প্রসবের আগে নারীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ১২ মার্চ নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে নারীস্বাস্থ্য বিষয়ে সিএসডব্লিউর সভায় যে সাতটি সুপারিশ গৃহীত হয়েছে, তার মধ্যে নারীর ক্ষমতায়নের মাধ্যমে মাতৃত্ব ঝুঁকি ও মাতৃমৃত্যু রোধের বিষয়টি অন্যতম। আমাদের দেশে মাত্র ১৩ শতাংশ নারী প্রসবকালে দক্ষ ধাত্রীর সেবা পাচ্ছেন। প্রসবপূর্ব পরীক্ষার জন্য অধিকাংশ নারীই হাসপাতালে যান না। শতকরা ১৪ ভাগ নারী গর্ভাবস্থায় স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনের হাতে শারীরিকভাবে নির্মম নির্যাতনের শিকার হন। স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের দেওয়া তথ্যানুযায়ী যাতায়াতের অব্যবস্থা ও চিকিৎসার অপ্রতুলতার কারণে ১২ থেকে ১৫ হাজার প্রসূতি প্রতিবছর মারা যাচ্ছেন। সেই সঙ্গে প্রতিবছর জন্মের চার সপ্তাহের মধ্যে এক লাখ ২০ হাজার নবজাতকের মৃত্যু হয়। প্রসবকালীন জটিলতায় ১৯ শতাংশ নারী কোনো সহায়তা পান না।জাতিসংঘের ওয়ার্ল্ডস চিলড্রেন রিপোর্ট ২০০৯ অনুযায়ী বাংলাদেশের ৩৪ শতাংশের বেশি মেয়ের ইচ্ছা বা অনিচ্ছায় ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়। ১৩ থেকে ১৫ বছর বয়সী এসব কিশোরী মা গর্ভাবস্থার নিয়মকানুন না জানার কারণে প্রসবকালীন জটিলতায় ভোগেন। তার ওপর আছে স্বামী ও তাঁর পরিবারের লোকজনের অবহেলা। অনেকে বলে থাকেন, সন্তান জন্মদান প্রাকৃতিক প্রক্রিয়া। এর জন্য এত বিচলিত হওয়ার কিছু নেই। সময় হলে নারী স্বয়ংক্রিয়ভাবেই সন্তান জন্মদানে সক্ষম। পঞ্চগড়ের বোদা উপজেলার কমরেড ফরহাদ কমিউনিটি হাসপাতালে দুজন গর্ভবতীর সঙ্গে কথা বলে জানা গেল—সহিদা খানম (ছদ্মনাম) ১৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। দুই বছর আগে প্রথম সন্তান জন্মের পরই মারা যায়। গ্রামের এক ধাইয়ের হাতে আগেরবার বাড়িতেই তাঁর প্রসব করানো হয়। মেয়ে হয়েছিল। মেয়ে মারা যাওয়ায় স্বামী বা শাশুড়ি কেউই খুব কষ্ট পাননি। তাঁরা ছেলেসন্তান আশা করেন। এবারও সেই আগের ধাইকেই বলা হয়েছে। কিন্তু সহিদা তাঁর সইয়ের সহায়তায় হাসপাতালে এসেছেন। তাঁর পাশে আর কেউ নেই। সই হাতপাখা দিয়ে তাঁকে বাতাস করছেন। সহিদা বললেন, ‘ছেলে হলে ওরা আসবে বলেছে।’মাসুমা বেগমের (ছদ্মনাম) পাশে বসে আছেন তাঁর শাশুড়ি ও বড় বোন। মাসুমার এবারই প্রথম সন্তান হতে যাচ্ছে। শাশুড়ির ইচ্ছা ছিল না হাসপাতালে দুনিয়ার লোকজনের মধ্যে ঘরের বউ বাচ্চা প্রসব করুক। তা ছাড়া হাসপাতালে এলেই খরচ। হাতে কোনো টাকা পয়সা নেই। মাসুমার বোনও বললেন নিজের কথা। তাঁর তিনটি সন্তানের মধ্যে কেবল শেষেরটিই বেঁচে আছে। শেষেরবার তিনিও মরতে মরতে কোনোমতে বেঁচে উঠেছেন। তা কেবল হাসপাতালে এসেছিলেন বলেই। আগের দুটোই নাড়ি কাটার পর ধনুষ্টংকারে মারা গেছে। ভয়াবহ অভিজ্ঞতা থেকেই নিজের বোন আর বাচ্চাটিকে বাঁচানোর জন্য একরকম জোর করেই হাসপাতালে নিয়ে এসেছেন। কিন্তু মাসুমার শরীরের অবস্থা মোটেও ভালো নয়। পা ফুলে ঢোল হয়ে আছে। চোখ গর্তের মধ্যে। ঠোঁট ফ্যাকাশে। বাচ্চা প্রসবের জন্য শরীরে যেটুকু শক্তির প্রয়োজন, তা মাসুমার আছে বলে মনে হলো না।দেশে বিভিন্ন স্তরে সরকারি ও বেসরকারি প্রসূতিসেবা কার্যক্রম চালু থাকলেও বাংলাদেশের শতকরা ৮৫ ভাগ প্রসবই প্রতিবেশী কোনো ধাইকে দিয়ে করানো হয়। জটিল প্রসবগুলো প্রচলিত ব্যবস্থায় করতে গিয়ে বিফল হওয়ায় প্রসূতিসহ শিশুও মারা যায়। প্রসূতিবিশেষজ্ঞ সালিমা জাহান বলেন, এ ছাড়া যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হচ্ছে প্রসবপূর্ব প্রস্তুতি; বিশেষ করে, অর্থের সংস্থান। এমনও দেখা গেছে, প্রসূতি জন্মদানের সময় ভ্যান বা অন্য কোনো যানে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পথের খরচ জোগাতে পারছেন না। অনেক স্বামীর সংগতি থাকলেও তা বাড়তি খরচ বিবেচনা করে স্বাভাবিক উপায়ে বাড়িতেই সন্তান জন্মের অপেক্ষা করতে থাকেন। ততক্ষণে হয় প্রসূতি মারা যান, না হয় সন্তান। কোনো কোনো সময় দুজনই। জরিনা খাতুনের পরপর চার মেয়ে। স্বামীর অবস্থাও ভালো। গর্ভে সন্তান আসার পর শ্বশুরবাড়ির সবাই তাঁর খাওয়া-দাওয়ার প্রতি যত্ন নেন। উপজেলা হাসপাতালে নিয়মিত চেকআপে যান। কিন্তু পাঁচ-ছয় মাসের দিকে যখন আলট্রাসনোগ্রাম করে জানতে পারেন পেটে মেয়ে আছে, তখন কেউ তাঁকে আর আগের মতো যত্ন করেন না। ছেলে ছেলে করে চারটা মেয়ে হয়েছে। জরিনা আর সন্তান চান না। কিন্তু জরিনা ছেলে জন্মদানে অপারগ বলে শাশুড়ি তাঁর ছেলেকে আবার বিয়ে দিতে চাচ্ছেন।হয়তো একদিন এ দেশে গর্ভবতী মায়ের প্রতি পরিবারের সবাই সচেতন ও যত্নবান হয়ে উঠবেন, কিন্তু যত দিন না হয়, তত দিন গর্ভবতী নারীর নিজেকে প্রসবের আগে অল্প অল্প করে কিছু অর্থ সঞ্চয় করতে হবে। এ শুধু নিম্নবিত্ত নারীদেরই সমস্যা নয়, অনেক মধ্যবিত্ত নারীও চূড়ান্ত মুহূর্তে অর্থসংকটে অসুবিধায় পড়ে যান। পরিবারকল্যাণ ও স্বাস্থ্যকর্মীরা যাঁরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসেন, তাঁরা দরিদ্র গর্ভবতী নারীদের এ বিষয়ে পরামর্শগুলো দিতে পারেন। সরকারি হাসপাতালের সাব-সেন্টারগুলোয় নারীরা গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিতে এলে চিকিৎসকেরাও প্রসবের প্রস্তুতি রাখতে ভবিষ্যৎ মায়েদের পরামর্শ দিতে পারেন। নিম্নমধ্যবিত্ত বা মধ্যবিত্ত যেসব গৃহবধূ নারী মা হতে চলেছেন, কৌশলে তাঁরাও কিছু কিছু জমাতে শুরু করবেন। ফারহানা (ছদ্মনাম) শিক্ষিত বিবাহিতা। বয়স ২৮ বছর। উপার্জন করেন না। স্বামী ভালো চাকরি করেন। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে ছোট মেয়েটিকে কোলে নিয়ে বাইরে বসে অন্য মায়েদের সঙ্গে গল্প করছিলেন, ‘মেয়েটা হওয়ার আগে আমার শাশুড়ি কথায় কথায় কেবলই বলতেন, ওনার সব বাচ্চা বাপের বাড়িতে হয়েছিল। আমার স্বামীকেও কয়েকবার বলেছিলেন আমাকে বাবার বাড়ি রেখে আসতে। কিন্তু আমি যেতে রাজি হইনি। আমার মেয়েটা হয়েছিল সাত মাসে। ওকে একটা প্রাইভেট ক্লিনিকে ভেন্টিলেশনে রাখতে হয়েছিল ১৫ দিন। চিকিৎসকেরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন। প্রতিদিন সাত হাজার টাকা করে খরচ হচ্ছিল শুনে আমার শ্বশুর বলেছিলেন, বাঁচবেই না যখন, কী দরকার এত খরচের! আমার শাশুড়ি আমার বাবার কাছে বলেন, আমার ছেলের এত খরচ হলো, শেষে আমার বাবা আমার স্বামীর হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়েছিলেন।’