প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী: দেলোয়ার
প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী বলে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, বাজেটে অর্থমন্ত্রী ভালো ভালো কথা বললেও তা বাস্তবায়ন করতে পারবেন না। আগের অর্থবছরের বাজেটও তাঁরা বাস্তবায়ন করতে পারেননি।আজ বৃহস্পতিবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। তবে তিনি জানান, এটা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া নন। বাজেট বিষদভাবে পর্যালোচনা করে পরে দলের পক্ষ থেকে পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া জানাবে বিএনপি।খোন্দকার দেলোয়ার বলেন, ‘সরকার গতবার যে বাজেট দিয়েছিল, তা বাস্তবায়ন করতে পারেনি। অর্থমন্ত্রীর বক্তব্য ও তথ্য-উপাত্তই তার প্রমাণ।’ তিনি বলেন, ‘আমি খুব মনযোগ দিয়ে পড়তে পারিনি। তবে যতটুকু পড়েছি, তাতে উপাত্তগুলো অস্পষ্ট। বাজেট অস্পষ্ট আবরণে আচ্ছাদিত।’বিএনপির মহাসচিব বলেন, ‘কীভাবে মূল্য সংযোজন করসহ (মুসক) করগুলো জনগণের ওপর বর্তাচ্ছে, তা কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে না। শুভঙ্করের মারপ্যাঁচ আছে এতে। বাজেটটি আমাদের কাছে পরিষ্কার নয়।’ তিনি দাবি করেন, সরকার জ্বালানি ও বিদ্যুত্ খাতকে যথাযথ গুরুত্ব দেয়নি। এই খাতে সরকার মোট বাজেটের মাত্র ৪ দশমিক ৬ শতাংশ বরাদ্দ দিয়েছে। এটা পর্যাপ্ত নয়।