প্রস্তাবিত বাজেট একই সঙ্গে অপ্রতুল ও উচ্চাভিলাষী: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে একই সঙ্গে অপ্রতুল ও উচ্চাভিলাষী বলেছে বিএনপি। প্রস্তাবিত বাজেট বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের চাহিদার তুলনায় বাজেটের আকার অপ্রতুল, তবে বাস্তবায়নের ক্ষমতা অনুযায়ী এটা উচ্চাভিলাষী।আজ সোমবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির অবস্থান তুলে ধরেন এম কে আনোয়ার। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে করের আওতা যেভাবে বাড়ানো হয়েছে, তাতে দরিদ্র মানুষের ভোগান্তি বাড়বে।১০ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেদিন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় নানা কথা বললেও বিএনপির অবস্থান পরে তুলে ধরা হবে বলে তিনি জানিয়েছিলেন। আজ বিএনপির সেই অবস্থানই তুলে ধরা হলো।এম কে আনোয়ার বলেন, প্রস্তাবিত বাজেট কথার ফুলঝুরি মাত্র। এটা অনেকটা সুলিখিত রূপকথার মতো। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার স্তরে স্তরে বিএনপি সম্পর্কে অসত্য তথ্য দেওয়া হয়েছে। এম কে আনোয়ার বিদ্যুত্, শিক্ষা, স্বাস্থ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য, জনশক্তি রপ্তানি, জলবায়ু পরিবর্তন প্রভৃতি বিষয়ে বিএনপির ব্যাখ্যা তুলে ধরেন।