প্রস্তাবিত টেলিযোগাযোগ (সংশোধিত) আইন, ২০১০ পাস হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত ও মারাত্মক অস্থ্থিরতা তৈরি হবে। তাই আইনটি সংসদে পাস হলে বিনিয়োগের নিরাপত্তার স্বার্থে আদালতে যাবে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো।প্রস্তাবিত আইনে যেকোনো অপরাধে সর্বোচ্চ ৩০০ কোটি টাকা জরিমানা এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তারের যে বিধান রাখা হয়েছে, তার জোর আপত্তি জানিয়েছে দেশের ছয়টি মোবাইল ফোন কোম্পানি। তারা প্রশাসনিক ও বিচারিক ক্ষমতার বিরুদ্ধে আপিল করার সুযোগ, লাইসেন্সের শর্ত পরিবর্তনের একক ক্ষমতা না রাখা এবং জাতীয় বাজেটে সিমের ওপর ধার্য কর কমানোর দাবি জানিয়েছে।গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানের এক হোটেলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকল অপারেটর ইন বাংলাদেশ (অ্যামটব)। ‘সংসদে উত্থাপিত বিল এবং বাজেটে টেলিযোগাযোগ খাতের শুল্ক কাঠামো’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে প্রতিটি মোবাইল ফোন অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।সরকারি মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকও বেসরকারি অপারেটরের সঙ্গে প্রস্তাবিত আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অপারেটররা ২০০১ সালে প্রণীত মূল টেলিযোগাযোগ আইনটি বহাল রাখার পক্ষে।গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেশজেদাল বলেন, সংশ্লিষ্ট সবার আপত্তির পরও ওই আইন পাস হলে বিষয়টি নিয়ে অপারেটরদের আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে আরও কঠিন সিদ্ধান্ত নেবেন তাঁরা। বিনিয়োগের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নিশ্চয়ই প্রতিটি কোম্পানির মূল প্রতিষ্ঠান বিষয়টি পর্যালোচনা করবে। সে ক্ষেত্রে নতুন বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্পূর্ণ বিনিয়োগ তুলে নেওয়া হবে কি না, সে বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি ওডভার।বাংলালিংকের সিইও আহমেদ আবু দোমা বলেন, বিনিয়োগকে ঝুঁকির মধ্যে রেখে কেউ কখনো কাজ করতে পারে না। এ ক্ষেত্রে আইন ও নীতির মাধ্যমে যেমন ঝুঁকি কমানোর বিষয় রয়েছে, তেমনি সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ কার্যকর করতেও একটি স্থিতিশীল পরিবেশ দরকার। তা না হলে দীর্ঘমেয়াদের কথা বিবেচনা করে বিনিয়োগ করা সম্ভব নয়।ওয়ারিদের সিইও ক্রিস টবিট বলেন, ‘আমাদের বিশ্বাস, এ রকম অযৌক্তিক আইন সংসদে পাস হবে না। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করার পর এখন এমন আইন পাস হলে গ্রাহকসেবা ঝুঁকির মধ্যে চলে যাবে।’রবির ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কোহেনার বলেন, অপারেটরগুলো হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। এখন যদি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা না যায়, তাহলে সবকিছুই এলোমেলো হয়ে যাবে।লাইসেন্সের শর্তাবলি পরিবর্তনের একক ক্ষমতা নিয়েও প্রতিবাদ করেছে অ্যামটব। ওডভার হেশজেদাল বলেন, লাইসেন্সের শর্তাবলীর ওপর নির্ভর করেই একটি প্রতিষ্ঠান তার স্বল্প ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা করে থাকে। কিন্তু এসব শর্তের হঠাৎ হঠাৎ পরিবর্তনে বিনিয়োগ পরিকল্পনা ভেস্তে যাবে।অ্যামটবের সভাপতি জাকিউল ইসলাম জানান, প্রস্তাবিত আইনে ২১টি ধারা এবং উপধারায় সর্বোচ্চ ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। মূল আইনে একই অপরাধে সর্বোচ্চ জরিমানা ছিল ১০ লাখ টাকা। তিনি বলেন, দক্ষিণ এশিয়াসহ প্রতিবেশী কোনো দেশেই এত বেশি জরিমানার বিধান নেই। পাকিস্তানে একটি ধারায় সর্বোচ্চ ২৮ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। আর ভারতসহ অন্যান্য দেশে জরিমানার সর্বোচ্চ সীমা পাঁচ লাখ টাকা।গ্রামীণফোনের ওডভার বলেন, টেলিযোগাযোগের অপরাধকে ফৌজদারি দণ্ডবিধির মধ্যে নিয়ে আসা অযৌক্তিক। বিনা সমনে গ্রেপ্তার করার সুযোগ রাখাকেও দেশের প্রচলিত আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করে তিনি বলেন, কোনো যন্ত্রাংশ জব্দ করার ক্ষমতাও তদন্ত কর্মকর্তাকে দেওয়া হচ্ছে। কিন্তু তদন্ত বা অন্য কোনো বিষয়ে বিন্দুমাত্র আপত্তি বা আপিল জানানোর সুযোগ রাখা হচ্ছে না। তিনি মনে করেন, এতে এ আইনের অপব্যাবহারের সুযোগ তৈরি হবে। অ্যামটব টেলিযোগাযোগ-সংক্রান্ত অপরাধ আমলযোগ্য না করার আবেদন জানায়।সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী বলেন, অতিমাত্রার শুল্ক ও আইনি জটিলতার কারণে এমনিতেই টেলিযোগাযোগ খাতে অস্থিরতা রয়েছে। এরপর আইনটি পাস হলে এই খাত পুরোটাই অস্থির হয়ে যাবে। এ থেকে বেরিয়ে আসতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সরকারকেই সবচেয়ে বেশি সহযোগিতা করতে হবে।সামাজিক দায়বদ্ধতা তহবিলকেও নিজেদের ওপর বড় বোঝা হিসেবে দেখছে অপারেটররা। অ্যামটব সভাপতি বলেন, যেসব দেশে অনেক দুর্গম এলাকা রয়েছে বা যেখানে অপারেটররা নেটওয়ার্কের বিস্তার করতে চায় না, সেখানে এই ফান্ডের মাধ্যমে সরকারই টেলিনেটওয়ার্ক গড়ে তোলে। কিন্তু বাংলাদেশে ৯৯ শতাংশ এলাকায় ইতিমধ্যে মোবাইল ফোনের নেটওয়ার্ক পৌঁছে গেছে। অপারেটররা তাহলে কী চান—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গ্রামীণফোনের সিইও বলেন, নতুন করে আইন সংশোধনের কোনো প্রয়োজন নেই। ২০০১ সালে প্রণীত বিদ্যমান টেলিযোগাযোগ আইনটিই যথেষ্ট কার্যকর। এটা বহাল রাখাই যুক্তিযুক্ত। আর একান্তই যদি কোনো পরিবর্তন করতে হয়, তাহলে সেটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ও অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে করা যেতে পারে। তিনি বলেন, আইন পরিবর্তনের বিভিন্ন পর্যায়ে অ্যামটব বেশ কিছু সুপারিশ করলেও সরকার তা আমলে নেয়নি। সরকারের শতভাগ মালিকানার অপারেটর টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান অ্যামটবের বক্তব্য ও দাবিগুলোকে টেলিটকের বক্তব্য হিসেবে সমর্থন করেন।প্রসঙ্গত, আজ বুধবার এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন মোবাইল অপারেটরের শীর্ষ নেতারা। একই বিষয়ে আগামী শনিবার টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গেও অ্যামটবের বৈঠক হবে বলে জানা গেছে। ১৩ জুন সংসদে উত্থাপিত বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।