প্রসূতি মায়েরা সেবা পাচ্ছেন না মা ও শিশুকল্যাণ কেন্দ্রে
কুষ্টিয়া শহরের বাড়াদি এলাকার বাসিন্দা হুমায়রা বেগম। তিনি জানান, সন্তান পেটে আসার পর থেকেই কার্ড করে ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত সেবা নিয়ে আসছেন। সর্বশেষ ১৮ এপ্রিল হাসপাতালে সেবা নিতে গেলে তাঁকে হাসপাতাল থেকে জানানো হয়, সিজার করতে হবে। কিন্তু এ হাসপাতালে সিজার করা সম্ভব নয়। হুমায়রা বলেন, ‘দীর্ঘদিন ধরে সেবা নিয়ে আসছি এখানে, এখন কেন শেষ সেবাটুকু পাব না।’সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বিছানায় একজন নারী নবজাতক নিয়ে শুয়ে আছেন। জানা গেল, তাঁর নাম আম্বিয়া খাতুন। বাড়ি সদর উপজেলার পোড়াদহ এলাকায়। তিনি জানান, এখানে তাঁর সিজার করে ছেলে সন্তান হয়েছে। এ জন্য তাঁকে অ্যানেসথেসিয়া (অবেদনবিদ) চিকিৎসককে তিন হাজার টাকা দিতে হয়েছে।শুধু অ্যানেসথেসিয়া চিকিৎসক না থাকায় ২০ শয্যার কুষ্টিয়া মা ও শিশুকল্যাণ কেন্দ্র কার্যত বন্ধ আছে। সারি সারি ফাঁকা শয্যাগুলো পড়ে আছে, রোগী নেই। জেলা শহরে সদর হাসপাতালের কাছেই অবস্থিত এই মা ও শিশুকল্যাণ কেন্দ্র থেকে মায়েরা সেবা পাচ্ছেন না। এ অবস্থা চলছে প্রায় এক বছর ধরে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময় অ্যানেসথেসিয়া চিকিৎসককে বদলি করা হয়। এরপর এ পদে আর চিকিৎসক দেওয়া হয়নি। এখানে ডেলিভারি, সিজারিয়ান অপারেশন, লাইগেশনসহ বিভিন্ন জন্মনিয়ন্ত্রণের অস্ত্রোপচার হতো। এখন এসব সেবা বন্ধ। এ কারণে গর্ভবতী মায়েরা তেমন কোনো চিকিৎসাসেবা পাচ্ছেন না, তবে প্রতি মাসে ৩০-৩৫টা সাধারণ ডেলিভারি করা হয়।বর্তমানে এখান থেকে পরিবারকল্যাণ পরিদর্শকেরা দম্পতিদের অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির বিষয়ে পরামর্শ দিচ্ছেন। কনডম ও জন্মনিরোধক বড়ি বিতরণ করছেন। তারাই রোগী দেখছেন এবং ছোটখাটো বিভিন্ন পরামর্শ ও ওষুধ দিচ্ছেন।হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আযম জানান, এখানে অ্যানেসথেসিয়া চিকিৎসক ছাড়া কোনো লোকবল বা ওষুধের অভাব নেই, তবে সব প্যাথলজিক্যাল টেস্ট এখানে হয় না। আলট্রাসনো, এক্স-রে, ইসিজির মতো গুরুত্বপূর্ণ সেবা এখানে নেই। চারজন পরিবারকল্যাণ পরিদর্শক আছেন, তাঁরাই মূলত ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। জরুরি ভিত্তিতে এখানে একজন অ্যানেসথেসিয়া চিকিৎসক দেওয়া দরকার।