প্রস্তুতি ছাড়া ট্রাইব্যুনালে আসেন রাষ্ট্রপক্ষের একাধিক কৌঁসুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময়ের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কয়েকজন কৌঁসুলির প্রস্তুতিহীনতা ও দুর্বলতা প্রকট হয়ে উঠেছে। সম্প্রতি দুটি ট্রাইব্যুনাল তিনজন কৌঁসুলির ওপর এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।বিচার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তিন বছর আগে এ বিচারের শুরু থেকেই বিভিন্ন সময়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের মামলা পরিচালনার দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে আসায় একাধিকবার ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করেছেন। ফেরত দেওয়া হয়েছে আনুষ্ঠানিক অভিযোগও। সে সময় কোনো কোনো কৌঁসুলি বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ একটি নতুন আইন। এ আইনের আওতায় মামলা পরিচালনায় অভিজ্ঞ আইনজীবীও তেমন একটা নেই। ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে মামলা পরিচালনায় তাঁরা দক্ষ হয়ে উঠবেন। কিন্তু সম্প্রতি রাষ্ট্রপক্ষের তিনজন কৌঁসুলির ওপর ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করায় নতুন করে তাঁদের দক্ষতা ও প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে দুই ট্রাইব্যুনালে সাতটি মামলার কার্যক্রম চলছে। রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করছেন ২২ জন কৌঁসুলি। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির মনে করেন, রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের জবাবদিহিতে ঘাটতি আছে। সারা দেশের মানুষ এ মামলাগুলোর দিকে তাকিয়ে আছে। তিনি প্রথম আলোকে বলেন, অনেক কৌঁসুলি ট্রাইব্যুনালে পূর্ণ সময় না দিয়ে বাইরের মামলা করেন। তাঁর মতে, দেশে আরও অনেক অভিজ্ঞ ও দক্ষ আইনজীবী আছে, তাঁদের নিয়োগ দিয়ে রাষ্ট্রপক্ষকে আরও শক্তিশালী ও দক্ষ করা উচিত।২৫ মার্চ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তি উপস্থাপনের সময় রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলির প্রস্তুতিহীনতা প্রকটভাবে ধরা পড়ে। ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন এ মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন এ কে এম সাইফুল ইসলাম। যুক্তি দিতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছিলেন তিনি। ট্রাইব্যুনাল নানা প্রশ্ন করলে তিনি সেগুলোর সদুত্তর দিতে পারছিলেন না। এতে অসন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনাল বলেন, যুক্তি উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষের যথাযথ প্রস্তুতি নেই, যথেষ্ট ঘাটতি রয়েছে। যদি যুক্তি দিয়ে ট্রাইব্যুনালকে সন্তুষ্ট করতে না পারেন, তাহলে রায়ে তার প্রতিফলন ঘটবে।তবে সাইফুল ইসলাম দাবি করেছেন, যুক্তি উপস্থাপনের জন্য তাঁর প্রস্তুতি ছিল। জানতে চাইলে গত সোমবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ‘ওনারা (ট্রাইব্যুনাল) কেন মনে করেছেন আমার প্রস্তুতি ছিল না, সেটা ওনাদের ব্যাপার। প্রেজেন্টেশনের মাঝখানে বারবার তাঁরা বলেছেন, এটা তাঁরা জানেন। এতে মুড নষ্ট হবেই।’গণমাধ্যমের সামনে নিজেদের দায় ঢেকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা যে ট্রাইব্যুনালের সমালোচনা করেন—২৫ মার্চ ট্রাইব্যুনাল তা-ও জানিয়ে দেন এই কৌঁসুলিকে। ট্রাইব্যুনাল বলেছিলেন, ‘রায় মনঃপূত না হলে আমাদের সমালোচনা করবেন, টক শোতে আমাদের ছাড় দেবেন না। ক্যামেরার সামনে ক্ষিপ্ত হবেন। সেখানে বলবেন, আমরা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি, কিন্তু রায় ঠিক হয়নি।’গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। এ রায়ে অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের প্রায় সব কৌঁসুলি গণমাধ্যমকে বলেছিলেন, রাষ্ট্রপক্ষ পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করলেও ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাঁরা এ রায় মানেন না।এর আগে ১৯ মার্চ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নূরজাহান মুক্তার ওপর অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। ওই দিন তিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও সময় চেয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। অথচ সময় প্রার্থনার বিষয়টি তিনি লিখিত আবেদনে উল্লেখই করেননি। ট্রাইব্যুনাল বলেন, আবেদনের কোথাও সময় চাওয়া হয়নি, তাহলে কীভাবে বোঝা যাবে যে রাষ্ট্রপক্ষের সময় দরকার?রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা যে প্রস্তুতি না নিয়ে মামলা পরিচালনা করেন, ১৯ মার্চ তা উল্লেখ করেন ট্রাইব্যুনাল-১। ওই দিন জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর জবানবন্দি নিচ্ছিলেন কৌঁসুলি মীর ইকবাল হোসেন। মামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন কিছু কথা জবানবন্দিতে বলায় তিনি বারবার সাক্ষীর ওপর বিরক্ত হচ্ছিলেন। একপর্যায়ে সাক্ষীও বিরক্ত হন। বাংলাদেশ কবে স্বাধীন হয়—কৌঁসুলির এমন প্রশ্নে সাক্ষী বিরক্ত হয়ে বলেন, ‘হবে এক দিন।’ওই সাক্ষীর জবানবন্দি শেষে ট্রাইব্যুনাল বলেন, ‘সাক্ষ্য নেওয়ার ব্যাপারে আপনাদের অনেক আগ্রহ আছে। কিন্তু সাক্ষ্য নেওয়ার আগে সাক্ষীকে প্রাথমিক পরীক্ষা করার একটা নিয়ম আছে, সেটা মনে হয় আপনারা করেন না।’ কৌঁসুলি তখন দাবি করেন, কাঠগড়ায় তোলার আগে তাঁরা সাক্ষীদের পরীক্ষা করেন। ট্রাইব্যুনাল বলেন, কিন্তু সাক্ষীদের বক্তব্য শুনলে তা মনে হয় না।সম্প্রতি আরেক কৌঁসুলি ট্রাইব্যুনালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। ২৪ মার্চ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুমকে ট্রাইব্যুনাল-১-এর এক সদস্য বলেন, কাউকে বিকৃত নামে ডাকা উচিত নয়। কৌঁসুলি তাঁকে পাল্টা জবাব দেন, ‘আপনি আমাকে দেখতে পারেন না কেন? কারণে-অকারণে ধমকান!’ কৌঁসুলির এ আচরণে এজলাসে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যান। পরে অবশ্য ওই কৌঁসুলি ট্রাইব্যুনালের কাছে দুঃখ প্রকাশ করেন।এর আগেও অপরিকল্পিত কাজের খেসারত দিতে হয়েছে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের। জামায়াতের সাবেক আমির গোলাম আযম, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও কামারুজ্জামানের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ ‘অবিন্যস্ত ও অগোছালো’ হওয়ায় প্রথমবার ফেরত দিয়েছিলেন ট্রাইব্যুনাল-১। পরে সেগুলো পুনর্দাখিল করতে হয়।তবে ভালো প্রস্তুতি ও মামলা পরিচালনায় দক্ষতার জন্য ট্রাইব্যুনালের কাছ থেকে প্রশংসিতও হয়েছেন রাষ্ট্রপক্ষের কয়েকজন কৌঁসুলি। বিচার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাঁদের মধ্যে আছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী, রানা দাশগুপ্ত, সুলতান মাহ্মুদ ও সদ্য নিয়োগপ্রাপ্ত তুরিন আফরোজ।