প্রস্তাবিত বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: সিপিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নকেই বড় চ্যালেঞ্জ মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এ ক্ষেত্রে চারটি সুস্পষ্ট ঝুঁকির কথা বলেছে সংস্থাটি। এগুলো হলো—অর্থায়ন ঝুঁকি, বৈদেশিক ঋণের ঝুঁকি, সামষ্টিক অর্থনীতির ঝুঁকি ও রাজনৈতিক ঝুঁকি।সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ প্রসঙ্গে তাঁর বহুল ব্যবহূত গাড়ি চালানোর উদাহরণ টানেন। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী যখন গাড়ি চালাতে চাইবেন তাঁর সিট বেল্টটি অবশ্যই বেঁধে রাখতে হবে।’ জাতীয় বাজেট ২০১১-১২ পর্যালোচনায় অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে আজ শুক্রবার তিনি এ কথা বলেন। এর আগে সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান গোটা বাজেটের বিশ্লেষণ ও পর্যালোচনা গণমাধ্যমের কাছে তুলে ধরেন। দেবপ্রিয় ব্যাখ্যা করেন অর্থমন্ত্রীর সিট বেল্টটা বাধ্যতামূলক হবে রাজস্ব আহরণের ধারা অব্যাহত রাখতে, ব্যক্তি খাতের উত্পাদনে অর্থ সরবরাহের ধারা অব্যাহত রাখতে, কৃষি খাতের উত্পাদন সংহত করতে, রেমিট্যান্স আয়কে চালু রাখতে ও বৈদেশিক সাহায্যকে বেশি পরিমাণে অবমুক্ত করতে। সিপিডি বলেছে, বর্তমান বছরে কৃষিতে গুরুত্বের ক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি খুব সংগতিপূর্ণ মনে হয় না। ২০১১-১২ অর্থবছরের মধ্যে আওয়ামী লীগের সুনির্দিষ্ট চারটি লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। এগুলো হলো ২০১২ সালের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা এবং ২০১১ সালের মধ্যে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করা, প্রাথমিক বিদ্যালয়ে ১০০ ভাগ ভর্তি নিশ্চিত করা ও বিদ্যুত্ উত্পাদন পাঁচ হাজার মেগাওয়াট নিশ্চিত করা। কিন্তু অর্থমন্ত্রীর বক্তৃতায় এর কোনো জবাবদিহিতা পাওয়া যায়নি।সিপিডি আরও বলেছে, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্টভাবে খুব দ্রুতই কর্মসংস্থান সৃষ্টির নীতি তৈরি করার কথা ছিল। যেখানে সময় দিয়ে কত কর্মসংস্থান হবে তার তথ্য দেওয়ার কথা ছিল। কিন্তু দুই বছরে তেমন কোনো নীতি পাওয়া যায়নি। বৈদেশিক ঋণের ঝুঁকির ক্ষেত্রে সিপিডি বলেছে, এ বছর এপ্রিল পর্যন্ত ১৪০ কোটি ডলারের বৈদেশিক সাহায্য ব্যবহার করা গেছে। বলা হচ্ছে, ২৪০ কোটি ডলার পাওয়া যাবে। বাজেট প্রস্তাবনায় আগামী বছর ৩৩০ কোটি ডলার সাহায্য পাওয়া যাবে ধরে নেওয়া হচ্ছে। ফলে ১০০ কোটি ডলার পেতে হবে এবং তা ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে পদ্মা সেতুর অর্থ ছাড় ও ব্যবহারের বিষয়টি আছে। কিন্তু এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ঝুঁকি রয়েছে বলে মনে করে সিপিডি।সামষ্টিক অর্থনীতির ঝুঁকি প্রসঙ্গে সিপিডি বলেছে, যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না হয়, আমদানি-রপ্তানির ভারসাম্য আরও বেশি দুর্বল হয়ে যায়, সুদের হার আরো বাড়তে থাকে, বিনিয়োগ বাধাগ্রস্ত হয়; তাহলে অবশ্যই এক ধরনের ঝুঁকির সৃষ্টি হবে যার রাজস্ব আয় কমে যাবে ও বিনিয়োগ কমতে পারে এবং সরকারের ব্যয় করার ক্ষমতা কমে যাবে।রাজনৈতিক ঝুঁকি প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, রাজনৈতিক ঝুঁকি নিঃসন্দেহে বাড়ছে। একটি সরকার যখন মধ্যমেয়াদে আসে তখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তার নির্বাচনী বাদবাকি প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন। এ বাস্তবায়নে তার দেশে শাস্তি-স্থিতিশীলতা রক্ষা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একধরনের সামাজিক-রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা, বিকাশ ও দারিদ্র্য বিমোচনের মাধ্যমে মধ্য আয়ের দেশের পথের যে অগ্রসরতা তার গুরুত্ব সরকারকে বেশি নিশ্চিত করতে হয় বলে সিপিডির কাছে মনে হয়েছে।