প্রস্তাবিত পদ্মা সেতুর চূড়ান্ত নকশা অনুমোদন
প্রস্তাবিত পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত নকশা অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। প্রস্তাবিত এই সেতুটি দ্বিতল এবং ৯ মাত্রার ভূমিকম্প সহনশীল হবে বলে মন্ত্রী জানিয়েছেন।আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আজ পদ্মা বহুমুখী সেতুর ভূকম্পন সহনশীলতা এবং বিশদ নকশা হংকংয়ে সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে।’তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবরণীতে জানানো হয়, সেতুর নকশা প্রণয়নে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান এইকমের হংকং কার্যালয়ে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার বৈঠক হয়। এতে সেতু বিভাগের কর্মকর্তা, সেতু নির্মাণে গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্য ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মিলে চূড়ান্ত নকশা অনুমোদন করেন।সেতু বিভাগের সচিব মোশররফ হোসেন ভূঁইয়া, বিশেষজ্ঞ কমিটির সদস্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বুয়েটের উপাচার্য এ এম সফিউল্লাহ, জাপানের অধ্যাপক ইউজু ফুজিনু, কেনজি ইশিরহারা, রবিন শ্যাম, কেন হুইলার, ডেভিড কোপার এবং মেথিও কারর্টরাইট বৈঠকে উপস্থিত ছিলেন।সৈয়দ আবুল হোসেন আজ সাংবাদিকদের বলেন, নকশা চূড়ান্ত হওয়ায় সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগ ও নির্মাণকাজ শুরু করা যাবে। সেতু বিভাগ এরই মধ্যে মূল সেতু নির্মাণে প্রাকযোগ্যতা যাচাই সম্পন্ন করেছে। নদীশাসন ও সংযোগ সড়কের জন্যও প্রাথমিক দরপত্র আহ্বান করেছে।মন্ত্রী দাবি করেন, আগামী সেপ্টেম্বর মাসে উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা ঢাকায় আসবেন এবং চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে ঋণচুক্তি স্বাক্ষরিত হবে। এর পরই নির্মাণকাজ শুরু হবে।