প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ অর্থবছরের জন্য ঘোষিত প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়। এই বাজেটে সাধারণ ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য কোনো সুখবর নেই। বাজেট গতানুগতিক ও গত বছরের পুনরাবৃত্তি মাত্র। এটা বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব হবে না।প্রস্তাবিত বাজেট সম্পর্কে এমন মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তাঁরা জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, প্রয়োজনের তুলনায় একে বড় বাজেট বলা যায় না। কিন্তু এই বাজেট সরকার বাস্তবায়ন করতে পারবে না। সেদিক থেকে এটা বড় বাজেট। বাস্তবায়নের জন্য সরকার যেভাবে অর্থ সংগ্রহের কথা বলছে, তা বাস্তবায়িত হবে না। ফলে অর্থসংকটের কারণে বাজেট অবাস্তবায়িত থাকবে। তিনি বলেন, প্রবৃদ্ধি নিয়ে সরকার মিথ্যাচার করছে। যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে তা অর্জন সম্ভব নয়।বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এই বাজেট ধনীদের জন্য সহায়ক, কিন্তু গরিবদের জন্য অতিরিক্ত বোঝাস্বরূপ। তিনি বলেন, বাজেটে পরোক্ষ করের আওতা বাড়ানো হয়েছে। এটা বাজেটের প্রায় ৭০ শতাংশ। আর প্রত্যক্ষ করের আওতা মাত্র ৩০ শতাংশ। অথচ এটা উল্টো হলে জনগণের ওপর চাপ কম পড়ত।মাহাবুবুর রহমান বলেন, বাজেটের কারণে সাধারণ ও দরিদ্র মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। দ্রব্যমূল্য ও যোগাযোগ-ব্যয় বাড়বে। মুদ্রাস্ফীতি বাড়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠবে। তিনি বলেন, অর্থমন্ত্রীর এই বাজেট উচ্চাভিলাষী। এত বড় বাজেট বাস্তবায়ন কঠিন হবে। কেননা দেশের সামষ্টিক অর্থনীতি অত্যন্ত খারাপ।স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বাজেটে তেমন কিছু নেই। নতুন করে আলোচনা করার মতো কোনো উপাদান পাওয়া যায়নি। এত বড় ঘাটতি বাজেট কীভাবে বাস্তবায়িত হবে, তার কোনো দিকনির্দেশনা পাওয়া যায়নি। তিনি বলেন, এটাকে রুটিন বাজেট বলা যায়। প্রতিবছর একটা বাজেট দিতে হবে তাই দেওয়া। এই বাজেট দেশের সাধারণ মানুষের জীবনমান আরও নষ্ট করবে। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটে নতুনত্ব কিছু নেই। সবই পুরোনো। গতানুগতিক এই বাজেট দিয়ে দেশের মানুষের তেমন কোনো কল্যাণ হবে না। একে গত বছরের বাজেটের পুনরাবৃত্তি বলা যায়। ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টি কেবল স্বপ্ন হয়ে থাকবে। তিনি বলেন, বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমবে। অথচ করের বোঝা মারাত্মকভাবে চেপে বসবে।