প্রস্তাবিত টেলিযোগাযোগ বিলে আপত্তি অ্যামটবের
জাতীয় সংসদে উত্থাপিত টেলিযোগাযোগ (সংশোধিত) আইন-২০১০ বিলটি বর্তমান অবস্থায় পাস হলে আদালতে তা চ্যালেঞ্জ করবে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকল অপারেটর ইন বাংলাদেশ (অ্যামটব)। একই সঙ্গে এই বিলে যেকোনো অপরাধে সর্বোচ্চ ৩০০ কোটি টাকা জরিমানা এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তারের যে বিধান রয়েছে, সেটিসহ আরও কয়েকটি ধারার ব্যাপারে আপত্তি জানিয়েছে তারা।দেশের ছয়টি মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব আজ মঙ্গলবার রাজধানী এক হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছে। ‘সংসদে উত্থাপিত বিল এবং বাজেটে টেলিযোগাযোগ খাতের শুল্ক কাঠামো’ শীর্ষক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিটি মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তারা।অ্যামটবের দাবি, সংশোধনের অপেক্ষায় থাকা আইনটি এ খাতে মারাত্মক অস্থ্থিরতা তৈরি করবে। ফলে বিদেশি বিনিয়োগেও বড় রকমের প্রভাব পড়বে। ভেঙে যাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন। অ্যামটব মনে করে, ২০০১ সালে প্রণীত বিদ্যমান টেলিযোগাযোগ আইনটিই যথেষ্ট কার্যকর। এটিই বহাল রাখার পক্ষে তারা। সরকারি মালিকানাধীন অপারেটর টেলিটকও অন্য অপারেটরের সঙ্গে প্রস্তাবিত বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেশজেদাল বলেন, প্রস্তাবিত এই আইনে টেলিযোগাযোগের অপরাধকে ফৌজদারি দণ্ডবিধির মধ্যে নিয়ে আসা অযৌক্তিক। এ ছাড়া যেকোনো অপরাধে তদন্ত কর্মকর্তা প্রয়োজনে সংশ্লিষ্ট যে কাউকে গ্রেপ্তার করতে পারবেন—বিলের এই বিধান দেশের প্রচলিত আইনের সঙ্গে অসামাঞ্জস্যপূর্ণ বলে দাবি করেন তিনি। তিনি বলেন, প্রস্তাবিত আইনে বিনা পরোয়ানায় একটি কোম্পানির সর্বোচ্চ ব্যক্তিকে (সিইও) পর্যন্ত গ্রেপ্তারের সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু অপারেটরদের তদন্ত বা অন্য কোনো বিষয়ে বিন্দুমাত্র আপত্তি জানানোর সুযোগ পাবেন না। এতে করে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে আইনের অপব্যবহারের সুযোগ তৈরি হবে।