সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী খালেদা জিয়ার দেওয়া প্রস্তাবের ৭০ শতাংশই বাজেটে আছে
প্রস্তাবিত বাজেট প্রয়োজনের তুলনায় কিছুই না
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মোটেও উচ্চাভিলাষী নয়। এই বাজেট দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য অপরিহার্য। বিশাল জনগোষ্ঠীর বিশাল চাহিদা। তার তুলনায় প্রস্তাবিত বাজেট প্রয়োজনের তুলনায় কিছুই না। অর্থমন্ত্রী বলেন, গ্যাস, বিদ্যুত্সহ নানা সংকট মেটাতে দরকার আরও বেশি অর্থের। বাজেট-উত্তর এক সংবাদ সম্মেলনে গতকাল শুক্রবার অর্থমন্ত্রী এসব কথা জানান। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রী ১৫০০ সিসির বেশি গাড়ির শুল্ক কমানো, সিএনজির দাম বাড়ানোসহ বিভিন্ন বাজেট প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরেন। পুরো সংবাদ সম্মেলনই ছিল মূলত প্রশ্ন ও উত্তরনির্ভর। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে পাশে নিয়ে অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করেন। এ সময় সামনে আরও বসা ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রমুখ। সংবাদ সম্মেলনের শুরুতেই দেশের পরিসংখ্যান ব্যবস্থার দুর্বলতা এবং একে উদ্ধার করার সংকল্পের কথা জানিয়ে বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী। এর পরই চলতি অর্থবছরের রাজস্ব আদায় এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হারের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি অর্থমন্ত্রী এ-ও বলেন, ‘বাস্তবায়নের সমস্যা তো আমরাই বলি। তবে অন্যবারের তুলনায় বাস্তবায়ন ভালো। যে যা-ই বলুন না কেন, সামনে আরও ভালো হবে।’ অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে এবার আলাদাভাবে নজর দেওয়া হয়েছে। শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নের বিশদ উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। খালেদা জিয়ার বিকল্প বাজেট প্রস্তাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটের জন্য বিরোধী দল যেসব প্রস্তাব করেছে, সেগুলোর ৭০ শতাংশই তাঁর বক্তব্যে রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ আগে থেকেই ছিল, বাজেট বক্তৃতায় আরও ২০ শতাংশ রয়েছে। আস্তে-ধীরে বাস্তবায়ন হবে এগুলো। এ প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে এবার। অতীতে বাজেট উপস্থাপনের আগেই বিরোধী দল বলত ‘গণবিরোধী বাজেট’ আর সরকারি দল বলত ‘গণমুখী বাজেট’। এবার তা হয়নি। এমনকি কোনো মিছিলও বের হয়নি। তিনি বলেন, ‘তবে আগ বাড়িয়ে কেউ কেউ বলছেন, গণমুখী নয়, বাস্তবায়নযোগ্য নয় ইত্যাদি। বাজেট উপস্থাপনের আগেই কেউ কেউ টেলিভিশনে রেকর্ড করেছেন। এটা খুবই দুঃখজনক।’ বিরোধী দল বাজেট উপস্থাপনের দিন সংসদে যোগ না দিলেও অন্তত বাজেট আলোচনায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, বিরোধী দলকে সংসদে আসার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সরকারি দলের আন্তরিকতার কোনো অভাব ছিল না। আশা করা যায়, বিরোধী দল সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাজেটের পরিবর্তন বা পরিমার্জনের বিষয়ে প্রস্তাব রাখবে। আগামী অর্থবছরের জন্য মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশ প্রাক্কলন করাটাকে উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। এ নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, বাজেট উচ্চাভিলাষী নয়। তবে বাস্তবায়নের ব্যাপারে তাঁর যে নিজেরও সংশয় রয়েছে, তা বাজেটেই উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা যে ৬ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে ধরা হয়েছে, দক্ষতার সঙ্গে চালিয়ে নিতে পারলে এটি তেমন কোনো কঠিন কাজ নয়। জাতির আকাঙ্ক্ষা, স্বপ্ন ও নেতৃত্ব—তিনটিই নির্ভর করছে দক্ষতা বৃদ্ধির ওপর। গবেষণা সংস্থাগুলো গঠনমূলক সমালোচনা করে না বলে পাল্টা অভিযোগ করেন অর্থমন্ত্রী। সদা হাস্যময় অর্থমন্ত্রী খানিকটা উষ্মা প্রকাশ করে টেবিল চাপড়ে বলেন, ‘অর্থনীতিতে বিশ্বব্যাপী একটা সুনামি হয়েছে। ২০০৭-০৮ সালে যে অবস্থানে ছিলাম, আজ সেই অবস্থানে নেই। অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি। কিন্তু এই বিষয়গুলো তারা আলোচনায় আনে না।’ অর্থমন্ত্রী বলেন, ‘যাঁরা বলেন, প্রবৃদ্ধির হার ৭ থেকে ৮ শতাংশ হওয়া উচিত, তাঁরা আসলে বোকার স্বর্গে বাস করছেন। বাস্তবতার কথা তো ভাবতে হবে।’গতবার বাজেট বক্তব্যে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার কথা বললেও বাস্তবে তা হয়নি—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘পাচারের বিষয়টি প্রমাণ করা বড় কষ্ট। কেউ কোনো তথ্য দিতে চায় না। তথ্য দিলেও তার পক্ষে সাক্ষ্য দিতে চায় না। এটি জাতীয় সমস্যা। তবে সরকার সীমিত আকারে কিছু কিছু পদক্ষেপ নিচ্ছে।’ এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) বাস্তবায়নে ঝুঁকি রয়েছে স্বীকার করি। তবে আগামীতে সফল হবে বলেই আমার বিশ্বাস।’ প্রতি পরিবারে একজন করে চাকরি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি ২০২১ সাল পর্যন্ত পরিকল্পনা। অনেকেই না বুঝে এক, দুই বা তিন বছর করে ফেলেছেন। নতুন যন্ত্রপাতি কেনার জন্য এ বছর সামরিক খাতে বরাদ্দ বেড়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। পুঁজিবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দেশীয় পুঁজিবাজার শক্ত হোক। তবে সরকারেরও কিছু পাওয়া উচিত। তাই অত্যন্ত নিম্নহারে কিছু কর ধরা হয়েছে। এতে অন্যায়ের কিছু দেখি না। অর্থমন্ত্রী বলেন, পেট্রলের দামের তুলনায় সিএনজির দাম এক-চতুর্থাংশ কম। সুতরাং এর মধ্যে সমন্বয় থাকা উচিত। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে বাস তৈরি শিল্পকে সংরক্ষণ দেওয়ার জন্যই সিএনজিচালিত বাসের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, শুল্কহারের মধ্যে সমতা আনতেই ১৫০০ সিসির বেশি গাড়ির কর কমানো হয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কৃষকেরা ধান, চাল ও বীজ সংরক্ষণ করেন। কিন্তু বেসরকারি খাতের মাধ্যমে অনেক সময় কৃষকেরা প্রতারিত হন। বিদ্যুৎ না থাকলেও অসুবিধা নেই, জেনারেটর রয়েছে—এমন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কৃষকদের পণ্য হিমাগারে রাখেন মালিকেরা। পরে দেখা যায়, জেনারেটর নেই। তার পরেও দায়িত্ব এড়িয়ে যায়নি সরকার। বাজেটে টিসিবির ব্যাপারে তেমন কিছুই বলা নেই—এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য স্থিতিশীল রাখার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শক্তিশালী করা হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নামের প্রায় মৃত একটি সংস্থাকে। এর চেয়ে বেশি কিছু করার নেই। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, পরিবার পরিকল্পনা খাতটি সাত-আট বছর ধরেই অবহেলিত। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেটের অবস্থা বেশি খারাপ। উত্তরণের চেষ্টা চলছে। সৈয়দ আশরাফুল ইসলাম জানান, আগামী নভেম্বরে সরকার ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের পরিকল্পনা করছে। তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুৎ উত্পাদনে যা কিছু করা হয়েছে, তার ফল পাওয়া যাবে আগামী দিনে। আর ভর্তুকি দেওয়া ছাড়া বিকল্প নেই। বিদ্যুতের দাম সমন্বয় করে এবং বাজেট বরাদ্দের মাধ্যমে ভর্তুকির অর্থ সংগ্রহ করা হবে। নিমতলী ট্র্যাজেডির মতো উদাহরণ থাকা সত্ত্বেও অগ্নিনির্বাপণ খাতে বরাদ্দ কমে গেছে—এ প্রসঙ্গে জবাব দেওয়ার দায়িত্ব দেওয়া হয় অর্থসচিব মোহাম্মদ তারেককে। তিনি বলেন, অনুন্নয়ন ও উন্নয়ন—দুই ব্যয়ই থাকে। অগ্নিনির্বাপণ খাতে এ বছর কমে গেলেও আগামী দিনে বাড়বে।অর্থসচিবের ভাষায়, ‘কালো টাকা সাদা করার বিষয়ে কিছুই বলিনি। আগেই বলেছিলাম, ৩০ জুন শেষ। আর সুযোগ নেই। তবে টাকা কালো-সাদার প্রশ্ন নয়। বিনিয়োগকে উত্সাহ দেওয়া দরকার। তারই অংশ হিসেবে বন্ডে ১০ শতাংশ কর দিয়ে বিনিয়োগের সুযোগ দেওয়া হলো।’