প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-তাইওয়ান সামরিক ক্রয়চুক্তিতে চীনের ক্ষোভ
যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যকার একটি প্রস্তাবিত সামরিক ক্রয়চুক্তিতে চীন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ছয় দশমিক চার বিলিয়ন ডলারের এই প্রস্তাবিত সামরিক ক্রয়চুক্তির মাধ্যমে তাইওয়ান নিজের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নকল্পে যুক্তরাষ্ট্র থেকে উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ও হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছে। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হি ইয়েফাই বলেছেন, এই চুক্তি চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সুদূরপ্রসারি প্রভাব ফেলতে বাধ্য। সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ওপর বাণিজ্য ও সাইবার সেন্সরশিপ বিরূপ প্রভাব ফেলেছে। চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে আসছে। ১৯৪৯ সালের চীনা বিপ্লবের সময় তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায়।চীন সব সময়ই সামরিক হস্তক্ষেপের মাধ্যমে তাইওয়ানকে আবার তার মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার হুমকি দিয়ে এলেও বাস্তবে এ রকম কিছু করেনি।যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের এই সামরিক ক্রয়চুক্তি জর্জ বুশ প্রশাসনের সময়ে প্রথম প্রস্তাব করা হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) মার্কিন কংগ্রেসে এই ক্রয়চুক্তির প্রস্তাব উত্থাপন করে। তবে এই চুক্তি সম্পাদিত হতে কংগ্রেসে নির্দিষ্টসংখ্যক সদস্যের অনুমোদন ও বিশেষ আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে।