকটি ক্লিনিক ঘুরে অবশেষে অস্ত্রোপচার করে মৃত সন্তান বের করা হয়। প্রচুর রক্তক্ষরণে শরীর ফ্যাকাসে হয়ে পড়ে, প্রচণ্ড জ্বর হয় ও শরীর ফুলে যায়। শরীরে দিতে হয় ২৬ ব্যাগ রক্ত। সব মিলে এ পর্যন্ত স্বপ্নার পেছনে খরচ হয়েছে চার লাখ টাকা। স্বামী খরচের কিছু অংশ দিলেও স্বপ্নার মায়ের পরিবারকেই দিতে হচ্ছে বাকি খরচ।বিএসএমএমইউয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা শারমিন প্রথম আলোকে বলেন, ‘দাইয়ের টানাটানি, অদক্ষ ব্যক্তির হাতে অস্ত্রোপচারের কারণে স্বপ্নার জরায়ুতে পচন ধরায় তা কেটে ফেলতে হয়েছে। অস্ত্রোপচারের জায়গা দিয়ে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হচ্ছে। উচ্চমূল্যের ও উচ্চমাত্রার ওষুধ দিয়ে সংক্রমণ কমানোর চেষ্টা চালানো হচ্ছে।’ ফারজানা শারমিন আরও বলেন, ‘স্বপ্নার আর মাসিক হবে না, মাও হতে পারবে না। এই বয়সে মাসিক বন্ধ-পরবর্তী সমস্যাগুলো সহ্য করতে হবে।’স্বপ্না ক্ষীণকণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘দাই টানাটানি না করলে বাচ্চাটা হয়তো বাঁচত। কিন্তু নতুন বউ হিসেবে কিছুই বলতে পারিনি।’মায়েদের দুর্ভোগ নিয়ে একটি গবেষণা: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ চাঁদপুর জেলার মতলবে ‘প্রসবসংক্রান্ত দীর্ঘমেয়াদি অসুস্থতা: বাংলাদেশের গ্রামাঞ্চলের নারীদের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট’ শীর্ষক একটি গবেষণা করে। ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৯ জন মায়ের ওপর এই গবেষণা করা হয়। এতে দেখা যায়, তাঁদের চারজনের ফিস্টুলা, চারজনের প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারা এবং ১১ জনের জরায়ু নিচে নেমে গিয়েছিল। এ গবেষণার সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর রাশেদা খান প্রথম আলোকে বলেন, ফিস্টুলা ও প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারা নারীদের সব সময় লজ্জায় থাকতে হয়। তাঁরা দীর্ঘদিন ধরে ন্যাকড়া ব্যবহার করছেন। এই ন্যাকড়া শুকানো, সবাই দেখে ফেলল কি না ইত্যাদি নিয়ে ইতস্তত থাকতে হয়। কারও সঙ্গে ঝগড়া হলে এই নারীদের ‘মুতুনী’ বা ‘ন্যাকড়া পিন্দুনী’ বলেও গালি দেওয়া হয়। সব ধরনের সামাজিক যোগাযোগ বন্ধ হয়ে একাকী হয়ে পড়েন তাঁরা। নিজেদের অপবিত্র মনে করেন বলে ধর্মীয় আচার-আচরণও ঠিকমতো করতে পারেন না।’