প্রস্তুতি নিচ্ছে ধর্মভিত্তিক দলগুলোও
বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আরও কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ইসলামী ঐক্যজোট হরতাল দেওয়ার পক্ষে বলে দলটির প্রধান মুফতি ফজলুল হক আমিনী প্রথম আলোকে বলেছেন।সম্মিলিত ইসলামী ও সমমনা ১১ দল দেশের বিশিষ্ট আলেমদের নিয়ে সম্মেলন করে ধর্মভিত্তিক দাবিদাওয়া নিয়ে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে।কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদ এবং চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও একই রকম দাবি নিয়ে মাঠে নামতে চায়।দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মাসের শেষ অথবা অক্টোবরের প্রথম ভাগে মাঠে নামার পরিকল্পনা রয়েছে তাঁদের। তাঁরা পৃথক কর্মসূচি দেবেন। তবে তাঁদের মধ্যে সমন্বয় থাকবে।আর জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামতে চায়। এ জন্য দলটি প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্র জানায়।জানতে চাইলে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিরোধী দলের পিঠ দেয়ালে ঠেকে গেছে। কয়েক দিনের মধ্যে আমরা (চার দল) বসে জনগণের স্বার্থ উদ্ধারের জন্য বৃহত্তর কর্মসূচি দেব।’জামায়াতসহ কয়েকটি ধর্মভিত্তিক দল ও সংগঠন রোজার আগ পর্যন্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দেওয়া ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার প্রতিবাদে কর্মসূচি পালন করে আসছিল। সমমনা ১১ দল: আগামী মাসে দেশের বিশিষ্ট আলেমদের নিয়ে জাতীয় ওলামা সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে ‘সম্মিলিত ইসলামী ও সমমনা ১১ দল’। সম্মেলন থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে এই মোর্চার একজন নেতা জানিয়েছেন।সমমনা ১১ দলের শরিক দলগুলো হলো: বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ইসলামী ঐক্য আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ মুসলিম লীগ ও ন্যাপ (ভাসানী)। পরে এর সঙ্গে ছোট আরও কয়েকটি সংগঠন যুক্ত হয়।ইসলামী ঐক্যজোট: ইসলামী ঐক্যজোট আগামী মাসের শুরুর দিকে এক দিনের হরতাল দেওয়ার চিন্তাভাবনা করছে।জানতে চাইলে দলটির প্রধান মুফতি ফজলুল হক আমিনীও এ কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই হরতাল হবে সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দেওয়া ও টুপির অবমাননা করার জন্য।’ইসলামী ঐক্যজোট বিএনপির নেতৃত্বাধীন চার দলের শরিক। দলটি গত ৪ এপ্রিল এক দিনের হরতাল পালন করেছিল।ইসলামী ঐক্যজোটের শরিক দলগুলোর মধ্যে আছে—খেলাফতে ইসলামী, ওলামা কমিটি, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও ফারায়েজী জামাত।ইসলামী আন্দোলন বাংলাদেশ: চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই সংগঠনটি শিগগির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক আহ্বান করবে বলে জানান দলের মহাসচিব ইউনূছ আহমাদ। ওই বৈঠকে নতুন কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।জানতে চাইলে দলটির ঢাকা মহানগরের সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, ‘অন্যরা মাঠে নামলে আমরাও নিশ্চয়ই ঘরে বসে থাকব না।’ ইসলামী ঐক্য পরিষদ: সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদকে সক্রিয় করতে উদ্যোগ নেওয়া হয়েছে। চারদলীয় জোটের শরিক ধর্মভিত্তিক একটি দলের এক নেতা এ উদ্যোগ নিয়েছেন। ওই নেতা প্রতিবেদকের কাছে এ কথা স্বীকার করেছেন। তবে তিনি এ মুহূর্তে পত্রিকায় নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি। ওই নেতা বলেন, সংগঠন পরিচালনার জন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক চট্টগ্রামে ও সদস্যসচিব কুমিল্লায় বাস করায় সাংগঠনিক কর্মসূচিতে ব্যাঘাত ঘটছে। তাই কর্মসূচি ঘোষণা ও পালনের সুবিধার্থে ঢাকায় একজন নির্বাহী আহ্বায়ক ও নির্বাহী সদস্যসচিবের পদ সৃষ্টি করা হয়েছে। কওমি মাদ্রাসাকেন্দ্রিক ১১টি ধর্মভিত্তিক দল ও সংগঠন এই মোর্চার শরিক। এ বছরের শুরুর দিকে জাতীয় শিক্ষানীতি ও নারীনীতিবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে মোর্চাটি গঠন করা হয়। এর আহ্বায়ক হলেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি আহমদ শফি। তিনি একই সঙ্গে হেফাজতে ইসলামেরও সভাপতি।সর্বদলীয় ইসলামী ঐক্য পরিষদের নেতা ও হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা আবদুল মালেক হালিম প্রথম আলোকে জানান, কৌশলগত কারণে তাঁরা ইসলামী ও সমমনা ১১ দলের সঙ্গে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার চিন্তা করছেন।